সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৬:৩১ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থার নির্দেশ-প্রথম আলো
  • সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
  • শিশুপুত্রকে বিচারকের অস্ত্র চালনার ট্রেনিং, ভাইরাল ভিডিও-মানবজমিন
  • প্রতিটি সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়া বিএনপির গাত্রদাহের কারণ’ -যুগান্তর
  • পাঞ্জশির দখল হয়নি, লড়াই চলবে: রেজিস্ট্যান্স ফ্রন্ট -ইত্তেফাক
  • করোনা, ডেঙ্গুর ব্যর্থতাকে আড়াল করতেই জিয়া ইস্যু : মির্জা ফখরুল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ভবানীপুরে প্রার্থী নন শুভেন্দু, একজন কত বার লড়বেন? ‘না’ বলে দিলেন দিলীপ-আনন্দবাজার পত্রিকা
  • যেকোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত’, দিল্লির ইডি দপ্তরে অভিষেক -আজকাল
  • সরকার গঠনের প্রক্রিয়া শেষ! তালিবানের অতিথি তালিকায় চিন-পাকিস্তান-রাশিয়া, বাদ ভারত-সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থার নির্দেশ-প্রথম আলো

বিদেশগামীদের সুবিধার্থে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়েছেন। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে পরে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্রুত সময়ের মধ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চালু করা হবে। তারপর দেশের বাকি দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে তা চালু করা হবে। বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু হলে চার ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে জানানো হয়। এ ছাড়া মন্ত্রিসভার আজকের বৈঠকে বন্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ

সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। লন্ডনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। সোমবার (০৬ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সীমান্তে হত্যা ‘বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার’। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তালেবানের নীতি এবং আচরণের ওপর নির্ভর করবে বাংলাদেশ তাদের স্বীকৃতি দেবে কিনা। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থবিরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এটা সত্যি যে গত চার বছরে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি।" এর জন্য তিনি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ না থাকাকেই প্রধানত দায়ী করেন।

প্রতিটি সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়া বিএনপির গাত্রদাহের কারণ’ -যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে। 

বিএনপির শাসনামলে স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির সফল বাস্তবায়ন হয়েছে বলে বিএনপি নেতাদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটি অদৌ সত্য নয়, তাদের এ দাবি অন্যান্য বক্তব্যের মতোই অসত্য ও অন্তঃসারশূন্য। ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ইলিশ উৎপাদনে প্রথম ও আউটসোর্সিংয়ে দ্বিতীয় অবস্থানে, অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, প্রবাসী আয়ে ৮ম, ধান উৎপাদনে ৪র্থ, পাট রপ্তানিতে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়, মিঠাপানির মৎস্য উৎপাদনে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে।  বিএনপির শাসনামলে অর্থনৈতিক উন্নয়নে ছিল চরম স্থবিরতা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তাদের বাজেট ছিল পরনির্ভর, ছিল না বাস্তবায়নে কোনো সক্ষমতা।  বিএনপির উন্নয়ন নীতি ও কৌশল ছিল ভ্রান্ত এবং গণবিরোধী। 

তিনি বলেন, উৎপাদন ব্যবস্থার মূলচালিকাশক্তি বিদ্যুৎব্যবস্থাকে বিএনপি ধ্বংস করে দিয়েছিল। দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং ছিল বিএনপির তথাকথিত উন্নয়ন-মন্তব্য ওবায়দুল কাদেরের।  তিনি বলেন, শুধু বিদ্যুৎ খাত নিয়ে তুলনা করলেই বিএনপির দাম্ভিকতা চূর্ণ হতে বাধ্য। 

পাঞ্জশির দখল হয়নি, লড়াই চলবে: রেজিস্ট্যান্স ফ্রন্ট -ইত্তেফাক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকা পুরো নিয়ন্ত্রণে নেওয়ার যে দাবি তালেবান করেছে, তা অস্বীকার করেছেন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধারা। একই সঙ্গে তারা বলেছেন, তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তালেবানের দাবি সম্পর্কে এনআরএফের মুখপাত্র আলি মাইসাম বিবিসিকে বলেন, ‘এটা সত্য নয়, তালেবান পাঞ্জশির দখল করতে পারেনি। আমি তালেবানের দাবি প্রত্যাখ্যান করছি।’ পরে এনআরএফের পক্ষ থেকে এক টুইটার পোস্টে দাবি করা হয়েছে, তালেবানবিরোধী লড়াই অব্যাহত রাখার জন্য পাঞ্জশির উপত্যকাজুড়ে সব কৌশলগত অবস্থানে এনআরএফ বাহিনীর উপস্থিতি রয়েছে।

এর আগে সোমবার সকালে পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি করেছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় শুধু পাঞ্জশির ছাড়া ৩৪টি প্রদেশের ৩৩টির নিয়ন্ত্রণ ছিলো তাদের হাতে।

শিশুপুত্রকে বিচারকের অস্ত্র চালনার ট্রেনিং, ভাইরাল ভিডিও-মানবজমিন

পিস্তল হাতে শিশুপুত্র। পেছনে দাঁড়িয়ে বিচারক পিতা। তিনি ছেলেকে শেখাচ্ছেন ট্রিগার চাপার কৌশল। ছেলেও একের পর এক ছুড়ছেন গুলি। বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ।চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জুয়েল তার দুই শিশুপুত্রকে আগ্নেয়াস্ত্র চালনা শেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির সত্যতা মানবজমিন-এর কাছে স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম। অনেক আগে বেড়াতে গিয়ে শখের বশে ভিডিওটি করা হয় বলে দাবি করেন।তিনি বলেন, আমি যখন সুন্দরবন কয়রা এলাকার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলাম- তখনকার ঘটনা এটি। সুন্দরবন বেড়াতে গিয়ে বাচ্চারা শখ করে পিস্তল দিয়ে গুলি করেছে।

তখন এই ভিডিওটি আমার ফেসবুকে আপলোড করা হয়।বাচ্চাদের আগ্নেয়াস্ত্র চালনা শেখানো নৈতিকভাবে কতটুকু ঠিক এমন প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, এটা বাচ্চারা শখ করে করেছে। তবে এটা করা ঠিক হয়নি। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

করোনা, ডেঙ্গুর ব্যর্থতাকে আড়াল করতেই জিয়া ইস্যু : মির্জা ফখরুল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ও ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ, সেই সাথে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার তাদের ব্যর্থতা আড়াল করার জন্য জিয়ার কবর নিয়ে কুরুচিকর, অরাজনৈতিক ইস্যু তৈরি করেছে।

জিয়ার কবর নিয়ে এখন কথা বলার কোনো মানেই হয় না। করোনার কারণে দেশে বেকারত্ব বেড়েছে, অনেক মানুষ কাজের অভাবে দিশেহারা। তার সাথে ডেঙ্গুর জন্য কত মানুষ মারা গেল। এসব থেকে উত্তোরণের চিন্তা না করে সরকার জিয়ার কবর নিয়ে মেতে উঠেছে। এই সরকারের ওপর এজন্যই মানুষের আস্থা নেই। সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি।

ভবানীপুরে প্রার্থী নন শুভেন্দু, একজন কত বার লড়বেন? ‘না’ বলে দিলেন দিলীপ-আনন্দবাজার পত্রিকা

ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজেপি-র প্রার্থী হবেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথাতেই তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুর শহরে একটি অনুষ্ঠানে যোগদানের পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘শুভেন্দু তো একবার হারিয়েছে, আর কত বার লড়বে,এ বার অন্য কেউ হারাবে। একই লোক বারে বারে হারাবে কেন।’’

নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিজেপি-র অভ্যন্তরীণ নানা বিভ্রান্তি সামনে আসছে। গেরুয়া শিবির কী করবে তা এখনও স্পষ্ট নয়। আইনি পথে নির্বাচন ঠেকানোর চেষ্টা যেমন চলছে তেমন ভবানীপুরের কর্মীদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে। সোমবার রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী একটি বৈঠকও করেন। রবিবার দিলীপ আবার দু’রকম কথা বলেন। একবার জানান, তাঁরা আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবছেন। আবার এটাও বলেন যে, তাঁরা ভবানীপুরে উপনির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন। তারই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, দল নির্দেশ দিলে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। তবে দলের তরফে শুভেন্দুকে তেমন বলার সম্ভাবনা যে নেই সোমবার সেটা স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি।

যেকোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত’, দিল্লির ইডি দপ্তরে অভিষেক -আজকাল

সোমবার সকাল ১০.৫৫ নাগাদ ইডি-র জামনগরের দপ্তরে হাজির হলেরন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায়, ‘যেকোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজের কাজ করছে। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি ওনাদের সহায়তা করছি।’ 

রবিবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন, ‘কলকাতার কেস আমাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে। আমি যাব। আমি তো যাচ্ছি। আমি সব ধরনের তদন্তের মুখোমুখি হতে তৈরি। এই এত বড় দুর্নীতির কথা বলছে। কেউ বলছে ১০০ কোটি। কেউ বলছে ২০০ কোটি। কেউ বলছে ৫০০ কোটি। আবার কেউ বলছে ১০০০ কোটি। আমি নভেম্বরে প্রকাশ্যে জনসভা থেকে জানিয়েছিলেন, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ কেন্দ্রীয় সংস্থা জনসমক্ষে আনতে পারলে বা কোথাও থেকে ১০ পয়সাও নিয়েছি প্রমাণ থাকলে জনসমক্ষে আনুন। আমার পিছনে ইডি-সিবিআই লাগিয়ে কিছু হবে না। আমাকে বলুন ফাঁসির মঞ্চ করে মৃত্যুবরণ করতে রাজি আছি। আজও একই কথা বলছি। যে কোনও তদন্তের মুখোমুখি হতে রাজি। জনসমক্ষে আনছেন না কেন?’

সরকার গঠনের প্রক্রিয়া শেষ! তালিবানের অতিথি তালিকায় চিন-পাকিস্তান-রাশিয়া, বাদ ভারত-সংবাদ প্রতিদিন

ভেঙে পড়েছে প্রতিরোধের দেওয়াল। তালিবানের (Taliban) দখলে বিখ্যাত মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের গড় পঞ্জশির। ‘সিংহের উপত্যকা’ বিজয়ের পরই এবার সরকার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ বলে ঘোষণা করল তালিবান। আর নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চিন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে তালিবানের প্রধান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। এখনও পর্যন্ত তালিবানের আমন্ত্রণ তালিকায় নাম নেই ভারতের।

সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে জাবিউল্লা মুজাহিদ বলে, “যুদ্ধ শেষ হয়েছে। আফগানিস্তানের শেষ প্রদেশ পঞ্জশির এখন আমাদের দখলে। আমরা আশা করছি এবার দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে। যারা অস্ত্র তুলে নেবে তারা জনতা ও দেশের শত্রু। মানুষের মনে রাখা উচিত যে হানাদাররা কখনও দেশ গড়ে তুলবে না। এটা আমাদের কাজ, এবং আমাদেরই করতে হবে।” বিমান পরিষেবা মিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুজাহিদ জানায়, “কাতার, তুরস্ক ও আরব আমিরশাহী থেকে আসা বিশেষজ্ঞদের দল কাজ করছে। দ্রুত কাবুল বিমানবন্দরে পরিষেবা শুরু হবে।”

 

পার্সটুডে/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।