মে ০৪, ২০২০ ১২:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে, আরও ৫ জনের প্রাণহানি-দৈনিক যুগান্তর
  • ঈদের আগে সুরক্ষা মেনে কেনাকাটার ব্যবস্থা: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • চলতি মাসেই দেশে আঘাত হানবে অনেক প্রাকৃতিক দুর্যোগ-দৈনিক ইত্তেফাক
  • ‘করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ’-মির্জা ফখরুল -দৈনিক মানবজমিন
  • ছুটি ১৬ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি এবার ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাবে না-কালের কণ্ঠসর্বনিম্ন ফিতরা ৭০ টাকা,
  • সর্বোচ্চ ২২০০ -দৈনিক সমকাল
  • শর্ত দিয়ে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  •  ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৪২ হাজার ছাড়িয়ে গেল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ‘গত ৪০ দিনে পরিস্থিতি খারাপই হয়েছে’, ফের লকডাউন নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • পরিযায়ী শ্রমিকদের ট্রেনের টিকিটের ভাড়া মেটাবে কংগ্রেস’, কেন্দ্রকে তুলোধনা করে টুইট সোনিয়ার -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

মহামারি করোনাভাইরাস

বিচিত্র এক স্তব্ধতা পৃথিবী জুড়ে। এক অদৃশ্য ভাইরাস করোনার দাপটে বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় সেই করোনাভাইরাসের আপডেট খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। একনজরে সেসব খবর দেখে নেয়া যাক।

বাংলাদেশের করোনা আপডেট : 

দেশে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে, আরও ৫ জনের প্রাণহানি-দৈনিক যুগান্তরের এ খবরে লেখা হয়েছে,দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮২ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১০ হাজার ১৪৩ জন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঈদের আগে সুরক্ষা মেনে কেনাকাটার ব্যবস্থা: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনীতির চাকা গতিশীল রাখতে ক্ষুদ্র শিল্প, হাটবাজার চালু করা হচ্ছে। ঈদের আগে কেনাকাটা করার ব্যবস্থাও করা হচ্ছে। করোনাভাইরাসে লকডাউনে গৃহবন্দি থেকে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের আর্থিক সহায়তা দেবে সরকার। তবে সুরক্ষা ও মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা আসবে। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের আটটি জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

চলতি মাসেই দেশে আঘাত হানবে অনেক প্রাকৃতিক দুর্যোগ- দৈনিক ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, চলতি মে মাসে দেশে প্রাকৃতিক দুর্যোগে পরিপূর্ণ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ বছরজুড়ে আসে, চলতি মে মাসেই তার সবই দেখা যেতে পারে। ঘূর্ণিঝড়, কালবৈশাখী, তীব্র দাবদাহ, ভারী বৃষ্টিপাত ও বন্যা সবকটিরই কবলে পড়তে পারে দেশ। সোমবার (৪ মে) আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের জন্য দেয়া পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

‘করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ’-দৈনিক মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এজন্য তারা একেক সময়ে একেক তুঘলকি সিদ্ধান্ত নিচ্ছে। আজ সোমবার সকালে রাজধানীতে দুঃস্থ ও কর্মহীন মানুষের মধ্যে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণের কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, মানুষের মধ্যে আশা সৃষ্টির ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। তারা আজকে একেক সময় একেকটা তুঘলকি সিদ্ধান্ত নেয়। কিছুদিন আগে সিদ্ধান্ত নিলো যে, গার্মেন্টস ফ্যাক্টরীগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ করলো কিন্তু দু’দিন পর গণ-পরিবহন খোলা রাখলো। ফলে সব কিন্তু গ্রামের মধ্যে দেশের মধ্যে সারা জায়গায় ছড়িয়ে পড়লো।

মানবজমিনের অন্য একটি খবরে লেখা হয়েছে, অধিকারের পর্যবেক্ষণ- একমাসে ৬৪ জেলাতেই ত্রাণ নিয়ে বিক্ষোভ হয়েছে।লকডাউন বা সাধারণ ছুটি চলাকালে দেশের সব জেলাতেই কোন না কোন স্থানে ত্রাণের দাবিতে বিক্ষোভ হয়েছে।

বিশ্ব করোনা পরিস্থিতি- 

বিশ্বজুড়ে করোনার দাপট

বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। দৈনিক যুগান্তর লিখেছে, বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫,৪৩,৯০৪- জন মৃতের সংখ্যা   ২,৪৭,১১৭ জন এবং সুস্থ্য হয়েছেন ১১,৪৮,২২৭ জন। 

দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, কমপক্ষে এক লাখ মানুষ মারা যাবে যুক্তরাষ্ট্রে বলেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি এ বছরের শেষ নাগাদ প্রাণঘাতী এ মহামারীর টিকা আবিষ্কার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এদিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, চীনের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর গুরুত্বপূর্ণ প্রমাণ আছে বলে জানিয়েছেন পম্পেও।করোনার উৎপত্তি নিয়ে এখনও চলছে নানা তর্ক-বিতর্ক। এর আগে, চীনের উহানের ভাইরোলোজি ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানোর ‘প্রমাণ দেখার’ দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সুর মেলালেন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও।

সঙ্কটজনক রাশিয়া, দৈনিক মৃত্যু সর্বাধিক-দৈনিক আনন্দবাজারের এ খবরে লেখা হয়েছে, কোভিড-১৯-এ রাশিয়ায় দৈনিক মৃত্যুর হার সর্বোচ্চ সীমা ছাড়াল। সে দেশে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে অর্ধেকেরই কোনও উপসর্গ নেই। 

সব মিলিয়ে সংক্রমিত ১ লক্ষ ৩৪ হাজার ৬৮৭ জন। আক্রান্তের সংখ্যা সর্বাধিক রাজধানী মস্কোতে। সেখানে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রায় ১৭০০ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের মৃত্যু হওয়ায় দেশে মৃতের সংখ্যা মোট দাঁড়িয়েছে ১ হাজার ২৮০। 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

মহারাষ্ট্রে আক্রান্ত ১৩ হাজার ছুঁইছুঁই, করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭২ জনের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে ৪২ হাজার ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত হিসাব অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ৫৫৩। এই বৃদ্ধির জেরে দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা হল ৪২ হাজার ৫৩৩। এদের মধ্যে ১১ হাজার ৭০৬ জন সুস্থ হয়েছেন। করোনাভাইরাসের জেরে ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭২ জনের। এই বৃদ্ধির জেরে সোমবার সকাল পর্যন্ত কোভিড-১৯-র হানার মৃত্যু হল ১ হাজার ৩৭৩ জনের।

মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য, মধ্যপ্রাচ্যে চাকরি খোয়াচ্ছেন ভারতীয়রা-দৈনিক সংবাদ প্রতিদিন

মুসলিমদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করে মধ্যপ্রাচ্যে চাকরি খোয়ালেন আরও তিন প্রবাসী ভারতীয়। অভিযোগ, ‘মুসলিমরা ভারতে করোনা ছড়াচ্ছেন’ বলে সোস্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছিলেন ওই তিন ব্যক্তি। এরপরই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন এর আগে একই কারণে আরও নয়জন প্রবাসী ভারতীয় তাঁদের চাকরি হারিয়েছেন। স্বভাবতই পরপর এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে।

জানা গিয়েছে, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহীতে বেশকিছু ভারতীয়র সোস্যাল মিডিয়ার প্রোফাইল থেকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছিল। মূলতভারতে নিজামুদ্দিন মারকাজের ঘটনাটি ঘটার পরই সোস্যাল মিডিয়ায় মুসলিম বিরোধী পোস্ট করা হতে থাকে বলে অভিযোগ।

‘গত ৪০ দিনে পরিস্থিতি খারাপই হয়েছে’, ফের লকডাউন নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের-দৈনিক সংবাদ প্রতিদিন

শুরু থেকেই দেশব্যাপী লকডাউনের পক্ষে ছিলেন না প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এর ফলে সাধারণ মানুষকে যে বিপুল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা নিয়ে আওয়াজ তুলেছেন অনেক আগেই। তৃতীয় দফার লকডাউন চালু হতেই আরও সুর চড়ালেন তিনি। তৃনমূলের রাজনৈতিক পর্যবেক্ষকের সাফ কথা, শুধু লকডাউন করে করোনা যুদ্ধে জেতা যাবে না। তাছাড়া যে কোনও পরিসংখ্যান তুলে দেখলেই বোঝা যাবে, লকডাউনের ৪০ দিনে ক্রমশ অবনতির দিকে এগোচ্ছি আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করলেন তখনই প্রশান্ত কিশোর প্রশ্ন তোলেন, সরকার শুধু একটা পরিকল্পনা নিয়ে চলছে নাকি বিকল্প কোনও পরিকল্পনার কথা ভাবা আছে?

পরিযায়ী শ্রমিকদের ট্রেনের টিকিটের ভাড়া মেটাবে কংগ্রেস’, কেন্দ্রকে তুলোধনা করে টুইট সোনিয়ার-দৈনিক আজকাল

দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের তাঁদের নিজেদের রাজ্যে ফেরার জন্য ট্রেন–টিকিটের ভাড়ার টাকা দেবে কংগ্রেস। সোমবার টুইট করে একথা জানিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি। এদিন সকালে একগুচ্ছ টুইটে কেন্দ্রকে কটাক্ষ করে সোনিয়া লেখেন, ‘আজও কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক দেশের বিবিন্ন প্রান্তে আটকে আছেন। সব থেকে আক্ষেপের, এই অসময়ে ট্রেনের টিকিটের ভাড়া তাঁদের কাছ থেকে নিচ্ছে সরকার। অনেকবার অনুরোধ সত্ত্বেও কেন্দ্র এবং রেল পরিযায়ী শ্রমিকদের তাঁদের নিজেদের রাজ্যে ফেরাতে উদ্যোগী হয়নি। এই সব মানুষদের নিরাপদে এবং বিনামূল্যের টিকিটে নিজেদের রাজ্যে ফেরানো উচিত।’

এরপরই কেন্দ্রকে ব্যঙ্গ করে সোনিয়ার টুইট, ‘সরকার যদি বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিনামূল্যে বিমানের ব্যবস্থা করতে পারে, গুজরাটে একটা অনুষ্ঠান আয়োজনের জন্য যদি কেন্দ্র প্রায় ১০০ কোটি টাকা খরচ করতে পারে, প্রধানমন্ত্রীর করোনা তহবিলে যদি রেল বোর্ড ১৫১ কোটি টাকা দান করতে পারে তাহলে কেন আমাদের দেশের এই অত্যন্ত আবশ্যিক সদস্যরা বিনামূল্যে রেলের টিকিটের মতো সেই সৌজন্যের কিছুটা পেতে পারেন না?’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪