বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
শ্রোতাবন্ধুরা! সালাম ও শুভেচ্ছা নিন। ১৪ মে'র কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ এবং আমি........। চলুন দেখে নেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোর প্রধান প্রধান খবরগুলো। প্রথম আলোর একটি শিরোনাম দিয়েই শুরু করা যাক। 'দুই দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭ জনের মৃত্যু: বজ্রপাতে এত প্রাণহানি কেন' বিস্তারিত খবরে লেখা হয়েছে, বজ্রপাতে গত দুই দিনে সারা দেশে ৫৭ জন মারা গেছেন।
প্রাকৃতিক কারণে দুই দিনে দেশে এত লোকের মৃত্যুর নজির সাম্প্রতিক সময়ে নেই। বজ্রপাতের বা এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি নিয়ে একক কোনো কারণ বলছেন না বিশেষজ্ঞরা। তবে তাঁরা বলছেন, প্রকৃতিকে বৈরী করে তোলার পাশাপাশি মুঠোফোনের ব্যবহারসহ জীবনযাত্রার পরিবর্তন এর জন্য দায়ী।
আবহাওয়াবিদেরা বলছেন, নদী শুকিয়ে যাওয়া, জলাভূমি ভরাট হওয়া আর গাছ ধ্বংস হওয়ায় দেশে অভ্যন্তরীণ তাপমাত্রা এক থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। বিশেষ করে বর্ষা আসার আগের মে মাসে তাপমাত্রা বেশি হারে বাড়ছে। এতে এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা আর্দ্র বায়ু আর উত্তরে হিমালয় থেকে আসা শুষ্ক বায়ুর মিলনে বজ্রঝড় সৃষ্টি হচ্ছে। তবে ইত্তেফাক বলেছে বজ্রপাতে দুইদিনে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে।
প্রথম আলোর আরেকটি শিরোনাম: বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে আজ শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শিহাব উদ্দিন ওরফে সজল (১৭) নামের বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মাহাবুল হালসানার ছেলে।
ইত্তেফাক: নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চাকপাড়া বৌদ্ধ মন্দিরে ভিক্ষু মং শৈ উ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাইশারি এলাকার বৌদ্ধ মন্দিরে এ ঘটনা ঘটে। জানা গেছে, চাকপাড়া কেয়াং এর মন্দিরে রাতে ঘুমাতে এসেছিলেন ভিক্ষু মং শৈ। তিনি অন্য একটি মন্দিরের ভিক্ষু ছিলেন। পরে মধ্যরাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে। তার শরীরে বেশকয়েকটি দায়ের কোপের চিহ্ন দেখা গেছে। নাইক্ষ্যংছড়ির ওসি আবুল খায়ের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মো. শাহেদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন।
এ পত্রিকার আরেকটি শিরোনাম: 'বিচার বিভাগ ও সংসদের মুখোমুখিতে সাংবিধানিক সংকট': বিস্তারিত খবর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বিচার বিভাগ ও সংসদের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে তাতে দেশে সাংবিধান্কি সংকটের সুযোগ সৃষ্টি হয়েছে।'
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও জাতীয় নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। এ প্রতিবাদ সভার আয়োজন করে ন্যাশনাল পিপিলস পার্টি। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘উন্নয়ন আগে, গণতন্ত্র পরে- আওয়ামী লীগের নতুন এই স্লোগান জনগণ গ্রহণ করবে না জেনেই ওই অবস্থান থেকে তারা সরে এসেছে। সরকার কী উন্নয়ন করেছে? সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে ক্ষমতাসীনদের।’
শাসকদলের নেতা-কর্মীরা শত শত কোটি টাকা লুণ্ঠন করে দেশের বাইরে পাঠিয়েছেন বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা।
বাংলাদেশ প্রতিদিন'র শিরোনাম: 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়' আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলকে সিঙ্গাপুরে রূপান্তরিত করার কাজ করছেন। পদ্মাসেতুর সাথে রেল সংযোগ করে দেওয়া হচ্ছে। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে যেতে পারবেন। এছাড়া পায়রা বন্দরের কাজ হয়ে গেলে, সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। শনিবার দুপুরে ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিদিনের আরেকটি খবর: ভোট পড়েছে অস্বাভাবিক বেশি কোথাও শতভাগ, তদন্তে ইসি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম, ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, প্রকাশ্যে সিল মারার ঘটনার পাশাপাশি অনেক কেন্দ্রে শতভাগ ভোট পড়ার চিত্র খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। এমনকি অনেক এলাকায় মৃত ও বিদেশে অবস্থানরত ভোটারের ভোট কাস্ট হওয়ারও প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এ নিয়ে মুখ না খুললেও ইসিতে পাঠানো কেন্দ্রভিত্তিক ফলাফলের তথ্য পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন ইসি সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমন চার ধাপের ভোটে চার শতাধিক কেন্দ্রে ৮০ ভাগের বেশি ভোট পড়াকেও অস্বাভাবিক মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তাদের দাবি, স্থানীয় নির্বাচনে অনেক ভোটার এলাকার বাইরে অবস্থান করেন, এ ছাড়া ভোট গ্রহণে দায়িত্ব থাকা বিপুলসংখ্যক কর্মকর্তাও ভোট দিতে পারেন না, এমন পরিস্থিতে ৮০ ভাগের ওপরে ভোট কাস্ট অসম্ভব ব্যাপার। এ ক্ষেত্রে সিল মারা ছাড়া এমন ভোট হতেই পারে না। এদিকে শতভাগে ভোট গ্রহণসহ যেসব কেন্দ্রে অস্বাভাবিক ভোট গ্রহণ হয়েছে তা তদন্ত করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
মানবজমিন: বাংলাদেশে সাংবাদিকদের জন্য অবাধ পরিবেশ দেখতে চায় জাতিসংঘ। সাংবাদিকরা যাতে অবাধে কাজ করতে পারে এমন পরিবেশ সৃষ্টি করুক বাংলাদেশ, এমনটা দেখতে চায় জাতিসংঘ। একই সঙ্গে সাংবাদিক, ব্লগারদেরকে টার্গেট করে যে সহিংসতা হচ্ছে তাতে উদ্বেগ জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠন। সাম্প্রতিক মৃত্যুদ- নিয়েও জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। ১৩ই মে ওই ব্রিফিংয়ের বেশ খানিকটা অংশ জুড়ে ছিল বাংলাদেশ প্রসঙ্গ।
মানব জমিনের আরেকটি খবর: ‘এভাবে দেশ চলতে পারে না, পরিবর্তন হবেই’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশ আজ কিভাবে চলছে আমরা সবাই জানি। এভাবে একটা গণতান্ত্রিক দেশ চলতে পারে না। এর পরিবর্তন হবেই। হতেই হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে জাতীয় পার্টির ৮ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদে হাঁ ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন এরশাদ।
নয়াদিগন্তের শিরোনাম: মুখে মুক্তিযুদ্ধের খই ফুটিয়ে হিন্দুদের মূর্তি ভাঙছে, জমি দখল করছে আ'লীগ: ইমরান। আওয়ামী লীগের নেতারা মুখে মুক্তিযুদ্ধের খই ফুটিয়ে হিন্দুদের মূর্তি-মন্দির ভেঙে ও জমি দখল করে তাদের দেশছাড়া করছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার। শনিবার দুপুরে তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
ইমরান তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘প্রতিদিন পত্রিকায় আওয়ামী লীগ নেতাদের মন্দির ভাঙা আর হিন্দুদের জমি দখলের খবর। কোথাও কোনো প্রতিবাদ নেই, মানববন্ধন নেই, সংবাদ সম্মেলন নেই। প্রতিবাদ হবেও বা কেন? জামাত-শিবির ভাঙলেই না প্রতিবাদ!
মুখে মুক্তিযুদ্ধের চেতনার খই ফোটাবেন আর সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি-মন্দির ভাঙবেন, জমি দখল করে তাদের দেশছাড়া করবেন, এই কি আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের নমুনা?’
ইমরান আরো লিখেছেন, ‘মন্দির ভাঙার মূলহোতা, নওগাঁর নিয়ামতপুরের স্থানীয় আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান নঈমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাই।
আনন্দবাজার পত্রিকার শিরোনাম: সন্ত্রাস চলছেইমআক্রান্ত জোট প্রার্থীও। ভোট মিটে গিয়েছে। তবু দাঁড়ি পড়ছে না ভোট-হিংসায়। কোথাও আক্রান্ত হচ্ছেন জোট প্রার্থী, কোথাও আবার গুলিবিদ্ধ জোটের হয়ে প্রচার চালানো বাম কর্মী। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে হামলার মুখে পড়েন ওই কেন্দ্রের জোট প্রার্থী সিপিআইয়ের মাখনলাল নায়েক-সহ জনা কুড়ি বাম ও কংগ্রেস নেতা-কর্মী। গত ৫ মে এই জেলায় ভোট মিটেছে। তারপর পটাশপুরের নানা এলাকায় তৃণমূলের লোকজন জোট প্রার্থীর পোলিং এজেন্ট ও বাম কর্মীদের মারধর করছিল বলে অভিযোগ। এ দিন আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে যান মাখনবাবুরা। অভিযোগ, ট্রেকারে চকগোপাল গ্রামে যাওয়ার সময় দোলমোড়ের কাছে জনা ষাটেক তৃণমূল কর্মী তাঁদের পথ আটকায়। মাখনবাবু ছাড়াও মারধর করা হয় সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত পণ্ডা, কংগ্রেস নেতা শঙ্কর বল্লভ, প্রদীপ মান্নাকে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। মাখনবাবু বলেন, ‘‘ওরা ট্রেকারে আগুন লাগানোর চেষ্টাও করে। কোনওমতে বেঁচে ফিরেছি।’’
আজকাল: ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন। ভারতের সীমান্তে আরও বেশি সংখ্যক সৈন্য মোতায়েন করছে চীন। তাই ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিল পেন্টাগন। যদিও ঠিক কী উদ্দেশ্য নিয়ে চীন এই পদক্ষেপ করেছে, সেটা জানা যায়নি। তবে চীন-অরুণাচল সীমান্তের ৪০৫৭ কিলোমিটার দীর্ঘ অঞ্চলে সতর্ক দৃষ্টি রাখাতে বলা হয়েছে।*
রেডিও তেহরান/নাসির মাহমুদ/১৪