কথাবার্তা: করোনা তৈরি করেছে চীন-দাবি নোবেলজয়ী ফরাসি বিজ্ঞানীর,বেকায়দায় চীন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- লকডাউনে কৃষক ও ভুখা মানুষের অর্থনীতি-দৈনিক প্রথম আলো
- ‘বঙ্গবন্ধুর খুনি মোসলেম উদ্দিন আটক’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য-দৈনিক ইত্তেফাক
- দেশে করোনায় মৃত্যু ১শ ছাড়িয়েছে, নতুন শনাক্ত ৪৯২-দৈনিক মানবজমিন
- ত্রাণ আত্মসাতের অভিযোগে আরও ১২ জনপ্রতিনিধি বরখাস্ত-দৈনিক যুগান্তর
- যুক্তরাজ্যে সরকারি হিসেবের বাইরেও সাড়ে ৭ হাজার মানুষের প্রাণহানি!-বাংলাদেশ প্রতিদিন
- যুক্তরাষ্ট্রে লকডাউনের বিরুদ্ধে জোরালো হচ্ছে বিক্ষোভ-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- করোনা আক্রান্তদের ৮০ শতাংশই উপসর্গহীন, দুশ্চিন্তায় আইসিএমআর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- কলকাতা-সহ চার মহানগরের পরিস্থিতি ভয়াবহ, সতর্ক করল কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন
- দেশে করোনা–আক্রান্তের সংখ্যা ১৭,০০০ ছাড়াল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. দেশে করোনায় মৃত্যু ১শ ছাড়িয়েছে, নতুন শনাক্ত ৪৯২। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?
২. মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতিই মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার মূল কারণ। এমন বক্তব্য দিয়েছে ইরান। আপনার পর্যবেক্ষণ কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বাংলাদেশের করোনা পরিস্থিতি:
দেশে করোনায় মৃত্যু ১শ ছাড়িয়েছে, নতুন শনাক্ত ৪৯২-দৈনিক মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাারা গেছেন আরো ১০জন। এনিয়ে মৃতের সংখ্যা ১শ ছাড়িয়ে গেলো। ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা।
তিনি জানান, মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯শ ৪৮ জনে। এছাড়া এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০১ জন। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়েছেন।দৈনিকটি আরও লিখেছে, হটস্পট নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ৩০, আক্রান্ত ৪১১।
এ মাসটা আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে-প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
এপ্রিল মাসে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার ঝুঁকির কথা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সতর্কবার্তা আবারো দিয়েছেন তিনি। আজ সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ সতর্কবার্তা দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আগেই বলেছি এপ্রিল মাসটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এপ্রিল মাসটা আমাদের কষ্টের হবে। এ মাসটা আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ইউরোপ-আমেরিকা থেকে বাংলাদেশে করোনা সংক্রমণ কম ছড়ানো এবং কম হতাহতের কথা কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জনগণ যদি আরও সচেতন হয়, নিজেকে আরও সুরক্ষিত করে, তবে বাংলাদেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করা যাবে। রোগের প্রাদুর্ভাবটা যাতে ছড়িযে না পড়ে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
করোনা ভাইরাসের কারণে অনেক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের থাবা এসে পড়েছে।
সবাইকে এ ব্যাপারে সুরক্ষিত থাকতে হবে। আমাদের দেশের অনেকেই এটি ভালোভাবে মানতে চান না। যার ফলে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে। তিনি বলেন, সারাবিশ্ব এই ভাইরাসের কারণে আতঙ্কিত। আমার মনে হয় বিশ্বে এ ধরনের পরিস্থিতি এর আগে কখনো তৈরি হয়নি। বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান মক্কা-মদিনা, মসজিদ, মন্দির, প্যাগোডা সবকিছু বন্ধ। বাংলাদেশেও বিশ্বের একটি দেশ। তাই যথাযথ ব্যবস্থা আমরা শুরু থেকেই নেয়া শুরু করেছি। দৈনিক যুগান্তরের একটি শিরোনামে লেখা হয়েছে, ছুটি বাড়ানো বা লকডাউন বাংলাদেশের জন্য কতটা যুক্তিসঙ্গত?
‘বঙ্গবন্ধুর খুনি মোসলেম উদ্দিন আটক’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য-দৈনিক ইত্তেফাক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি রিসেলদার (বরখাস্ত) মোসলেম উদ্দিনকে ভারতের উত্তর চব্বিশ পরগনায় তার ডেরা থেকে আটক করা হতে পারে। ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় তিনি আটক হয়ে থাকতে পারেন বলে একটি সূত্রের দাবি করে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। তবে এ বিষয়ে নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
করোনা বিশ্ব:
করোনায় বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে, ১,৬০,৭৫৭ জন।আক্রান্ত হয়েছেন,২৩,৩০,৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৫,৯৬, ৬৮৭ জন।
প্রাণঘাতী করোনা ভাইরাস কী চীনের ইচ্ছাকৃতভাবে তৈরি করা ভাইরাস। এনিয়ে তদন্ত করতে চীনে তদন্তকারী পাঠাতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।-দৈনিক সমকাল
রবিবার এনিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনো চায় তদন্তকারী চীনে গিয়ে করোনা ভাইরাসের তদন্ত করুক।তিনি আরও বলেন, আমরা চীনের সঙ্গে কথা বলছি। যেখানে যাওয়ার ব্যাপারে অনেক আগে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা সেখানে যেতে চাই।এর আগে শনিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, করোনা ভাইরাস যদি চীন ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে থাকে তাহলে এর জন্য তাদের ফল ভোগ করতে।এদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ৪০ হাজার ৫৬৫ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটির অবস্থান শীর্ষে
যুক্তরাজ্যে সরকারি হিসেবের বাইরেও সাড়ে ৭ হাজার মানুষের প্রাণহানি!বাংলাদেশ প্রতিদিন
যুক্তরাজ্যে সরকারি হিসেবের বাইরেও কোভিড-১৯ মহামারিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৭ হাজার ৫০০ মানুষ। এ তথ্য প্রকাশ করেছে দেশটির একটি চ্যারিটি।
কেয়ার ইংল্যান্ড নামের ওই সংস্থাটি জানিয়েছে, গত ১লা এপ্রিল থেকে তাদের করা হিসেব অনুযায়ী বৃটেনে বাড়িতে বসে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৫০০ জন।
এতে দেখা গেছে, কোভিড নাইন্টিনে প্রাণ হারিয়েছেন সরকারি হিসেবের বাইরেও প্রায় ৭৫০০ মানুষ। এদিকে এ সপ্তাহে বৃটিশ সরকারের এক হিসেবে জানানো হয় যে, ১৪০০ এর মত বৃটিশ হয়ত কোভিড নাইন্টিনে হাসপাতালের বাইরে প্রাণ হারিয়েছেন। কেয়ার ইংল্যান্ডের হিসেবে পাওয়া মৃতের সংখ্যা এর ৫ গুন প্রায়।
দেশটির গণমাধ্যম ডেলি টেলিগ্রাফকে কেয়ার ইংল্যান্ডের প্রধান নির্বাহী মার্টিন গ্রিন বলেন, যথাযথ পরীক্ষা ছাড়া একদম সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন। তারপরেও আমরা ১লা এপ্রিল থেকে এদেশের মৃত্যু হার দেখেছি। এর সঙ্গে পূর্ববর্তী বছরগুলোর পার্থক্য বের করেছি।
যুক্তরাষ্ট্রে লকডাউনের বিরুদ্ধে জোরালো হচ্ছে বিক্ষোভ-দৈনিক সমকাল
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রজুড়ে যে লকডাউন চলছে তা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। এসব বিক্ষোভের পক্ষে সমর্থন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিপুল সংখ্যক মানুষকে করোনার পরীক্ষা করা হচ্ছে। তাই লকডাউন এখন শিথিল করা যেতে পারে। তবে প্রেসিডেন্টের এমন দাবির বিরোধিতা করেছেন বেশিরভাগ রাজ্যের গভর্নররা।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ১৫৫৩, সংক্রমিত ১৭ হাজারের বেশি-দৈনিক আনন্দবাজার পত্রিকা
লকডাউনের মধ্যেই আজ, সোমবার থেকে কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করেছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। কিন্তু এর মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১৭ হাজার ২৬৫-তে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৫৫৩ জন। সংক্রমণের এই সংখ্যাটা এক দিনে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। করোনা সংক্রমণ সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে।
লকডাউনের শর্ত মানছে না অনেক রাজ্য, কড়া চিঠি পাঠাল কেন্দ্র-দৈনিক আনন্দবাজার পত্রিকা/সংবাদ প্রতিদিন
কেন্দ্রের নির্ধারণ করা লকডাউন সংক্রান্ত শর্তগুলোর বাইরে গিয়ে নিজেদের শর্তের তালিকা তৈরি করছে বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। এমন অভিযোগ ওঠার পরই তাদের চিঠি দিয়ে কড়া বার্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রবিবার এক চিঠিতে জানিয়েছেন, কিছু রাজ্য নিজের মতো করে অত্যাবশ্যকীয় কাজকর্মের তালিকা তৈরি করছে এবং বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিচ্ছে। এটা কোনও ভাবেই হতে দেওয়া যাবে না। ওই চিঠিতে আরও বলা হয়েছে, করোনার সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন সংক্রান্ত যে নিয়ম নির্ধারণ করা হয়েছে, তা যেন কোনও ভাবেই শিথিল না করা হয়। বরং কড়াকড়ি ভাবে সেগুলো প্রয়োগ করুক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো।
করোনা তৈরি করেছে চিন, বিস্ফোরক দাবি নোবেলজয়ী ফরাসি বিজ্ঞানীর-দৈনিক সংবাদ প্রতিদিন
করোনা ভাইরাস নিয়ে আরও বেকায়দায় চিন।আমেরিকার অভিযোগে সিলমোহর দিলেন নোবেলজয়ী ফরাসি বিজ্ঞানী লুক মন্তাজিনিয়ের। তাঁর দাবি, করোনা ভাইরাস মানুষের তৈরি। ইউহানের গবেষণাগারেই তৈরি হয়েছে এই জীবাণু।
২০০৮ সালে HIV ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন লুক মন্তাজিনিয়ের। ফলে তাঁর অভিযোগ ফাঁকা বুলি বা ভিত্তিহীন জল্পনা নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এক ফরাসি সংবাদমাধ্যমে মন্তাজিনিয়ের দাবি করেন, করোনা ভাইরাসের মধ্যে HIV’র পাশাপাশি ম্যালেরিয়ার জীবাণুও রয়েছে। যা অত্যন্ত সন্দেহজনক। কোভিড-১৯-এর যে সমস্ত বৈশিষ্ট্য দেখা গিয়েছে, তা প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে না। তিনি আর জানান, ইউহান ন্যাশনাল বায়োসেফটি ল্যাবেরটরিতে প্রায় দু’দশক ধরে করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে। সম্ভবত, সেখান থেকেই দুর্ঘটনাবশত এই ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়েছে। এদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ‘ইউহান ইনস্টিটিউট অব ভাইরোলজি’র ডিরেক্টর উয়ান ঝিমিং। তিনি সাফ বলেন, “ইনস্টিটিউটে কী ধরনের গবেষণা হয়, ভাইরাস ও অন্যান্য নমুনা কীভাবে সংরক্ষণ করা হয়, তা আমরা জানি। সেজন্য যথেষ্ট কঠোর নিয়মও মেনে চলা হয়। এই ভাইরাসটি যে কোনওভাবেই আমাদের ল্যাব থেকে ছড়ায়নি, সেবিষয়ে আমরা নিশ্চিত।”
করোনা আক্রান্তদের ৮০ শতাংশই উপসর্গহীন, দুশ্চিন্তায় আইসিএমআর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
দেশ জুড়ে এখনও পর্যন্ত যত জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগের মধ্যেই মারণ ভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি। প্রায় একমাস যাবৎ লকডাউনের মধ্যে দেশে আক্রান্ত্রে সংখ্যা যখন ২০ হাজার ছুঁইছুঁই, ঠিক সেইসময়, এমনই তথ্য সামনে আনলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এ গবেষক রমণ আর গঙ্গাখেড়কর। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০