মে ৩১, ২০২০ ১৪:১০ Asia/Dhaka
  • কথাবার্তা: 'যুক্তরাষ্ট্র উত্তাল, ২৫ শহরে কারফিউ'

রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩১ মে রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ২৪ ঘন্টায় রেকর্ড ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫-দৈনিক সমকাল
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮২.৮৭–যুগান্তর অনলাইন
  • করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন চবি শিক্ষক সুইটি-দৈনিক কালের কণ্ঠ
  • ঝুঁকি নিয়েই আজক খুলল সব-দৈনিক প্রথম আলো
  • যুক্তরাষ্ট্র উত্তাল, ২৫ শহরে কারফিউ-দৈনিক মানবজমিন
  • লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার নেপথ্যে-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:      

  • ভারতে করোনায় আক্রান্তের ফের নয়া নজির, উদ্বেগ সর্বত্র-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • অভিবাসী শ্রমিকদের জন্য নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার-মোদি-দৈনিক সংবাদ প্রতিদিন
  • পশ্চিমবঙ্গে কনটেনমেন্ট জোনে লকডাউন ১৫ জুন পর্যন্ত-দৈনিক আজকাল

খ) এবং আমি বাবুল আখতার

পাঠক/শ্রোতা!এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। বিশ্ব মহামারি করোনাভাইরাসের সর্বশেষ আপডেট খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়ছে বিশ্ব মিডিয়ায়। আর বাংলাদেশে আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ এবং লঞ্চ-ট্রেন খুলে দেয়ার খবরটি বেশ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। তো একনজরে সেসব খবর দেখে নেয়া যাক।

বিশ্ব করোনা পরিস্থিতি: দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, করোনা বিশ্বে মৃত্যুর মিছিলে ৩ লাখ ৭১ হাজার, আক্রান্ত সাড়ে ৬১ লাখ। বাড়ড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত। এদিকে, এ বছরের মধ্যেই বাজারে করোনা ভ্যাকসিন আনতে চায় চীন- বলে ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের খবরে উল্লেখ করা হয়েছে।

ক) বাংলাদেশের করোনা পরিস্থিতি: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২৫৪৫।সমকালসহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে বাংলাদেশে। এদিকে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে লকডাউন তোলা- শিরোনামে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে,  অফিস, দোকান-পাট খুলে দেয়া হয়েছে। চালু হচ্ছে গণপরিবহন। তুলে নেওয়া হয়েছে লকডাউন। সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রীসহ কয়েকজন সংসদ সদস্য। তবে স্বাস্থ্য বিধি কঠোরভাবে প্রতিপালনেরও ওপর জোর দেন তারা। শনিবার রাতে করোনা মহামারি ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’শীর্ষক ভার্চুয়াল একটি আলোচনা অনুষ্ঠান হয়। আলোচনায় অংশ নিয়ে  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘উন্নত দেশগুলো ইউরোপ, আমেরিকা, জার্মানি, স্পেন, এশিয়ার অন্যান্য দেশগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড ধাপে ধাপে চালু করছে।

খ) প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশও যেহেতু সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়, তার অর্থনৈতিক কর্মকাণ্ড সারা বিশ্বের সঙ্গে। বাংলাদেশ কিন্তু গ্লোবাল ভিলেজের পার্ট। তাই বাংলাদেশকেও কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ‘সরকার ত্রাণ সহায়তা দিলেও জনসাধারণ প্রয়োজনের তাগিদেই ঘর থেকে বের হয়ে আসছিলেন। এমন প্রেক্ষাপটে ব্যবসায়িক কর্মকাণ্ড সচল করতে প্রধানমন্ত্রী সব দিক বিবেচনা করে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে লকডাউন খুলে দেয়া নিয়ে  বিভিন্নমহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদিকে গণপরিবহণের ভাড়া ৮০ ভাগ বৃদ্ধির সুপারিশ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে ক্যাব।বলা হয়েছে বাস ভাড়া শতকরা ৮০ ভাগ বৃদ্ধির প্রস্তাব মড়ার ওপর খাঁড়ার ঘা।

ক) বাংলাদেশে আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের খবর দৈনিক যুগান্তরসহ সব দৈনিকে বিশেষ গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। এ খবরে লেখা হয়েছে, মোট পাসের হার ৮২.৮৭। এবারই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করা হলো। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মধ্যমে ফল প্রকাশের সময় বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তিনি সবাইকে আত্মবিশ্বাস নিয়ে করোনা মহামারি মোকাবেলার আহ্বান জানান।

খ) হতভাগ্য ২৬ বাংলাদেশির লাশ লিবিয়ার মিজদায় দাফন, হত্যাকারীদের  চাপ না কূটনৈতিক ব্যর্থতা? এ শিরোনামে দৈনিক মানবজমিনের প্র্রতিবেদনে সবচেয়ে গুরুতর প্রশ্ন হচ্ছে; মর্গের স্থান সংকুলান না হওয়ায় লাশগুলো প্রায় গলে যাওয়ার প্রেক্ষিতে হাসপাতাল কতৃপক্ষ স্থানীয়দের মাধ্যমে তা দাফনে বাধ্য হয়েছে না-কি সত্যিই প্রতিবাদি পাচারকারীরা লাশগুলো নিয়ে গেছে? দূতাবাসের রিপোর্টে এসব প্রশ্নের জবাব নেই বা অস্পষ্ট! দূতাবাসের দাবি করেছ বাংলাদেশকে না জানিয়ে এমনকি লিবিয়ার জাতিসংঘ সমর্থিত কেন্দ্রীয় সরকারকে অন্ধকারে রেখেই লাশগুলো দাফন হয়ে গেছে। দূতাবাসের ওই দাবি বা বক্তব্য কূটনৈতিক 'যোগাযোগে ঘাটতি' বা 'ব্যর্থতা'র প্রচ্ছন্ন ইঙ্গিত বলে মনে করছেন ঢাকার দায়িত্বশীল কেউ কেউ।

ক) আর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এ সম্পর্কিত একটি প্রতিবেদনের শিরোনাম এরকম- লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার নেপথ্যে...

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, মর্মান্তিক ঘটনার মাধ্যমে লিবিয়া হয়ে সাগর পথে ইউরোপ যাওয়ার ২৬ জন বাংলাদেশির স্বপ্নের অন্তিম পরিণাম হলো। এই পথের স্বপ্নে প্রতি বছরই বাংলাদেশিরা প্রাণ দিচ্ছে। গত বছর এক নৌকাডুবির ঘটনায় ৩৭ জন ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করেছিল, যাদের লাশও পাওয়া যায়নি। এছাড়া প্রতি বছর শতশত বাংলাদেশি লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক হয়ে লিবিয়ার সফর জেলে বন্দী হচ্ছেন এবং চরম নির্যাতন সহ্যের পর খালি হাতে দেশে ফিরে যাচ্ছেন। অথচ তারপরও বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার জন্য নতুন করে বাংলাদেশিরা অবৈধভাবে লিবিয়ায় আসছে।

খ) এতসব মৃত্যুর পরও কেন বাংলাদেশিরা এই পথে পা বাড়াচ্ছে। প্রথমত: বাংলাদেশে দালালদের তৎপরতা বন্ধে সরকারের কার্যকরী উদ্যোগের অভাব এবং বছরের পর বছর ধরে চিহ্নিত পাচারকারীদের শাস্তি না হওয়া। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র যারা ইতালি পৌঁছায় তাদের সফলতা প্রচার হওয়া। অন্যদিকে এই পথের মৃত্যুর ঝুঁকি বা ভয়াবহতা নিয়ে সরকারী-বেসরকারী পর্যায়ে প্রচারণার অভাব।লিবিয়ার অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটির সীমান্ত অরক্ষিত হয়ে পড়া এবং বাংলাদেশিদের অতি লোভ। অনেকক্ষেত্রে একই গ্রামের পাশের ছেলে ইতালি পৌঁছানোর খবরে লোভে পড়েন। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশ সরকারের কঠোর অভিবাসন নীতি গ্রহণ এবং আইনের বাস্তবায়নের বিকল্প নেই।

ক) এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি: করোনার খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম-ভারতে ফের একদিনে করোনায় নয়া রেকর্ড, আক্রান্ত ৬ হাজার ৩৮০ জন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রেকর্ড এই আক্রান্তের পর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১৪৩ জনে পৌঁছল। আর মোট মৃত্যুর সংখা ছাড়াল ৫ হাজার। দৈনিকটির এ খবরে আরও লেখা হয়েছে, আগামীকাল থেকেই ভারতে আনলক -১ শুরু হতে যাচ্ছে। ধীরে ধীরে সবকিছু চালু করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তার আগের দিনই করোনা আক্রান্তের সংখ্যায় নজির গড়ল। বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।এদিকে শ্রমিক স্পেশাল ট্রেনে পশ্চিমবঙ্গের একজন অভিবাসী শ্রমিকের করেনায় মৃত্যু হয়েছে।

খ) দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লেখা হযেছে, অভিবাসী শ্রমিকদের জন্য নতুন একাধকিপদক্ষেপ নিচ্ছে সরকার, মনকি বাত অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, শ্রমিকদের জন্য বিভিন্ন জায়গায় স্কিল ম্যাপিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। একাধিক রাজ্যে স্টাট অ্যাপে উপকৃত হবে অভিবাসী শ্রমিকরা। কৃষকের উন্নয়নে জন্য নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী অভিবাসী শ্রমিকদের দুঃখ কষ্টে নিজের ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন।এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অভিবাসী শ্রমিকদের বিনামূল্যে দুই মাসের চাল-ডাল দেবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর।

শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১