মে ২৯, ২০২০ ১২:৪০ Asia/Dhaka
  • কথাবার্তা: 'মোদির সঙ্গে কথা হয়েছে, তার মন ভালো নেই''

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

 

  • সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ করোনা শনাক্ত- দৈনিক প্রথম আলো
  •  বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে-দৈনিক নয়াদিগন্ত
  • গণস্বাস্থ্য কিটের কার্যকারিতা পরীক্ষা শেষ কবে জানায়নি বিএসএমএমইউ-·
  • করোনা মোকাবেলায় বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ কয়েকটি দেশের-দৈনিক কালেরকণ্ঠ
  • এই সময়ে অফিস-গাড়ি চালুর সিদ্ধান্ত বড় ভুল: ড. কামাল-দৈনিক যুগান্তর
  • 'মোদির সঙ্গে কথা হয়েছে, তার মন ভালো নেই'-দৈনিক ইত্তেফাক
  • আম্ফানে ক্ষয়ক্ষতি : প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি-দৈনিক মানবজমিন

 

ভারতের শিরোনাম:          

  • অনেক জায়গায় বহু মানুষ জড়ো হচ্ছে, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • চীনের সঙ্গে সীমান্তে কী ঘটছে তা দেশকে জানানো উচিত সরকারের:‌ রাহুল গান্ধী-দৈনিক আজকাল
  • ভাঙল সাম্প্রতিককালের সব রেকর্ড, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সাড়ে সাত হাজার ছুঁইছুঁই-দৈনিক সংবাদ প্রতিদিন

 

সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ করোনা শনাক্ত-দৈনিক প্রথম আলো

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। নতুন করে ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৩ জন।আগের দিনের তুলনায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ২৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ১৫ জন। সব মিলে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৪২ হাজার ৮৪৪ জন। মারা গেছেন ৫৮২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ নিয়ে সর্বমোট ৮ হাজার ৯৩৪ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১ জনের করোনা পরীক্ষা করা হয়।গতকাল ৯ হাজার ৩১০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৭২টি নমুনা।

দেশে এখন ৪৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব রক্ষা করা ও স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, অযথা নাক-মুখ-চোখে হাত লাগাবেন না।আপনার সচেতনতাই আপনাকে বাঁচাতে পারে ভাইরাস থেকে।কোভিড যুদ্ধে বাঁচার উপায় হলো মাস্ক ব্যবহার করা।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে-দৈনিক নয়াদিগন্ত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ২৪ জনে। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৫৯ লাখ ৫ হাজার ৪১৫ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৯ লাখ ৬৩ হাজার ৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯৭৫ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৫ লাখ ৭৯ হাজার ৬৯১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত মোট ৪০ হাজার ৩২১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

করোনা মোকাবেলায় বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ কয়েকটি দেশের

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে পাঠানো শুভেচ্ছাবার্তায় কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার সাথে একাত্মতা প্রকাশ করেন। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন তুরস্কের মেবলুৎ কাবুসোলু, নেপালের প্রদীপ কুমার, প্যালেস্টাইনের রিয়াদ আল মালিকী, ইরানের মোহাম্মদ জাভেদ জারিফ, বসনিয়া ও হার্জেগভিনার ড. বিসেরা তুর্কোভিচ। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। তাঁরা ফোনে ড. মোমেনকে ঈদের শুভেচ্ছা জানান।

বার্তায় করোনা মহামারি থেকে ইসলামি বিশ্বসহ সমগ্র মানবজাতির মুক্তি কামনা করা হয়। এছাড়া বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসব দেশের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্য কামনা করা হয়।

এছাড়া সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানে নিহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এক শোকবার্তা পাঠিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ। এতে তিনি আম্ফান মোকাবিলায় বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান করোনা মহমারির মধ্যে এ ধরনের দুর্য়োগ বাংলাদেশের চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিয়েছে। 

এই সময়ে অফিস-গাড়ি চালুর সিদ্ধান্ত বড় ভুল: ড. কামাল-দৈনিক যুগান্তর

কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির মধ্যেই সাধারণ ছুটি প্রত্যাহার করে ৩১ মে থেকে অফিস ও গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তকে বড় ভুল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার তিনি গণমাধ্যমকে বলেন, সরকারি এই সিদ্ধান্তে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়বে। এটা মোটেও সঠিক সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, শুরুতে তো দেশে করোনাভাইরাসকে কোনো গুরুত্বই দেয়া হয়নি। তখন বলা হয়েছে না না এটা কিছু না। তারপর লকডাউন দেয়া হল। সেটাও ঠিকমত পালিত হয়নি।

প্রবীণ এই আইনজীবী বলেন, এখন যদি সবকিছু খুলে দেয়া হয় তাহলে তো অবস্থা আরও খারাপ হবে। আমাদের দেশে এখন যে হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এর মধ্যে সব খুলে দেয়া তো ভুল হবে।

করোনা পরীক্ষা বাড়ানোর তাগিদ দিযে তিনি বলেন, সারাদেশে করোনা পরীক্ষাও সেভাবে হচ্ছে না। করোনা নির্ণয়ের পরীক্ষা যদি আরও করা যেত, তাহলে আক্রান্তের হার আরও বেড়ে যেত।

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাব রুখতে চলমান সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে। এ সময়ে সীমিত পরিসরে গণপরিবহনও চলবে।

শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল চলাচল করতে পারবে। অর্ধেক টিকিট বিক্রি করে ট্রেন চলাচল চালু করা হবে। বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয় বিবেচনা করবে।

তবে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃপক্ষ জারিকৃত নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।

এই নিষেধাজ্ঞাকালে সব প্রকার সভা-সমাবেশ, গণ জমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে। এই সময়ে মানতে হবে ১৩ দফা স্বাস্থ্যবিধি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার পর্যগন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৯ জনের।আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৭১ জনে।

'মোদির সঙ্গে কথা হয়েছে, তার মন ভালো নেই'-দৈনিক ইত্তেফাক

সীমান্ত এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে চীন ও ভারতের মধ্যে। আর এ কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন ভালো নেই বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন এবং ভারতের মধ্যে বড় দ্বন্দ্ব চলছে। ভারতীয়রা আমাকে খুব পছন্দ করে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের চেয়েও ভারতীয়রা আমাকে বেশি পছন্দ করে। আমিও মোদিকে পছন্দ করি। সে একজন ভদ্রলোক। তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। মোদি জানিয়েছেন যে চীনের সঙ্গে যে বিরোধ চলছে তাতে তার মন ভালো নেই।

এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন এবং ভারতের দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতা করতে চান বলে জানিয়েছিলেন। গত ৫ মে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হওয়ার পর থেকে পূর্ব লাদাখে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের কমান্ডাররা আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা কমেনি বরং আরো বাড়ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চীন অন্যান্যবারের তুলনায় এবার আলাদা প্রস্তুতি নিয়েছে। লাদাখের কাছে চীন বিমানবন্দর সম্প্রসারণের কাজ চালাচ্ছে। কয়েকটি যুদ্ধবিমানও প্রস্তুত রাখা হয়েছে। প্যাংগং সো ও গালওয়ান উপত্যকায় বাড়তি দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চীন। চীনের তৎপরতার পরিপ্রেক্ষিতে ভারতও সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে। চীনের চেয়ে ভারতের সেনা উপস্থিতি বেশি বলেও দাবি করেছে ভারতীয় পক্ষ।

আম্ফানে ক্ষয়ক্ষতি : প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি-দৈনিক মানবজমিন

প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস বাংলাদেশে সুপার সাইক্লোন আম্পানের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন,’ প্রিন্স চার্লস তার ও পত্নী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই দুঃখ প্রকাশ করেন।’

চার্লস চিঠিতে লিখেছেন, ‘প্রলয়ংকরি ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে বাংলাদেশে মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে আমি এবং আমার স্ত্রী যে কি পরিমাণ দুঃখিত হয়েছি তা আপনাকে জানাতে চাই।’

প্রিন্স চার্লস বলেন, যারা হতাহত হয়েছে বা ঘুর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্য তার এবং ক্যামিলিয়ার হৃদয় ভেঙ্গে গেছে।

‘আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতটা ভয়ানক কঠিন ছিল, কেননা, এ সময় তারা একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন,’ লিখেন তিনি।

চার্লস যোগ করেন, ‘আমাদের সম্ভব সবচেয়ে বড় সমবেদনা এবং বিশেষ প্রার্থনা, আপনার কোভিড-১৯ মহামারী এবং এই ভয়াবহ তীব্র ঝড়ের ক্ষতি, উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের প্রেক্ষাপটে এমন নিদারুন উদ্বেগের সময়ে বাংলাদেশের জনগণের সাথে রয়েছে।’

সুপার সাইক্লোন আম্পান ২০ মে বিকেলে ভারত এবং বাংলাদেশে আঘাত হানে, ফলে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

অনেক জায়গায় বহু মানুষ জড়ো হচ্ছে, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে বলা হয়েছে, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউন পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে বিভিন্ন জায়গায় জমায়েত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক জায়গাতেই বহু মানুষ জড়ো হচ্ছেন। একসঙ্গে সবাই বাজারে গেলে করোনার সংক্রমণ বাড়বে। এ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানেই যাবেন, মাস্ক অবশ্যই পরবেন বলেও

মমতার বক্তব্য:

  • বাসে অবশ্যই মাস্ক পরুন, বাসে ওঠার সময় স্যানিটাইজ করুন
  • বাস মালিকদের অনুরোধ, যতগুলো সিট আছে, তত যাত্রী নিন
  • বাসে কম লোক নিয়ে চালাতে হচ্ছে, তাতে সরকারের ক্ষতি হচ্ছে
  • যেখানেই যাবেন, মাস্ক অবশ্যই পরবেন
  • মাস্ক পরতে ভুলবেন না

চীনের সঙ্গে সীমান্তে কী ঘটছে তা দেশকে জানানো উচিত সরকারের:‌ রাহুল গান্ধী

চীনের সঙ্গে লাদাখ সীমান্তে এখন ঠিক কী ঘটে চলেছে তা সরকারের উচিত দেশবাসীকে পরিষ্কার করে জানানো। শুক্রবার একথাই বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটারে তিনি লিখেছেন, ‘‌চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতা এই সঙ্কটের কালে বিভিন্ন জল্পনা এবং অনিশ্চয়তার জন্ম দিচ্ছে। সরকারের উচিত ভারত–চীন গোলমাল সম্পর্কে দেশবাসীকে খোলাখুলি পরিষ্কারভাবে জানানো।’

মঙ্গলবারও রাহুল বলেছিলেন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ঘটা সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে সরকারের উচিত স্বচ্ছতা বজায় রেখে দেশকে এব্যাপারে অবগত করা। শুক্রবার রাহুল টুইট পোস্টে লিখেছেন, ‘‌আমরা নানারকম গল্প শুনছি, আমি এর মধ্যে যেতে চাই না, কিন্তু সরকারের উচিত সীমান্তে কী ঘটছে তা পরিষ্কারভাবে জানানো যাতে মানুষরা তা বুঝতে পারে আর ঠিকমতো পরিস্থিতি রক্ষা করতে পারে।’‌  

প্রসঙ্গত, বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দৈনিক সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে চীনের মতো  সামরিক শক্তিধর এবং বিপুল জনসংখ্যার দুই রাষ্ট্রের সাম্প্রতিক সীমান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে এব্যাপারে ট্রাম্পের হস্তক্ষেপের বিষয় উড়িয়ে দিয়েছে কেন্দ্র।

ভাঙল সাম্প্রতিককালের সব রেকর্ড, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সাড়ে সাত হাজার ছুঁইছুঁই

প্রতিদিন সংক্রমণের নতুন নতুন সংখ্যা, লাফিয়ে বেড়ে চলা করোনা সংক্রমণের হার নিজেই নিজের রেকর্ড ভাঙছে। দেশজুড়ে লকডাউনের ৬৫ তম দিনে ফের নতুন রেকর্ড গড়ল করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় একসঙ্গে ৭৪৬৬ জনের শরীরে মিলল COVID-19 জীবাণু। হিসেব বলছে, এটাই সাম্প্রতিককালের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া নতুন তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে ফিরেছেন ৭১ হাজার ১০৫জন। চলতি সপ্তাহে দেশের করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছুঁয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই তা অনেকটা বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯এ। আর মৃত্যুর সংখ্যা ৪৭০৬। চিকিৎসাধীন ৮৯ হাজার ৯৮৭ জন। তবে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থতার হারও বাড়ছে।

শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।

 

পার্সটুডে/বাবুল আখতার/২৮