মে ০২, ২০২০ ১১:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনায় আরো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫২-দৈনিক মানবজমিন
  • চারদিনে পাঁচ পুলিশের করোনায় মৃত্যু -দৈনিক প্রথম আলো
  • দেশজুড়ে ৭৪১ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত-দৈনিক সমকাল
  • শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
  • করোনার দ্বিতীয় ঝড় হবে আরও ‘ভয়াবহ’: ব্রিটিশ বিজ্ঞানী -দৈনিক যুগান্তর
  • ১৬ মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড আক্রান্ত ২,২৯৩ জন, মৃত আরও ৭১-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • লকডাউনের মধ্যেই পুণ্যার্থীদের কেদারনাথ যাত্রার অনুমতি দিচ্ছে উত্তরাখণ্ড সরকার!-দৈনিক সংবাদ প্রতিদিন
  • দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৭ হাজার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কয়েক শ' মানুষ এবং প্রতিদিন কয়েকজন করে মারা যাচ্ছে। এর ভেতরেই লকডাউন অনেকটা শিথিল হয়ে গেছে এবং খুব শিগগিরই উঠে যাবে বলে মনে করা হচ্ছে। এটা কতটা যৌক্তিক?
২.ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে আমেরিকা এবং নিজেকে পরমাণু সমঝোতা একটি পক্ষ বলে দাবি করছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর: 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক  (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

বাংলাদেশে করোনায় আরও ৫ জনের মৃত্যুর খবর এসেছে প্রথম আলো, ইত্তেফাক ও যুগান্তরসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে। এখবরে লেখা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৯০ জন।  এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো ৫ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক  (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তবে এ খবরে লেখা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা কমেছে এবং মৃত্যু বেড়েছে।

এদিকে,করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আজ শনিবার আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।  আর মোট আক্রান্ত হয়েছেন আরও ২৩২ পুলিশ সদস্য । দেশজুড়ে ৭৪১ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্ব করোনাভাইরাস পরিস্থিতি:

Image Caption

করোনার থাবায় এ পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ২,৩৯,৬০২ জন, আক্রান্তের সংখ্যা- ৩৪,০১,০০২ জন এবং সুস্থ হয়েছেন ১,০৮১,৬০০ জন।

চিনের উহানের গবেষণাগারে করোনাভাইরাস তৈরি হয়েছে বলে জল্পনা চলছে। সংক্রমণ ছড়ানোর পিছনে চিনের হাত দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার খোদ আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়ে দেয়, কোভিড--১৯ মানুষের তৈরি নয়। সেই আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ফের এক বার জানিয়ে দিল, করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে প্রাকৃতিক ভাবেই। এ খবরটি পরিবেশিত হয়েছে দৈনিক  আনন্দবাজার পত্রিকায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কিত অন্য একটি খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বছরের শুরুতেই করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সারা বিশ্বেই আপত্‍কালীন পরিস্থিতি জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  চীনের উহানে প্রথম করোনাভাইরাস ধরা পড়ার পর চীনে তো বটেই, দেশটির বাইরেও করোনার পরীক্ষা করা হয়েছিল। 

সেই সময় ১০ হাজার জনের পরীক্ষা করা হয়। সংক্রমিত হয়েছিলেন মাত্র ৯৮জন।  তখন একটি মৃত্যুও হয়নি।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণার পরও হুঁশ ফেরেনি কোনও দেশের।  তার ফলস্বরূপ বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে ৩৩ লাখ ছাড়িয়ে গেছে।  শুক্রবার এমনটাই দাবি করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম।

করোনার দ্বিতীয় ঝড় হবে আরও ‘ভয়াবহ’: ব্রিটিশ বিজ্ঞানী -দৈনিক যুগান্তর পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে,

প্রফেসর ক্রিস হোয়াইটি

প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঝড় আরও ভয়াবহ হবে বলে সর্তক করেছেন ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং দেশটির সরকারের চিকিৎসাবিষয়ক উপদেষ্টা প্রফেসর ক্রিস হোয়াইটি। সম্প্রতি অনলাইনে লন্ডনের গ্রেসাম কলেজে দেয়া এক বক্তৃতায় তিনি এ সতর্কবার্তা দেন। ক্রিস হোয়াইটি এই কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। ইংল্যান্ডের স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা এবং জাতীয় স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের (এনআইএইচআর) প্রধানও তিনি। গ্রেসাম কলেজ কর্তৃপক্ষ ক্রিসের বক্তব্যটি তাদের ওয়েবসাইট ও টুইটার পেজে শেয়ার করেছে। অধ্যাপক ক্রিস বলেন, করোনা দ্বিতীয়বার ছড়িয়ে পড়তে শুরু করলে তা প্রথমবারের তুলনায় ‘আরও তীব্র’ হতে পারে এবং শীতকালে এটির সংক্রমণ শুরু হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

অধ্যাপক ক্রিস আরও বলেন, প্রতিটি দেশই লকডাউন ব্যবস্থা শিথিল করার উপায় খুঁজছে। কিন্তু মহামারীটি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কঠিন ভারসাম্য রক্ষা আইন চালু করতে হবে।

তিনি আরও বলেন, এই ভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তি থাকলেও তিনি অন্যদেরকে সংক্রমিত করতে পারেন। এটা নিশ্চিত করা দরকার যে- এই ভাইরাসে আক্রান্ত একজনও নেই। যদি এটা করা সম্ভব না হয়- তাহলে আমরা দ্বিতীয়বার করোনাভাইরাসের তাণ্ডব প্রত্যক্ষ করতে বাধ্য হব। ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ভাইরাসটি থেকে আমরা সম্পূর্ণরূপে নিরাময় না হতে পারলে প্রথমবারের চেয়ে বেশি অক্রান্ত ও মৃত্যু দেখতে হবে। আর এটা হবে আগের তুলনায় কম সময়ে এবং বেশি বিধ্বংসী আকারে।

‘তবে করোনাভাইরাস থেকে মুক্তি লাভের পথ অনেক লম্বা এবং এই রোগ চিরতরে নির্মূল করা প্রযুক্তিগতভাবে অসম্ভব’, যোগ করেন এই অধ্যাপক।

প্রসঙ্গত বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৫৮৬। আক্রান্ত ৩৪ লাখ ৬৭৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৫৯০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যুক্তরাজ্যে ২৭ হাজার ৫১০।

ইতালিতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি

ইতালিতে করোনা : ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আশার আলো-দৈনিক মানবজমিনের এখবরে লেখা হয়েছে, প্রাণঘাতি করোনার থাবায় বিপর্যস্ত  ইতালি যেন এক মৃতনগরী। তবে এবার করোনা ভাইরাসের এই কালো মেঘেও উজ্জ্বল আলোকরেখা  ইতালিতে। সেইসঙ্গে শোনা যাচ্ছে কিছু আশার পূর্বাভাস, ইতালিতে দুর্বল হচ্ছে করোনা।

খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরবে ইতালি। আগামী ৪ই মে লকডাউন শিথিল হবে। দেশটির বিভিন্ন অঞ্চলে পুনরায় ছন্দ ফিরে আসবে।মৃত ও আক্রান্তের সংখ্যা কমে ক্রমশ বাড়ছে সুস্থতার সংখ্যা। প্রতিদিন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন রেকর্ড সংখ্যক করোনা রোগী।গত ২৪ ঘন্টায় দেশটিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৩৪৯ জন করোনা রোগী। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৮ হাজার ২৪৯ জন।

অনাহারের ঝুঁকিতে আফগানিস্তানের ৭০ লাখ শিশু

দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট সংকটে আফগানিস্তানে ৭০ লাখেরও বেশি শিশু অনাহারের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে শিশু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

শুক্রবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত খাবারের দাম বাড়তে থাকায় আফগানিস্তানের জনসংখ্যার এক তৃতীয়াংশ খাদ্যাভাবে পড়তে চলেছে, যার মধ্যে ৭৩ লাখই শিশু। আন্তর্জাতিক সম্প্রদায় যথাসময়ে সঠিক পদক্ষেপ না নিলে দেশটিতে ক্ষুধা, রোগ এবং মৃত্যুর ঝড় বয়ে যাবে ‘সেভ দ্য চিলড্রেন’ এর মুখপাত্র সতর্ক করেছেন।

আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিপ্রায় নেই: চীন-দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে চীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় বলে তিনি যে অভিযোগ করেছেন তার কঠোর জবাব দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নির্বাচনসহ আমেরিকার অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপের বিন্দুমাত্র অভিপ্রায় বেইজিংয়ের নেই। একইসঙ্গে বিবৃতিতে আমেরিকাকে চীনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছিলেন, চীন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে তাকে হারিয়ে দেয়ার পরিকল্পনা করেছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের রেকর্ড

দৈনিক আনন্দবাজারের প্রধান শিরোনাম-২৪ ঘণ্টায় দেশে রেকর্ড আক্রান্ত ২,২৯৩ জন, মৃত আরও ৭১। এ খবরে লেখা হয়েছে, গত কয়েক দিন ধরেই দেড় হাজার থেকে দু’হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল নতুন আক্রান্তের সংখ্যা। শনিবার তা নতুন রেকর্ড স্পর্শ করল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ হাজার ২৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৭ হাজার ৩৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন সারা দেশে করোনায় মৃত ১ হাজার ২১৮ জন।সরকারি হিসাবে, এখন প্রতি দিন দেশে গড়ে প্রায় দু’হাজার লোক নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন। বিভিন্ন রাজ্যেই বাড়ছে সংক্রমণ

খালি পেটে ৩৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক পরিযায়ী শ্রমিক -দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে,বাড়ি ফেরার পথে ফের মর্মান্তিক মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বারওয়ানিতে। 

পরিযায়ী শ্রমিকের একটি দল মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে দু’দিন আগে উত্তরপ্রদেশে বাড়ির পথে রওনা হয়েছিল। লকডাউনের বাজারে কর্মহীন হয়ে পড়েছিল শ্রমিকের দলটি। ফলে বাড়ি ফেরা ছাড়া উপায় ছিল না। গণপরিবহণ বন্ধ। অগত্যা সাইকেলে চেপেই যাত্রা শুরু হয়েছিল। এগারো জনের দলে ছিল তাবারেক আনসারি। বছর পঞ্চান্নর আনসারি মধ্যপ্রদেশের বারওয়ানিতে শনিবার মারা যান।

CRPF ডেরায় প্রকট হচ্ছে করোনা আতঙ্ক, মারণ ভাইরাসে আক্রান্ত ১২৭ জওয়ান-দৈনিক সংবাদ প্রতিদিন

মারণ নোভেল করোনা ভাইরাস থাবা বসিয়েছে সিআরপিএফের ডেরাতে। এক সপ্তাহের মধ্যেই আক্রান্তের সংখ্যাটা একশো ছাড়িয়ে গেল। বর্তমানে মোট ১২৭ জন জওয়ানের শরীরে মিলেছে এই মারণ জীবাণু।  দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে,লকডাউনের মধ্যেই পুণ্যার্থীদের কেদারনাথ যাত্রার অনুমতি দিচ্ছে উত্তরাখণ্ড সরকার!মন্দিরের দরজা আগেই খুলে দেওয়া হয়েছিল। এবার পুণ্যার্থীদেরও কেদারনাথ (Kedarnath) মন্দিরে প্রবেশের অনুমতি দেবে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। এক বেসরকারি সংবাদমাধ্যমের সমাবেশে গিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত (Trivendra Singh Rawat) জানিয়েছেন, ৪ মে অর্থাৎ সোমবার থেকেই উত্তরাখণ্ডের যাত্রীদের কেদারনাথ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে ভিনরাজ্যের পুণ্যার্থীদের এখনই কেদারনাথ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২