এপ্রিল ১৭, ২০২০ ১২:৫৬ Asia/Dhaka
  • কথাবার্তা: আমেরিকায় মৃত্যু মিছিল, একদিনে মারা গেছে সাড়ে ৪ হাজারের বেশি

১৭ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • এক দিনে করোনায় মৃত্যু ১৫ জনের, নতুন শনাক্ত ২৬৬ -দৈনিক প্রথম আলো
  • চাল চুরির ঘটনা বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দেয়: মির্জা ফখরুল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • করোনাভাইরাস মানুষেরই তৈরি, তাই প্রকৃতি মেনে নেবে না!-দৈনিক কালেরকণ্ঠ
  • বিএমটিএফের অল্টারনেটিভ ভ্যান্টিলেটরের সফল পরীক্ষা সিএমএইচে-দৈনিক ইত্তেফাক
  • রেমডেসিভির’ প্রয়োগে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা আক্রান্তরা-দৈনিক মানবজমিন
  • করোনাভাইরাস
  • যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ হাজার জনের মৃত্যু-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:         

  • করোনা-আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছুঁইছুঁই, দেশে মৃত বেড়ে ৩৭৭-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • লকডাউনে মিলছে না ত্রাণ, খিদের জ্বালায় থাকালা হাতে রাস্তায় বিক্ষোভ করেছে গ্রামবাসীরা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • এবার ১২ ঘন্টা করে কাজ করতে হবে সরকারি কর্মীদের !অর্ডিনান্স আনতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার-দৈনিক আজকাল

এক দিনে করোনায় মৃত্যু ১৫ জনের, নতুন শনাক্ত ২৬৬ -দৈনিক প্রথম আলো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২৬৬ জন।

দেশে করোনায় এক দিনে মৃত্যু এই সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ৭৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ জন। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত আক্রান্তের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০০ জনের বেশি। বাকিরা বাসায় বা কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন। আইসিইউ সাপোর্ট নিয়েছেন ২৭ জন।

আজ বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ১০ জনের মৃত্যু হয়। আর আক্রান্ত শনাক্ত হয় ৩৪১ জনের।

চাল চুরির ঘটনা বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দেয়: মির্জা ফখরুল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে চাল চুরির মহোৎসব চলছে। তিনি বলেন, চাল চুরির এই ঘটনা বঙ্গবন্ধুর শাসনামলের কথা মনে করিয়ে  দেয়। বঙ্গবন্ধু বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমরা পেয়েছি  চোরের খনি।  শুক্রবার  বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে এ কথা বলেন মির্জা ফখরুল। সরকার এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণকে সিরিয়াসলি  নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। বিএনপির এই মুখপাত্র বলেন, সরকার ও দায়িত্বশীল মন্ত্রীরা  দেশের বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয় না। করোনায় লক্ষণ নিয়ে হটলাইনে কল যাচ্ছে লক্ষাধিক, কিটের অভাবে পরীক্ষা করা হচ্ছে না। বহু আগে থেকেই বিএনপি বারবার যে ধরনের আশঙ্কার কথা বলে এসেছে,  সেটাই এখন দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পুরো দেশকে।

করোনাভাইরাস মানুষেরই তৈরি, তাই প্রকৃতি মেনে নেবে না!-দৈনিক কালেরকণ্ঠ

করোনাকে নিয়ে সারা সবার নজর এখন চীনের দিকে। করোনাভাইরাস প্রকৃত সৃষ্ট না বরং মানবসৃষ্ট জৈব রাসায়নিক বোম বলে অভিযোগ করেছেনে অনেকে। এবার করোনাকে মানবসৃষ্ট ভাইরাস বলে দাবি করছেন এইচ আইভির আবিষ্কারক লুক মন্টাগনিয়ার।

শুরু থেকেই চীন বলে আসছে করোনা ভাইরাস প্রকৃতির পরিবর্তনের ফসল। উহানের এক বন্য প্রাণীর বাজার থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি। তবে এ নিয়ে এখন পর্যন্ত একাধিকবার অভিযোগ উঠেছে।  এইচআইভির আবিষ্কারক ড. লুক মন্টাগনিয়ার বলছেন করোনা মানুষের তৈরি ভাইরাস। ভাইরাসটি দুর্ঘটনাবশত ল্যাব থেকে বাইরে এসেছে। এরই মধ্যে চীনা গবেষকরা স্বীকার করেছেন তারা এইচআইভির ভ্যাকসিন তৈরিতে করোনাভাইরাস ব্যবহার করেছে।

বিএমটিএফের অল্টারনেটিভ ভ্যান্টিলেটরের সফল পরীক্ষা সিএমএইচে-দৈনিক ইত্তেফাক

করোনা ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ায় সারাবিশ্বেই সবচেয়ে প্রয়োজনী যন্ত্র হয়ে দাঁড়িয়েছে ভ্যান্টিলেটর। যুক্তরাষ্ট্রের মতো দেশও ভেন্টিলেটর সংকটে ভুগছে। আমাদের দেশে যা আছে তা অপ্রতুল। আর এমন এক অবস্থায় আশার কথা শোনালো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)।

প্রতিষ্ঠানটি জানায়, কনভেনশনাল ভেন্টিলেটরের বদলে অল্টারনেটিভ ভেন্টিলেটর উদ্ভাবন করেছে তারা। আজ ঢাকার সিএমএইচ হাসপাতালে পরীক্ষামূলক ব্যবহারও করা হয়েছে এই ভেন্টিলেটর।

বিএমটিএফ জানায়, দেশের বর্তমান আর্টিফিশিয়াল ভেন্টিলেটরের পরিসংখ্যান সংগ্রহের পর তাদেরকে বানানোর দায়িত্ব দেয়া হয়। ইঞ্জিনিয়ারদের সহযোগিতা নিয়ে দুই সপ্তাহের প্রচেষ্টায় কোভিড-১৯ রোগীদের আইসিইউ-তে ভেন্টিলেট করার মতো একটি প্রোভেন্টিলেটরে রূপান্তর করতে সক্ষম হয়। মেকানিকাল ভেন্টিলেটর এ থাকা দুইজন রোগীর (করোনা আক্রান্ত নয়) উপর এর প্রত্যক্ষ পর্যবেক্ষণে প্রয়োগও করা হয়। রোগীর পর্যবেক্ষণের সময় রোগীর সকল ভাইটাল প্যারামিটার সমূহ স্থিতিশীল পাওয়া যায়, যা অত্যন্ত উৎসাহ ব্যাঞ্জক। এই যন্ত্রটির কিছু ফাইন টিউনিং করা প্রয়োজন দেখা দেয় যা নিয়োজিত ইঞ্জিনিয়ারদের দ্বারা টিউনিং করা সম্ভব বলে জানিয়েছেন।

রেমডেসিভির প্রয়োগে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা আক্রান্তরা-দৈনিক মানবজমিন

করোনা ভাইরাসের (কভিড-১৯) বিরুদ্ধে পরীক্ষামূলক একটি ওষুধ প্রয়োগে আশা জাগানিয়া ফল পাওয়া গেছে। রেমডিসিভির নামের ওই ওষুধ গ্রহণের পর সাধারণ রোগীদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা। কয়েকদিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে বাড়ি যেতে পারছেন তারা। ওষুধটি নিয়ে পরীক্ষা চালানো চিকিৎসকদের মধ্যকার একটি ভিডিও কনফারেন্সের বরাত দিয়ে বৃহস্পতিবার স্ট্যাট নিউজের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

বিশ্বের প্রায় প্রত্যেক অংশে বিস্তার লাভ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আক্রান্ত করেছে ২১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় দেড় লাখ। এখন পর্যন্ত ভাইরাসটির কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি।

তবে বিশ্বজুড়ে শত শত প্রতিষ্ঠান ও গবেষকের দল টিকা তৈরিতে কাজ করছে। এর মধ্যে মানব দেহে পরীক্ষা শুরু হয়েছে বেশকিছু টিকার। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের আগে বাজারে আসার কোনো সম্ভাবনা নেই কোনো টিকার। এমতাবস্থায় রেমডিসিভির ব্যবহারে রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠার খবর অত্যন্ত আশা জাগানিয়া।

করোনার কাছে আরও অসহায় আমেরিকা, একদিনে মৃত্যু সাড়ে ৪ হাজার!-দৈনিক নয়াদিগন্ত

করোনা  তাণ্ডবে আরও বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে  মৃতের সংখ্যা ভয়ঙ্কর হারে বাড়ছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার বেড়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি ও পিটিআই’র বরাত দিয়ে আউটলুক ইন্ডিয়া।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ নতুন মৃত্যু হয়েছে ৪,৪৯১ জনের, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২,৯১৭ জন!

তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬১৭।

সিএনএনও জানিয়েছে, করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। তবে সবশেষ ২৪ ঘণ্টার হিসেব তুলে ধরেনি তারা। একদিনে দেশটিতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৯০ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার। করোনায় মৃত্যুর মিছিল বেশি নিউ ইয়র্কে। প্রদেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৭১ জন। ‘সম্ভাব্য’ নতুন মৃতের সংখ্যা জানানো হয় ৪,১৪১ জন।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র। এই হার কমার কোনও নমুনা দৃশ্যত না দেখা গেলেও চলমান লকডাউন ‘ধাপে ধাপে’ উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় এখন পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত ২১ লাখ ৮২ হাজারেরও বেশি। মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে।মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছে ২২ হাজার ১৭০ জন। এদিকে, আক্রান্তে দ্বিতীয় স্থানে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তে তৃতীয়স্থানে আছে ইতালি, ১ লাখ ৬৯ হাজার ছুঁই ছুঁই দেশটির আক্রান্তের সংখ্যা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মে মাসের প্রথম সপ্তাহে সংক্রমণের শিখরে পৌঁছতে পারে দেশ, ইঙ্গিত কেন্দ্রের মূল্যায়নে-দৈনিক আনন্দবাজার পত্রিকা

দ্বিতীয় দফার লকডাউন চলছে দেশ জুড়ে। তার মধ্যেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যাও। সেই উদ্বেগ আরও বাড়িয়ে কেন্দ্রের একটি সূত্র দাবি করল, মে মাসের প্রথম সপ্তাহে করোনা সংক্রমণের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে দেশ। তবে লকডাউনের জেরে যে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে, তাও মনে করছেন স্বরাষ্ট্র  মন্ত্রকের আধিকারিকরা।

জানুয়ারি মাসে প্রথম দেশে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। মার্চে এসে সেই সংক্রমণ অনেকটাই বেড়ে যায়। তার পর ২৫ মার্চ প্রথম দফায় ১৪ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩ মে পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। দু’দিন আগেই করোনার হটস্পটগুলি চিহ্নিত করে এলাকাগুলি সিল করে জীবাণুমুক্ত করার কাজ চলছে। এই পুরো বিষয় নিয়ে কেন্দ্র একটি অভ্যন্তরীণ মূল্যায়ন শুরু করেছে।

সেই মূল্যায়নের সঙ্গে জড়িত কেন্দ্রের এক পদস্থ আধিকারিক একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘পরের এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেশে করোনার পরীক্ষা ব্যাপক হারে বাড়ানো হচ্ছে। যাঁদের জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে, তাঁদের টেস্ট করা হবে।’’

তবলিঘি জামাত প্রধান মওলানা সাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করল ইডি -দৈনিক আজকাল

:‌ তবলিঘি জামাত প্রধান মওলানা সাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। যত তাড়াতাড়ি সম্ভব সাদকে ইডি অফিসে জেরার জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে দিল্লির নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে ধর্মীয় জমায়েত করার  অভিযোগ ওঠে মওলানা সাদের বিরুদ্ধে। সেই সময় জমায়েতে যোগ দিতে আসা জামাত সদস্যদের একটি বাড়িতে রাখা হয়েছিল। এবার সেইসব বিষয় নিয়েই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি। জমায়েতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজামুদ্দিনের ঘটনায় মওলানা সাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আগেই। এবার তাতে ৩০৪ ধারা সংযোজন করা হল।

 আর দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে,আমাদের খেতে দিন নাহলে বাড়ি যেতে দিন, আরজি হায়দরাবাদের পরিযায়ী শ্রমিকদের

লকডাউনের জেরে দেশের বিভিন্ন স্থানে আটকে পরিযায়ী শ্রমিকরা (Migrant Worker)। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের বাড়ি ফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই হায়দরাবাদে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একটি হৃদয় বিদারক ভিডিও বানিয়েছেন। সেই ভিডিওতে তাঁরা সরকারের কাছে বাড়ি ফেরার কাতর আরজি করেছেন। আর তা না হলে তাঁরা যে রাজ্যে আটকে সেই রাজ্যে তাঁদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করে দেওয়ার দাবি করেন।
মাত্র কয়েকদিনের ব্যবধান। লকডাউনের ময়াদ বেড়ে যাওয়ায় বাড়ি ফেরার দাবি জানিয়ে মুম্বইয়ের বান্দ্রার রাস্তায় দেখা গিয়েছিল পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ। সেই বিক্ষোভ থামাতে গিয়ে বেগ পেতে হয়েছিল পুলিশকে। কোনও ধর্ম নয় কোনও বর্ন নয়। তাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন জীবনধারণের প্রয়োজনীয় চাহিদা মেটাতে। তবে সেই বিক্ষোভের পথে না হেঁটে ক্ষোভ প্রশমন করে হায়দরাবাদে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য একটি ভিডিও বানান। সেখানে তাঁরা লকডাউনের দ্বিতীয় পর্বে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বাড়ি ফেরার আরজি জানান। বিহারের পরিযায়ী শ্রমিক বলম রাই, তিনি আটকে বেগমপেটে। তিনি বিহার ও তেলেঙ্গানা সরকারের কাছে আরজি জানান তাঁকে ৩ মে পর্যন্ত পর্যাপ্ত খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করতে। পাশাপাশি প্রশান্তি নগরের পরিযায়ী শ্রমিকেরা সরকারের কাছে গাড়ি জোগাড় করার আবেদন করেন, যাতে তাঁরা হায়দরাবাদ থেকে সহজেই বাড়ি ফিরতে পারেন।

শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।