কথাবার্তা: ‘ঈদযাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয়’
প্রিয় পাঠক/শ্রোতা! ৫ মে বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম। এরপর বিশ্লেষণ। আজ আমাদের সঙ্গে থাকবেন সহকর্মী মোহাম্মাদ সিরাজুল ইসলাম।
করোনায় এক দিনে মৃত্যু ৫০, শনাক্তের হার ৮.৫৯- দৈনিক প্রথম আলো
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা) পর্যন্ত আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৭৪২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
আগের দিন মঙ্গলবার দেশে ১ হাজার ৯১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৬১ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৭৫৫ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া- দৈনিক সমকাল
করোনা-পরবর্তী বেশকিছু জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ফুসফুস থেকে তিন ব্যাগ ফ্লুইড বের করা হয়েছে। এ ছাড়া তার ডায়াবেটিসের মাত্রা ওঠানামা করছে। অক্সিজেনের মাত্রাও কিছুটা কমেছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
একটি দায়িত্বশীল সূত্র জানায়, খালেদা জিয়া যেসব জটিলতায় ভুুগছেন সেগুলো কমবয়সীদের ক্ষেত্রে গুরুতর না হলেও বয়স বিবেচনায় খালেদা জিয়ার জন্য শঙ্কার কারণ হতে পারে। তাই জটিলতাগুলো দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন চিকিৎসকরা। এজন্য তাকে কিছু নতুন ওষুধও দেওয়া হচ্ছে।
খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসনের ফুসফুস থেকে যে তিন ব্যাগ ফ্লুইড বের করা হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেখানে অন্য কোনো রোগের জীবাণু পাওয়া যায়নি। তার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারকে ও দলের নেতাদের জানানো হয়েছে। আপাতত হাসপাতালে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হবে।
ঈদে বন্ধ থাকবে লঞ্চ-ট্রেন- দৈনিক ইত্তেফাক
আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার ভেতরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হলেও দূরপাল্লার পরিবহনের সঙ্গে লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে আগামী ১৬ মে পর্যন্ত।
চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ। আজ বুধবার (৫ মে) বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে ৫ মে’র পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে।
ঈদযাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয়: কাদের- দৈনিক যুগান্তর
ঝুঁকি নিয়ে ঈদযাত্রা না করতে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদ যাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয়। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বুধবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও অসহায়- দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এ ধরণের ঝুঁকি নিলে উৎসবের আগেই মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে,কাজেই এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।
কোলকাতার বাংলা দৈনিকের খবর:
বৃহস্পতিবার থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ, মেট্রো ও সরকারি পরিবহণ অর্ধেক- দৈনিক আনন্দবাজার
রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলায় একগুচ্ছ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সর্বত্র ৫০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল রাজ্যে সরকার। এর মধ্যে সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিনোদন ও শিক্ষামূলক জমায়তেও রয়েছে। এমনকি, ৫০ জনের জমায়েতের জন্যও অনুমতির প্রয়োজন বলে জানালেন মমতা।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শপিং মল, রেস্তোঁরা, পানশালা, সুইমিং পুল, বিউটি পার্লার— সবই বন্ধ থাকবে। সরকারি অফিসে অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজকর্ম চালানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী হয়েই টুইট করে মোদিকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়- সংবাদ প্রতিদিন
গত ২ মে বাংলায় ভোটপ্রকাশের পরই রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌজন্যের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়েছিলেন শুভেচ্ছা। এবার মোদিকে ধন্যবাদ জানিয়ে পালটা সৌজন্য দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার উন্নতিতে কেন্দ্র সরকারকে পাশে পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
তো শ্রোতাবন্ধুরা, এবার বিশ্লেষণে যাবো।
১- রেডিও তেহরান: জনাব সিরাজুল ইসলাম, মতিঝিলে চলন্ত প্রাইভেট কার থেকে ব্যাগ ধরে টান, নারীর মৃত্যু- এটি দৈনিক মানবজমিনের খবর। কী বলবেন আপনি?
২. সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সৌদি আরব- এমন একটি খবর বেরিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। খবরে বলা হয়েছে- উদ্যোগটা সৌদির পক্ষ থেকে নেয়া হয়েছে। এমন উদ্যোগের সম্ভাব্য কারণ কী বলে মনে হয়?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। [বিশ্লেষণ শুনতে সাউন্ড ফাইলে ক্লিক করুন]
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।