মে ১৭, ২০২১ ১৩:২৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৭ মে সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বাবুল আক্তার, রিমান্ড শেষে কারাগারে - দৈনিক যুগান্তর
  • করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত সরকার- দৈনিক প্রথম আলো
  • করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: মির্জা ফখরুল- দৈনিক সমকাল
  • মাওয়ায় দুই দিকের মানুষের ঢল, স্বাস্থ্যবিধি মানছে না কেউ - দৈনিক নয়াদিগন্ত
  • দীর্ঘ কর্মঘণ্টা মৃত্যুর অন্যতম কারণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা- দৈনিক কালেরকণ্ঠ
  • তথ্যমন্ত্রীর প্রশ্ন, ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • নারদা মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ফিরহাদ, সুব্রত, মদন শোভন - দৈনিক বর্তমান
  • ‘আমাকেও গ্রেফতার করুন’, ফিরহাদরা গ্রেফতার হতেই নিজাম প্যালেসে ধর্নায় মমতা - দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ‌‘‌প্রধানমন্ত্রী এবং ভেন্টিলেটরের অনেক মিল’‌, ফের খোঁচা রাহুলের- দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বাবুল আক্তার, রিমান্ড শেষে কারাগারে- দৈনিক যুগান্তর

চট্টগ্রামে স্ত্রী মিতু হত্যায় সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।  সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাসকামরায় তাকে হাজির করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সূত্র জানিয়েছে, তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, সাবেক এসপি বাবুল আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে তাকে আদালতের মাধ্যমে বেলা পৌনে তিনটায় কারাগারে পাঠানো হয়।

মিতু হত্যার অভিযোগে করা মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ মে রিমান্ডে পেয়েছিল পিবিআই। পিবিআইয়ের কর্মকর্তারা বলেছেন, প্রথম তিন দিনের জিজ্ঞাসাবাদে একরকম নিরুত্তরই ছিলেন বাবুল আক্তার। পরে কিছু কথা বলেছেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিচলিত বোধ করছেন তিনি। কথা বলার সময় দু-একবার কেঁদেছেনও।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের জানান, স্ত্রী মিতু হত্যায় বাদী থেকে প্রধান আসামি হয়ে যাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার রিমান্ডে সবকিছু অস্বীকার করে বলেছেন, ‘সবই তো জানেন, আমি কী বলব।’পাঁচ বছর আগে স্ত্রী মাহমুদা খানমকে হত্যার অভিযোগে শ্বশুরের করা মামলায় ১২ মে গ্রেপ্তার দেখানো হয় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে। এর দুই দিন আগে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যায় পিবিআই।

করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত সরকার- দৈনিক প্রথম আলো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দুঃখজনক হলেও সত্য যে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলে।

দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ আরও বেশ কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া ভারতের করোনা পরিস্থিতি যত দিন না স্বাভাবিক হবে, তত দিন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত বন্ধ রাখার সুপারিশ করা হবে। 

টিকা নিয়ে শিগগিরই 'ভালো খবর' দিতে পারবেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় বিভিন্ন দেশের সঙ্গে টিকা আনার বিষয়ে আলোচনা করার কথাও বলেন তিনি। তবে টিকা ক্রয়ের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, টিকা উৎপাদন সময়সাপেক্ষ। তবে টিকা উৎপাদনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত আছে।

করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: মির্জা ফখরুল- দৈনিক সমকাল

করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। উদাসীনতা, অজ্ঞতা ও দুর্নীতির কারণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মির্জা ফখরুল একথা বলেন। 

ফখরুল আরও বলেন, লকডাউনের নামে সরকারবিরোধী দলের উপর সরকার দমন-পীড়ন করেছে। নরেন্দ্র মোদির সফরকে ঘিরে সকল ঘটনা সরকার ঘটিয়েছে এবং ধর্মীয় সংগঠন ও বিরোধী দলের ওপর আক্রমণ করেছে মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণের কোনো সদিচ্ছা সরকারের নেই। এর দুটি কারণ হাসপাতালগুলোতে দুর্নীতি ও প্রণোদনার টাকা লুট করা।

মাওয়ায় দুই দিকের মানুষের ঢল, স্বাস্থ্যবিধি মানছে না কেউ - দৈনিক নয়াদিগন্ত

নাড়ির টানে বাড়ি যাওয়া, আবার কর্মের তাগিদে কর্মস্থলে যাওয়া দুই দিকের মানুষের ঢল এখন মাওয়া ঘাটে। কোনো স্বাস্থ্য নিরাপত্তার বালাই নেই এই ঘাটে। মাওয়া শিমুলিয়া ঘাটে ১৮টি ফেরী দিয়ে দুই পাড়ের মানুষে পারাপার করছে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে মাওয়া ঘাটে দেখা যায় ঘরমুখো মানুষের জটলা। অপরদিকে বাঙলাবাজার থেকে ছেড়ে আসা ফেরীগুলোও যাত্রীতে টইটুম্বর। গাদাগাদি করে ভরে আসছে ফেরীগুলো। সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার তাতেও থামছে না মানুষের যাতায়াত।

বরিশালের ঝালকাঠির যাত্রী ব্যবাসায়ী সোবহান জানান, ঢাকায় ছেলে মেয়ে স্ত্রী নিয়ে ঈদ করেছি। এখন বাড়িতে মা, বাবা আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করা জরুরী। তাই যাচ্ছি। ঢাকা থেকে আসছে ১ হাজার ৫০০টাকা খরচ হয়ে গেছে। ঝালকাঠি পর্যন্ত যেতে আরো কতোটাকা লাগবে জানি না। তার পরেও ঈদে বাড়িতে যেতে পারিনি তাই জরুরী ভিত্তিতে বাড়িতে যেতে হচ্ছে। আল্লাহর উপর ভরসা করে করোনা মহামারী মাথায় নিয়েই যাচ্ছেন তিনি।

দীর্ঘ কর্মঘণ্টা মৃত্যুর অন্যতম কারণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা- দৈনিক কালেরকণ্ঠ

দীর্ঘ কর্মঘণ্টার কারণে বছরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় উঠে এসেছে এ তথ্য।  বৈশ্বিক গবেষণায় দেখা যায়, ২০১৬ সালে ৭ লাখ ৪৫ হাজার মানুষ দীর্ঘ কর্মঘণ্টার কারণে স্ট্রোক ও হৃদরোগ জনিত কারণে মারা গেছেন। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও  দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের উপর এই জরিপটি করা হয়েছে।

করোনার কারণে এ পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় জানা গিয়েছে, যারা সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজ করে তাদের ৩৫ শতাংশের স্ট্রোকের ঝুঁকি থাকে এবং ১৭ শতাংশের হৃদরোগ থেকে মৃত্যুর আশঙ্কা থাকে। অনেক সময় দেখা যায় এই কারণে অনেক পরেও মৃত্যু হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার কারণে বাসায় বসে কাজ করার কারণে এই প্রবণতা আরো বাড়ছে। করোনার কারণে ৯ শতাংশ মানুষ আগের চেয়ে বেশি কাজ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ফ্র্যাঙ্ক পেগা বলেন, দীর্ঘ কর্মঘণ্টা নিয়োগকর্তার জন্য উপকারী হতে পারে কারণ এর ফলে কর্মীর কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তবে তিনি আরো বলেন, ‘অর্থনীতির সঙ্কটের মধ্যে কর্মঘণ্টা না বাড়ানোই আসলে ভালো।’

তথ্যমন্ত্রীর প্রশ্ন, ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রমজান মাসে এমনকি পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে এবং এর পরেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে।’ তিনি প্রশ্ন করেন, এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্বনেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক। ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?’

আজ রবিবার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় এমনই প্রশ্ন তুলেছেন মন্ত্রী। এর আগে, ঈদ-উল-ফিতরের দিনেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনে শান্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনার কথা উল্লেখ করেন

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ফিরহাদ, সুব্রত, মদন শোভন - দৈনিক বর্তমান

ফিরহাদ হাকিম

আজ, সোমবার সকালে নারদা মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। এদিন সকালে প্রথমে ফিরহাদের বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা। ফিরহাদের বাড়ির চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে ফিরহাদ হাকিম বাড়ি থেকে বেরিয়ে জানান, নারদা মামলায় আমাকে গ্রেপ্তার করা হল। ফিরহাদ দাবি করেন, তাঁকে আগাম কোনও নোটিস দেওয়া হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন ফিরহাদ। যার ফলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ফিরহাদের বাড়ির সামনেই বচসা বেঁধে যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। পরে অবশ্য সকলকে শান্ত করেন ফিরহাদ। সূত্রের খবর, রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদাকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। মামলার প্রক্রিয়া ভার্চুয়ালি হতে পারে।

এদিকে তৃণমূলের একাধিক নেতার প্রশ্ন, নারদা মামলায় নাম থাকা সত্ত্বেও কেন গ্রেপ্তার করা হল না মুকুল, শুভেন্দুকে? বিজেপিতে যোগ দেওয়ার কারণেই কী তাদের ছাড় দেওয়া হয়েছে? অন্যদিকে, আজ সকালে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে নিয়ে আসা হয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। এই গ্রেপ্তারি প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, বিধায়কদের গ্রেপ্তার করতে গেলে বিধানসভার অধ্যক্ষের অনুমতি প্রয়োজন হয়। তবে এক্ষেত্রে তাঁর কাছ থেকে কোনও অনুমতি চাওয়া হয়নি। পাশাপাশি তিনি আরও বলেন, চার্জশিট পেশে রাজ্যপালের অনুমোদন বেআইনি। রাজ্যপাল কেন এতে অনুমোদন দিয়েছে, সেটাও বিস্ময়কর। এই গ্রেপ্তারি বেআইনি বলেই তিনি দাবি করেছেন।

‘আমাকেও গ্রেফতার করুন’, ফিরহাদরা গ্রেফতার হতেই নিজাম প্যালেসে ধর্নায় মমতা- দৈনিক আনন্দবাজার পত্রিকা

নিজাম প্যালেসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে আনা হয় সিবিআই দফতর নিজাম প্যালেসে। নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের।

সোমবার সকালে ফিরহাদকে চেতলার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর মমতা যান ফিরহাদের বাড়িতে। সেখান থেকে তার পর সোজা চলে আসেন নিজাম প্যালেসে। সেখানে সাংবাদিকরা মমতাকে জিজ্ঞেস করেন তাঁর আসার কারণের বিষয়ে। তিনি বলেন, ‘‘ওদের সঙ্গে দেখা করতে এসেছি।’’ সূত্রের খবর, এই গ্রেফতারিকে বেআইনি বলে মমতা বলেছেন যত ক্ষণ না তাঁকে গ্রেফতার করা হচ্ছে, তিনি নিজাম প্যালেস ছাড়ছেন না। 

‌‘‌প্রধানমন্ত্রী এবং ভেন্টিলেটরের অনেক মিল’‌, ফের খোঁচা রাহুলের- দৈনিক আজকাল

দেশে কোভিড সংক্রমণ বেড়েই চলেছে। অক্সিজেনের জন্য হাহাকার। পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোও নেই। সেই কারণে মৃত্যুর হার বেড়েই চলেছে। পিএম কেয়ার্সের টাকা দিয়ে বিভিন্ন রাজ্যে ভেন্টিলেটর কিনে পাঠিয়েছে কেন্দ্র। তাতে সুরাহা কিছু হল না। অভিযোগ, বেশিরভাগ ভেন্টিলেটরই খারাপ। রাজস্থানের পর পাঞ্জাব সরকারও এই অভিযোগ করেছে। এবার এই নিয়ে ফের মোদিকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী।

রাহুল টুইটারে লিখলেন, ‘‌পিএম কেয়ার্সের টাকায় কেনা ভেন্টিলেটর আর প্রধানমন্ত্রীর অনেক মিল:‌ মিথ্যে জনসংযোগ, নিজেদের কাজ ঠিক করে করে না, দরকারের সময় খোঁজই মেলে না।’‌

পাঞ্জাবের ফরিদকোটের এক হাসপাতালে পিএম কেয়ার্সের টাকায় পাঠানো ভেন্টিলেটর ব্যবহারই করা যায়নি। কারণ প্রযুক্তিগত গোলমাল। যদিও কেন্দ্র তা মানেনি। তাদের দাবি, গুরু গোবিন্দ সিং হাসপাতালে ভেন্টিলেটর স্থাপনের মতো যথেষ্ট পরিকাঠামোই নেই। ভারত ইলেক্ট্রনিকস লিমিটেড এবং এজিভিএ এই ভেন্টিলেটরগুলো পাঠিয়েছে।

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।