কথাবার্তা: ঈদের পর আরো এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে
প্রিয় পাঠক/শ্রোতা! ১১ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- কী করব না করব নির্ধারণ করব আমরা, অন্যরা নয়: পররাষ্ট্রমন্ত্রী- দৈনিক যুগান্তর
- বেসরকারি পর্যায়ে কমল করোনার পরীক্ষার ফি- দৈনিক প্রথম আলো
- মেট্রোরেলের যুগে বাংলাদেশ- দৈনিক সমকাল
- টিকা আনতে চীনে গেছে বিমানবাহিনীর উড়োজাহাজ- দৈনিক নয়াদিগন্ত
- ঈদের পর আরো এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে- দৈনিক কালেরকণ্ঠ
- গাজায় হামলায় নিহত ২৬, ইসরায়েলের নিন্দায় মুখর অ্যামনেস্টি- দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- জোগান নেই, ১৮-৪৪ বছর বয়সিদের জন্য টিকাকরণ স্থগিত হয়ে গেল মহারাষ্ট্রে- দৈনিক আনন্দবাজার পত্রিকা
- সম্পূর্ণ লকডাউন নয় রাজ্যে: মমতা- দৈনিক বর্তমান
- ওভারলোডিং রুখতে কড়া বার্তা ফিরহাদের- দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
কী করব না করব নির্ধারণ করব আমরা, অন্যরা নয়: পররাষ্ট্রমন্ত্রী- দৈনিক যুগান্তর
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চার জাতির নিরাপত্তা জোট কোয়াড নিয়ে চীন আগ বাড়িয়ে কথা বলেছে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। চীনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার ডিকাবের সঙ্গে মতবিনিময়কালে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চার জাতির নিরাপত্তা জোট কোয়াডে যোগ দিলে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে।
চীনা রাষ্ট্রদূতের এমন মন্তব্য দুঃখজনক উল্লেখ করে ড. মোমেন বলেন, চীনারা কখনো কারও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। আমরা কী করব না করব এটি অন্যরা বড় করে বলতে পারে না। এটি খুব দুঃখজনক। যে কোনো দেশ তাদের মতামত দিতে পারে, আমরা তা শ্রদ্ধার সঙ্গে শুনব। তবে আমরা কী করব না করব, জনগণের কথা বিবেচনা করে সে বিষয়টি আমরা নির্ধারণ করব এবং সিদ্ধান্ত নেব।
বেসরকারি পর্যায়ে কমল করোনার পরীক্ষার ফি- দৈনিক প্রথম আলো
বেসরকারি পর্যায়ে দেশে কোভিড–১৯ রোগের পরীক্ষার ফি কমানো হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বিদেশগামীদের সরকারি বা বেসরকারি যেকোনো ল্যাব থেকে পরীক্ষা করলে তিন হাজার টাকা লাগত। এখন তা কমিয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়। এ ছাড়া সাধারণ লোকজনের বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে লাগত ৩ হাজার ৫০০ টাকা, তা কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আর বেসরকারিভাবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করালে ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে এখন লাগবে ৩ হাজার ৭০০ টাকা।
মেট্রোরেলের যুগে বাংলাদেশ- দৈনিক সমকাল
স্বপ্নের মেট্রোরেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো চালানো হয়েছে মেট্রোরেল। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য (রিসিভিং টেস্ট) চালানো হয় বিদ্যুৎচালিত এ ট্রেনটি। এ ধরনের আরও ১৮টি পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিয়াবাড়িতে ডিপোর ভেতরে চালানো হয় মেট্রোরেলের প্রথম ট্রেন। ওয়ার্কশপ থেকে চালিয়ে ছয় বগির (কোচ) ট্রেনটি আনলোডিং জোনে নিয়ে আসা হয়।
মেট্রোরেলের এ প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ট্রেনটি আনলোডিং জোনে আনার পর বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি এবং মেট্রোরেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোচগুলোর ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।
টিকা আনতে চীনে গেছে বিমানবাহিনীর উড়োজাহাজ- দৈনিক নয়াদিগন্ত
করোনাভাইরাসের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ মঙ্গলবার চীনে গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজ আজ সকাল ৮টা ১২ মিনিটে করোনাভাইরাসের পাঁচ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে।
এর আগে সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে।
গতকাল ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।
ঈদের পর আরো এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে- দৈনিক কালেরকণ্ঠ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর।
আজ মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এ কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে।
তিনি বলেন, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান এই বিশেষ পরিস্থিতিতে এই ছুটি দেওয়া হচ্ছে। আমরা চাই না কেউ ঢাকা থেকে বাইরে চলে যাক। তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে সবাই ঢাকায় থেকে যায়। বুধবারও অফিস চলবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, আপনাদের কর্মীদের ঢাকায় রেখে দেন।
গাজায় হামলায় নিহত ২৬, ইসরায়েলের নিন্দায় মুখর অ্যামনেস্টি- দৈনিক বাংলাদেশ প্রতিদিন
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ এ। গাজায় “অযৌক্তিক এবং অতিরিক্ত শক্তি” প্রয়োগ করায় ইসরায়েলের তীব্র নিন্দা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী বারবার আল-আকসা মসজিদে সহিংস অভিযানের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অপরিকল্পিত এবং বেআইনিভাবে শক্তি মোতায়েন করেছে এবং শেখ জারারাহ-তে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অকারণে হামলা চালিয়েছে।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্যের উপ-পরিচালক সালেহ হিগাজি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যেতে দেওয়া যাবে না। ফিলিস্তিনিরা কেবল তাদের অস্তিত্ব ও অধিকার টিকিয়ে রাখতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে এবং তাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্রতিবাদ করছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
জোগান নেই, ১৮-৪৪ বছর বয়সিদের জন্য টিকাকরণ স্থগিত হয়ে গেল মহারাষ্ট্রে- দৈনিক আনন্দবাজার পত্রিকা
টিকা নেই। তাই রাজ্যে ১৮-৪৪ বছর বয়সিদের জন্য টিকাকরণ আপাতত স্থগিত রাখা হচ্ছে। যা টিকা অবশিষ্ট রয়েছে, তা ৪৫-ঊর্ধ্বদেরই দেওয়া হবে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সাংবাদিক বৈঠক করে তা জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘সরকারের হাতে এই মুহূর্তে ২ লক্ষ ৭৫ হাজার ডোজ রয়েছে। ওই টিকা এখন ৪৫-ঊর্ধ্বদেরই দেওয়ার কথা ভেবেছে সরকার। যাঁরা টিকার প্রথম ডোজ পেয়েছেন, তাঁদের দ্বিতীয় ডোজ দেওয়াতেই বেশি জোর দিচ্ছে সরকার।’’ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, ‘‘বরাত দেওয়া টিকা এসে পৌঁছায়নি, তাই এখনই ১৮-৪৪ বছর বয়সিদের টিকাকরণ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’
মহারাষ্ট্রে লকডাউনের মেয়াদ বাড়ানোর সম্ভাবনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বুধবার মন্ত্রিসভার বৈঠকের পরই সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। চলতি মাসের শুরু থেকেই সে রাজ্যে লকডাউন শুরু হয়েছে। চলবে আগামী ১৪ মে পর্যন্ত।
সম্পূর্ণ লকডাউন নয় রাজ্যে: মমতা- দৈনিক বর্তমান

কোভিড মোকাবিলা এখন তাঁর প্রথম কাজ। শপথ নিয়েই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গজুড়ে কিছু বিধিনিষেধ জারি রয়েছে। দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যে ঘোষণা হয়েছে সম্পূর্ণ লকডাউন। কিন্তু ‘দিন আনি, দিন খাই’ মানুষের কথা ভেবে সেই রাস্তায় হাঁটতে চান না মমতা। সোমবার তাঁর তৃতীয় সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তা তিনি স্পষ্ট করে দিsলেন। জানালেন, কোভিড মোকাবিলাকে অগ্রাধিকার দিলেও সম্পূর্ণ লকডাউন ঘোষণা হচ্ছে না।
এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। রাজ্যের কোভিড পরিস্থিতির প্রসঙ্গ তুলে সাফ জানান, ‘আমরা সম্পূর্ণ লকডাউন চাই না। লকডাউনের ঘোষণা না করে, লকডাউনের মতো সাধারণ মানুষকে আচরণ করতে হবে। নিজেরা ঠিক করব যে, খুব প্রয়োজন ছাড়া বেরব না। কারণ, লকডাউন ঘোষিত হলে সাধারণ মানুষের অসুবিধা হবে। দরিদ্র মানুষ না খেতে পেয়ে মরে যাবে, সেটা আমরা চাই না। দিন আনি, দিন খাই মানুষের খুব অসুবিধা হবে।’ করোনা প্রতিরোধে হাসপাতালে বেড বাড়ানো, অক্সিজেনের ব্যবস্থা, সেফ হোম তৈরির পাশাপাশি লোকাল ট্রেন বন্ধের মতো অন্যান্য ব্যবস্থার কথাও এদিন জানিয়েছেন মমতা। তিনি আরও বলেন, সামনেই ঈদ। ছোট করে যাতে প্রার্থনা সভা হয়, তার জন্য আবেদন করা হয়েছে। গত বছরের মতো এবারও রেড রোডে নামাজ পড়া বন্ধ থাকছে।
ওভারলোডিং রুখতে কড়া বার্তা ফিরহাদের- দৈনিক আজকাল
পরিবহণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার পেয়েই কাজে নেমে পড়েছেন ফিরহাদ হাকিম। পরিবহণ দপ্তরের কাজে গতি আনাই মূল লক্ষ্য ফিরহাদের। গতকালই ঘোষণা হয়েছিল গণপরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের কোভিডের টিকা দেওয়া হবে। আর আজ থেকেই শুরু হয়ে গিয়েছে পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের টিকাকরণ। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করেন নয়া পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘রাজ্যের একাধিক জায়গায় দেখা যায় ওভারলোডিং চলছে। এটা গুরুতর অপরাধের মধ্যে পড়ে। ওভারলোডিংয়ের ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্ৰহণ করবে রাজ্য সরকার। ওভারলোডিং হলে জরিমানা করা হবে। জরিমানা বাড়ানো হবে। ওভারলোডিংয়ের কারণে রাস্তা নষ্ট হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে শহরের রাস্তায় এবার আরও বেশি সংখ্যক ইলেকট্রিক বাস চালানো হবে। এতে সাধারণ যাত্রীদেরও ভাড়া বাড়ার চিন্তা দূর হবে আর শহরের পরিবেশে দূষণও কম ছড়াবে। ইলেকট্রিক বাসের জন্য চার্জিং পয়েন্ট তৈরি করা হবে বাস টার্মিনাসগুলির কাছেই।
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।