মে ২৫, ২০২১ ১১:১৭ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৫ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: সাজাপ্রাপ্ত ৭ আসামির জামিন-ইত্তেফাক
  • ব্ল্যাক ফাঙ্গাসে ঢাকায় একজনের মৃত্যু -যুগান্তর
  • মতামত-হামাসের ‘বিজয়ে’ লাভ-ক্ষতির যোগফল কী দাঁড়াল? - প্রথম আলো
  • মানববন্ধনে শিক্ষার্থীরা-শিক্ষাপ্রতিষ্ঠানে এক সিট ফাঁকা রেখে ক্লাস কেন করানো যাবে না?-কালের কণ্ঠ
  • এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি,বাংলাদেশে পাসপোর্টে পরিবর্তন নিয়ে ফিলিস্তনি রাষ্ট্রদূত-মানবজমিন
  • সুন্দরীদের ভয়ংকর ফাঁদ- বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • কোকেন কাণ্ডে ধৃত রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপাল! ছবি পোস্ট করে ধনকড়কে তীব্র কটাক্ষ কল্যাণের -সংবাদ প্রতিদিন
  • যশে’র লেজের ঝাপটা জঙ্গলমহলে! পুরুলিয়ায় মোতায়েন সেনাবাহিনী, NDRF –আজকাল
  • করোনায়-বেসামাল ভারতে এবার ইয়েলো ফাঙ্গাসের হানা, চরম উদ্বেগ-এনডিটিভি

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

বিএনপির ভোট কারচুপির রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না: কাদের-যুগান্তর

বিএনপির নির্বাচনে কারচুপির যে অতীত ইতিহাস সেই রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বলেছেন, তারাই এখন নির্বাচনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে? ’দেশের নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের নির্বাচনব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি। সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহই হারিয়ে ফেলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।  তিনি সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। 

ব্ল্যাক ফাঙ্গাসে ঢাকায় একজনের মৃত্যু-যুগান্তর

ব্ল্যাক ফাঙ্গাসে ঢাকায় এক রোগীর মৃত্যু হয়েছে।  তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়।  মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।  তার নাম পরিচয় জানানো হয়নি। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনও বারডেম হাসপাতালে ভর্তি আছেন।  শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্যত্র চলে গেছেন।ভারতে মিউকরমাইকোসিস বা ‘ব্ল্যাক ফাঙ্গাস’ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে।  দেশটিতে এ পর্যন্ত ৮ হাজার ৮০০ জন এই ফাঙ্গাসে সংক্রমিত হয়েছে।

এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি, বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তন নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত-মানবজমিন

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইলের প্রতি বিধিনিষেধ' এর কথা উঠিয়ে নেয়া প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি, কিন্তু এটা বাংলাদেশের সিদ্ধান্ত। আমি এটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না। বিষয়টিকে বাংলাদেশের সরকারকে আবারো বিবেচনার অনুরোধ জানান রামাদান। সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন পাসপোর্টে পরিবর্তনকে ‘অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেন।বাংলাদেশের পাসপোর্ট যেন ‘আন্তর্জাতিক মানের’ হয় সেজন্যই এ পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উক্ত বক্তব্যের বিষয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ‘আপনি কি বলছেন যে গত ৫০ বছর ধরে বাংলাদেশি পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রাখেনি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ যারা পাসপোর্টে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা উল্লেখ করছে তাদের পাসপোর্ট কি আন্তর্জাতিক মানসম্পন্ন নয়?’

তবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার হাত প্রসারিত করায় বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তিনি বলেন, ফিলিস্তিনের সংকটে বাংলাদেশের মানুষের এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা সত্যি অবাক। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকটি মানুষের প্রতি। ফিলিস্তিনের জনগণকে যারা আর্থিক সহায়তা পাঠাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'এই সহায়তা যুদ্ধাহত মানুষের চিকিৎসার সরঞ্জাম কেনার কাজে ব্যবহার করা হবে।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: সাজাপ্রাপ্ত ৭ আসামির জামিন-ইত্তেফাক

সাতক্ষীরায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ সাতজনকে চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের করা আপিল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা-শিক্ষাপ্রতিষ্ঠানে এক সিট ফাঁকা রেখে ক্লাস কেন করানো যাবে না?-কালের কণ্ঠ

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীসহ সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন—মার্কেট, গণপরিবহন, রেস্তোরাঁ খোলা, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? শিক্ষার্থীরা তো নিয়মিতই ঘরের বাইরে বের হচ্ছে। আর গণপরিবহন যদি এক সিট ফাঁকা রেখে চালানো যায়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানে এক সিট ফাঁকা রেখে ক্লাস কেন করানো যাবে না? গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা সিটি কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই আমরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস পরীক্ষা চালুর দাবি জানাচ্ছি।শিক্ষার্থী আল মামুন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমলাদের সঙ্গে নয়, আমাদের শিক্ষকদের সঙ্গে কথা বলুন। তাঁরা অবশ্যই ভালো সিদ্ধান্ত ও পরামর্শ দেবেন। বাড়িতে থেকে থেকে অনেকেই বিপথে চলে যাচ্ছে।রসায়ন বিভাগের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে সব কিছুই যদি স্বাস্থ্যবিধি  মোতাবেক খোলা হয়ে থাকে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা হবে না? সেশনজট, লকডাউন মিলিয়ে এক বর্ষেই তিন বছর পার করে ফেলেছি, এখন শুধুই হতাশা বাড়ছে, আত্মহত্যা ছাড়া অন্য কোনো উপায় দেখছি না।’

র্ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূলের দিকে ধেয়ে আসছে-বাংলাদেশ প্রতিদিনসহ প্রায় সব দৈনিক প্রকাশিত হয়েছে।বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াস শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঝড়ে রূপ নিচ্ছে। মঙ্গলবার রাতের প্রথম ভাগেই এটি ভয়ঙ্কর রূপ নেবে। ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, এটি শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলের দিকে এগুচ্ছে। সেইসঙ্গে সামনের দিকে এগুনোর গতি বেড়েছে। বর্তমানে এটি ১০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগুচ্ছে।

সুন্দরীদের ভয়ংকর ফাঁদ-বাংলাদেশ প্রতিদিন

চাকরি করেন রফিক উদ্দিন। বাসা উত্তরা বাউনিয়া এলাকায়। মোবাইল ফোনে তার পরিচয় হয় রেহানার সঙ্গে। কথা বলতে বলতে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। দু'জনই দু'জনকে কাছে পেতে চান। রেহানা বলেন, রফিক তুমি এসো আমাদের যাত্রাবাড়ীতে। বাসায় কেউ থাকবে না। আমরা কথা বলব। সময় কাটাব। এমন প্রস্তাবে রফিক রাজি হয়ে যান। রফিক যান যাত্রাবাড়ী। ঠিকানামতে পৌঁছে যান সকালেই। 

রেহানাকে দেখে ভীষণ খুশি পঞ্চাশোর্ধ্ব রফিক। রেহানা এসে কথা বলেন। বাসায় নিয়ে নিয়ে যান। একটি ঘরে বসতে দেন রফিককে। রফিক ঘনিষ্ঠ হতে চান। এ সময় রেহানা বলেন, ধীরে রফিক। আগে দরজা বন্ধ করে আসি। তুমি রেডি হও। কিন্তু ওই ঘরে রেহানা আসেননি। এসেছে পাঁচ যুবক। তারা ঘরে ঢুকেই হাত-পা বেঁধে ফেলে রফিকের। রফিক কিছুই বুঝতে পারছিলেন না। 

রফিক বলেন, আপনারা কারা? যুবকদের একজন বলে, একটু পর টের পাবি আমরা কারা। এরপর আরও দুই মহিলা ওই রুমে প্রবেশ করে। তারা এসেই নিজেদের কাপড় খুলে ফেলে। রফিকের শার্ট-প্যান্টও খুলে নেয়। এরপর দুই মহিলার সঙ্গে রফিকের নগ্ন ছবি তুলতে থাকে। রফিক বুঝতে পারে তিনি ভয়ংকর কোনো চক্রের খপ্পরে পড়ে গেছেন। এরপর আসে লেনদেনের বিষয়। তারা রফিকের কাছে ১০ লাখ টাকা দাবি করে। অন্যথায় স্ত্রী-সন্তানদের কাছে তার ছবি পাঠানো হবে। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে সেসব ছবি। 

ভয়-ভীতি দেখানো হয় রফিককে। সারা দিন পর রাতে রফিকের এক বন্ধু সাড়ে ৩ লাখ টাকা নিয়ে আসেন। অপরাধী সেই চক্রের হাতে তুলে দেওয়া হয় টাকা। অপরাধী চক্র সেখান থেকে কেটে পড়ে। যাওয়ার সময় রফিকের ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যায়। জীবন নিয়ে সেখান থেকে ফিরে আসেন রফিক। রফিক বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানান। যাত্রাবাড়ী থানা পুলিশ রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ১২ দিন পর কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় মোটরসাইকেলটিটি। পুলিশ জানায়, রুবেলরা পরিকল্পনা করে ব্ল্যাকমেইল করে। ওদের দলে নারী সদস্য রয়েছে। প্রথমে দুর্বল চরিত্রের পুরুষগুলোকে টার্গেট করে নারী সদস্য দিয়ে প্রেমের অভিনয় করায়। প্রেমে মজে যাওয়ার পর শুরু করে ডেটিং, সঙ্গে চিটিং ও ফিটিং! 

পুরুষরা বুঝতে সময় নিতেই শেষ হয়ে যায় সব। পুরুষটির স্ত্রীর কাছে নগ্ন ছবি পাঠানোর ভয়, পুলিশে দেওয়ার ভয় আর মিডিয়ায় ছবিসহ নিউজ করার ভয় দেখিয়ে নগদ টাকা, বিকাশ, চেক ও মূল্যবান সামগ্রী নিয়ে নেওয়া। একসময় ছেড়ে দিলেও দিনের পর দিন চলতে থাকে ব্ল্যাকমেইলিং। এদিকে লোকলজ্জার ভয়ে কাউকে ঘটনা শেয়ার করতে পারে না বেচারা। কখনো কখনো দু-একটি ঘটনায় থানায় নোটিস হয়। এমনই আরেক ঘটনায় প্রায় ৪ লাখ টাকা আর একটি মোটরসাইকেল নিয়ে নেয় রুবেলের ব্ল্যাকমেইলিং বাহিনী। যাত্রাবাড়ী থানার এসআই ইকবাল হোসেন অক্লান্ত পরিশ্রম করে এবং বুদ্ধিমত্তা দিয়ে কেরানীগঞ্জ থেকে ধরে নিয়ে আসেন রুবেলকে, উদ্ধার হয় মোটরসাইকেলটি।

আরেক চক্রের সন্ধান পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শিক্ষিত স্মার্ট সুন্দরী নারী দিয়ে সুকৌশলে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এরা হলো ফাহাদ ইবনে আবদুল্লাহ ওরফে রেজভী (২৪) ও শারমিন আক্তার টুম্পা (২১)।

পিবিআই জানায়, পিবিআইর (ঢাকা মেট্রোর) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বাড্ডা লিঙ্ক রোড থেকে তাদের গ্রেফতার করে। তাদের থেকে দুটি মোবাইল ফোন সেট ও টুম্পার সঙ্গে এক ধনাঢ্য ব্যক্তির পাঁচটি অশ্লীল ছবি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তির ফোন নম্বর ও ভিজিটিং কার্ড সংগ্রহ করে। পরে চক্রের পুরুষ সদস্য ব্যবসায়ী পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তির সঙ্গে সখ্য গড়ে তোলে। 

একপর্যায়ে চক্রের সদস্য সুন্দরী নারীকে সহকর্মী পরিচয় দিয়ে নামিদামি রেস্টুরেন্টে চা-কফির অফার করে ও আড্ডা দেয়। এভাবে কিছুদিন চলার একপর্যায়ে চক্রের ওই নারী সদস্য ধনাঢ্য ওই ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব করে। চক্রটি বন্ধুত্বের সুবাদে মেয়েটিকে ব্যবসায়ীর সঙ্গে এককভাবে ব্যবসায়ীর অফিস, ফ্ল্যাট বা অন্য কোনো নিরিবিলি স্থানে পাঠায়। সেখানে গিয়ে মেয়েটি শারীরিক সম্পর্ক তৈরি করে। এ সময় গোপনে ছবি তোলা হয়। ওই ছবি দেখিয়ে ব্যবসায়ীর কাছে বড় অঙ্কের টাকা দাবি করে। তাদের দাবি না মানলে ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া বা পরিবারকে জানিয়ে দেওয়ার হুমকি দেয় চক্রের সদস্যরা। এতেও কাজ না হলে চক্রের সদস্যরা বিভিন্ন সময় ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দিয়ে অর্থ হাতিয়ে নেয়।

মতামত-হামাসের ‘বিজয়ে’ লাভ-ক্ষতির যোগফল কী দাঁড়াল? প্রথম আলো

ইতিহাস বিষয়ক গবেষক আলতাফ পারভেজ- লিখেছেন,হামাসের সঙ্গে ইসরায়েলের এ পর্যন্ত চার দফা যুদ্ধ হলো। কেন এসব যুদ্ধ শুরু হয়েছিল, সেটা সবার জানা। কিন্তু কেন উভয় পক্ষ যুদ্ধ থামায়, সেটা প্রবল প্রশ্নবিদ্ধ বিষয়। এবারও ১১ দিনের যুদ্ধ শেষে উভয় পক্ষ এখন যুদ্ধবিরতিতে গেছে। উভয় পক্ষ সন্তুষ্ট নিজ নিজ ‘অর্জন’ নিয়ে। চক্রাকারে ‘যুদ্ধ’ এবং ‘যুদ্ধবিরতি’: ফিলিস্তিনিদের প্রাপ্তি অস্পষ্ট,হামাস ও ইসরায়েল: আলোচনা নেই ‘যুদ্ধবিরতি চুক্তি’ আছে! ফিলিস্তিনিদের আরও কার্যকর কোনো রণনীতি খুঁজে পেতে হবে। হামাস এবার যুদ্ধের ক্ষয়ক্ষতি তেল আবিবেও সম্প্রসারিত করতে পেরেছে, যা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল মানুষকে উদ্দীপ্ত করে। এটা ইসরায়েলের আকাশ দুর্ভেদ্য থাকার মিথও ভেঙেছে অনেকখানি। কিন্তু আবার একই সঙ্গে সত্যি হলো, তাতে ফিলিস্তিনিদের নিত্যদিনের দুর্ভোগের বিপরীতে কোনো আশার ছবি যুক্ত হয়নি। তার দায় মোটেই হামাসের একার নয়। কিন্তু তাদের ‘বিজয়-উৎসব’-এর কোনো মানেও বোঝা যায় না তাতে। ফিলিস্তিনিদের হয়তো আরও কেজো কোনো রণনীতি খুঁজে পেতে হবে ভবিষ্যতে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

কোকেন কাণ্ডে ধৃত রাকেশ সিংয়ের সঙ্গে রাজ্যপাল! ছবি পোস্ট করে ধনকড়কে তীব্র কটাক্ষ কল্যাণের-সংবাদ প্রতিদিন

ফের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রাজ্যপাল। এবার কোকেন কাণ্ডে ধৃত রাকেশ সিংয়ের সঙ্গে ধনকড়ের একটি ছবি টুইট করলেন কল্যাণ। তীব্র কটাক্ষও করেছেন তিনি।

ঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ ছবিটি টুইট করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সেখানে দেখা যাচ্ছে, খোশমেজাজে একসঙ্গে বসে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং। ছবির ক্যাপশানে লেখা, “কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি? থু বিজেপি!” টুইটটিতে বহু মানুষ রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ তীব্র আক্রমণ করেছে বিজেপিকে।

গোমাংস খাওয়া বন্ধ হতে পারে অসমে! গোহত্যা বিরোধী আইন আনতে চান মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন

অসমেও বন্ধ গোহত্যা। গোমাংস খাওয়া বন্ধের পক্ষেই সওয়াল করলেন উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর সাফ কথা, “গরু আমাদের মা। তাই যে কোনও মূল্যে গরু পাচার বন্ধ করা হবে। অসমের বিজেপি সরকার গরুদের রক্ষা করবে।” মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর সোমবার ছিল হিমন্ত বিশ্বশর্মা প্রথম বিধানসভা অধিবেশনের শেষদিন। সেই অধিবেশনেই অসমের মুখ্যমন্ত্রী জানান, “গোমাতা আমাদের কাছে পূজনীয়। তাই বাংলা থেকে অসমে গরু পাচার বরদাস্ত করব না।” একইসঙ্গে গোমাংস খাওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি। বিশ্বশর্মা জানান, “যেখানে গরুকে পুজো করা হয় সেখানে গোমাংস না খাওয়াই ভাল। তবে একসঙ্গে্ সকলের একধাক্কায় অভ্যেস বদলে ফেলার দরকার নেই।” এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে লখনউয়ের এক মুসলিম সংগঠনের বিবৃতিকে হাতিয়ার করেন অসমের মুখ্যমন্ত্রী।

করোনায়-বেসামাল ভারতে এবার ইয়েলো ফাঙ্গাসের হানা, চরম উদ্বেগ-এনডিটিভি

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বেসামাল হয়ে পড়েছে ভারত। এই ভাইরাসের ছোবলে প্রতিদিন দেশটিতে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। সংক্রমিত হচ্ছে লাখ লাখ। এর মধ্যেই দেশটিতে হানা দিয়েছে প্রাণঘাতী ফাঙ্গাসের সংক্রমণ। ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের পর দেশটিতে এবার ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গোটা ভারতবাসী।  জানা গেছে, যতদিন যাচ্ছে, এই ছত্রাক সংক্রমণের মাত্রা বাড়ছে। সেইসঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে হোয়াইট ফাঙ্গাস। যার প্রভাব নিয়ে দ্বিধাবিভক্ত চিকিৎসরা। এই যখন অবস্থা তখন এসে হাজির হলুদ বা ইয়েলো ফাঙ্গাস। নতুন এই ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে ইয়েলো ফাঙ্গাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আপাতত তার চিকিৎসা চলছে।

এরপর থেকেই প্রশ্ন উঠছে, ঠিক কতখানি বিপজ্জনক ইয়েলো ফাঙ্গাস? চিকিৎসকদের দাবি, ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের চেয়েও মারাত্মক ইয়েলো ফাঙ্গাস।

দিঘায় ভয় ধরাচ্ছে ‘‌ইয়াস’‌! ‌ঝড় মোকাবিলায় নামছে সেনা মোতায়েন। যশে’র লেজের ঝাপটা জঙ্গলমহলে! পুরুলিয়ায় মোতায়েন সেনাবাহিনী, NDRF। বিস্তারিত খবরে লেখা হয়েছে,উপকূলবর্তী এলাকা নয়। তা সত্ত্বেও লেজের ঝাপটায় বিপর্যয় ডেকে আনতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’ (Cyclone Yaas)। তাই তার মোকাবিলায় আগাম প্রস্তুতি সেরে রাখছে জঙ্গলমহলের জেলা পুরুলিয়া। ‘যশ যুদ্ধে’ তৈরি জেলার ৫টি ব্লক। সেনাবাহিনী, NDRF মোতায়েন করা হয়েছে। সেফ হোম, কন্ট্রোলরুম থেকে চলবে নজরদারি। আক্ষরিক অর্থেই যেন যুদ্ধের মোকাবিলায় প্রস্তুত পুরুলিয়া (Purulia)। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০