এপ্রিল ৩০, ২০২১ ০৫:১০ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৯ এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু খবর। এরপর বিশ্লেষণ। আজ আমাদের সঙ্গে থাকবেন সহকর্মী মোহাম্মাদ সিরাজুল ইসলাম।

হেফাজত নেতা হারুন ইজাহার হাটহাজারীর সহিংসতার ‘মদদদাতা’: র‌্যাব- এই শিরোনামের খবরে প্রথম আলো অনলাইন জানিয়েছে, চট্টগ্রামের হাটহাজারীর সহিংসতার ঘটনায় হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহারকে ‘মদদদাতা’ দাবি করছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব বলছে, হারুন ইজাহারকে হাটহাজারীর সব মামলায় আসামি করা হবে। তিনি এই ঘটনার মদদদাতা।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো আলেম ওলামাকে তো নয়ই, এমনকি বিএনপির কোনো নেতাকেও গ্রেপ্তার করেনি সরকার। তিনি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, যারা আগুন, সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। এ খবরটি দিয়েছে সমকাল অনলাইন।

হেফাজত নেতা হারুন ইজাহার

কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার অনলাইন এক খবরে জানিয়েছে, রবিবার পর্যন্ত বন্ধ থাকছে মধ্য কলকাতার বেশ কিছু বাজার চত্বর। চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ যে সমস্ত এলাকায় ‘জরুরি নয়’ এমন পণ্যের বাজার বসে, তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। রাজ্যে এবং শহরে বাড়তে থাকা করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই এই সিদ্ধান্ত। আর দৈনিক আজকাল অনলাইনের খবর- রবিবার, ২ মে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। তার আগে প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথা ছিল, ফল ঘোষণার ঠিক আগের দিন, শনিবার হবে সেই বৈঠক। কিন্তু আচমকাই দিনক্ষণ বদল করলেন তৃণমূল সুপ্রিমো। সিদ্ধান্ত নিলেন, শুক্রবার বিকেল ৩টে থেকে হবে সেই ভার্চুয়াল বৈঠক। সেই মতো প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

তো শ্রোতাবন্ধুরা, এবার বিশ্লেষণে যাবো।

রেডিও তেহরান: জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশর আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও কৃষি খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। কতটা বাস্তবসম্মত এ প্রস্তাব?

সিরাজুল ইসলাম: সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক খাত নিয়ে গবেষণা করে থাকে। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য তারা নানা পরামর্শ ও প্রস্তাবনা দেয়। সরকারসহ বিভিন্ন মহলে এসব প্রস্তাবনা বিশেষ গুরুত্ব পায়। কাজেই সিপিডি স্বাস্থ্য ও কৃষিখাতে ব্যয় বাড়ানোর যে পরামর্শ দিয়েছে তা নিশ্চয়ই তাদের সুচিন্তিত গবেষণা থেকে বেরিয়ে এসেছে এবং এই পরামর্শ সরকারের কাছে গুরুত্ব পাবে বলে আমি ধারনা করি।

বিশেষ করে, বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে নগ্ন-ভগ্ন অবস্থা তা আমরা সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতিতে বেশ ভালোভাবে দেখতে পেয়েছি। বিশ্বের অনেক দেশ যেখানে টিকাসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী তৈরি করছে সেখানে আমরা তার কিছুই করতে পারিনি। এমনকি এদেশে অক্সিজেন সিলিন্ডারের অভাবও প্রকট আকার নিয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনাও ভালো নয়। যাদের টাকা আছে তারা চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছে। তো এ অবস্থায় সিপিডির প্রস্তাবনাকে আমি যথার্থ বলে মনে করছি।

রেডিও তেহরান:  ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করছেন।  এ সফরের বিশেষ গুরুত্ব কী?

সিরাজুল ইসলাম: জি আপনি ঠিকই বলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর করেছেন। তিনি কাতার সফর শেষ করে ইরাকে গেছেন এবং সেখান থেকে ওমান সফর করেছেন।

তার ইরাক সফরের গুরুত্ব হচ্ছে- এই দেশটিতে আমেরিকা ও সৌদি আরবসহ আরো কিছু দেশ উগ্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল। সে সময় ইরান ইরাক সরকারের পাশে থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটিকে অনেকটা স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছে। মজার ব্যাপার হচ্ছে, এই ইরান-ইরান ১৯৮০-র দশকে টানা আট বছর ধরে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করলেও আজ তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়েছে। দু’দেশের মধ্যে বিশাল অংকের বাণিজ্যিক লেনদেন রয়েছে।

ওমান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

অন্যদিকে কাতার হচ্ছে সৌদি আরবের অবরোধের শিকার একটি আরব দেশ। সৌদি কঠোর অবরোধের দিনগুলোতে ইরান কাতারের পাশে দাঁড়িয়েছিল।সেই দেশ সফর মানেই হচ্ছে তার আলাদা গুরুত্ব রয়েছে। মনে রাখতে হবে, কাতার পারস্য উপসাগরীয় সহযোগিত পরিষদের সদস্য। এই পরিষদ গঠন করা হয়েছিল ইরানকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে। সেই পরিষদের প্রভাবশালী সদস্য দেশ কাতার এখন ইরানের ঘনিষ্ঠ বন্ধু। কাজেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফরের আলাদা গুরুত্ব রয়েছে।

এদিকে ওমান হচ্ছে সৌদি আরব ও ইরানের মধ্যবর্তী একটি নিরপেক্ষ দেশ। ইয়েমেন সংকট নিরসনের ক্ষেত্রে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের রাজধানী মাস্কাটে গিয়ে ইয়েমের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালামের সঙ্গে বৈঠক করেছেন। যে বৈঠকটি জারিফের হওয়ার কথা ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে বৈঠকটি আব্দুস সালামের সঙ্গে হয়ে গেল এবং এটিই যথেষ্ট। সব মিলিয়ে জারিফের এবারের মধ্যপ্রাচ্যে সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসু হয়েছে। তিনি যখন এই সফরে ব্যস্ত ছিলেন তখন আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখেছি সৌদি আরবের পক্ষ থেকে ইরানের প্রতি শান্তির বাণী পাঠানো হয়েছে।

জনাব সিরাজুল ইসলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।