সিলেটে রেডিও তেহরান সম্পর্কে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রচার অভিযান
https://parstoday.ir/bn/news/bangladesh-i100048-সিলেটে_রেডিও_তেহরান_সম্পর্কে_সাউথ_এশিয়া_রেডিও_ক্লাবের_প্রচার_অভিযান
‘সার্বজনীন, নির্ভীক, সত্য সম্প্রচারে রেডিও তেহরান’- এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট ‘সাদা পাথর’-এ দিনব্যাপী প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৫, ২০২১ ১৭:২৩ Asia/Dhaka
  • সিলেটে রেডিও তেহরান সম্পর্কে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রচার অভিযান

‘সার্বজনীন, নির্ভীক, সত্য সম্প্রচারে রেডিও তেহরান’- এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট ‘সাদা পাথর’-এ দিনব্যাপী প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্ব কার্যক্রম রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে গত ১২ নভেম্বর (শুক্রবার) এই কর্মসূচি পালন করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবালের নেতৃত্বে প্রচার কার্যক্রমে অতিথি হিসেবে যোগ দেন বেতার ব্যক্তিত্ব ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। প্রচারণাটি সার্বিকভাবে সফল করতে সহযোগিতা করেন ক্লাবের সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া ও সদস্য মো: আকবর আলী।

প্রচারাভিযানে ড. মির শাহ আলম বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক শক্তিরাজ এই দুটি বিষয়ে আজকের পৃথিবীতে তুলনা করলে দেখা যাবে শক্তিতে অনেকে অনেকভাবে এগিয়ে আছে। এই শক্তিগুলোকে অনেকে পছন্দ করে না আবার ভয়ও পায়। কিন্তু গণমাধ্যম হিসেবে সত্য এবং সুন্দর ভাবে সারা পৃথিবীর তথ্যচিত্র তুলে ধরার ক্ষেত্রে যারা অনেক কষ্ট করছে, শ্রম সাধনা করছে তাদের আমরা যদি একটি তালিকা তৈরি করি তাহলে অনেক নাম এসে যাবে। এরমধ্যে রেডিও তেহরান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের এই দেশের যে মেরুকরণ অথবা পৃথিবীর যে মেরুকরণ এরমধ্যে সাম্রাজ্যবাদ আছে, এখানে সাংস্কৃতিক আগ্রাসন আছে, ভূ-রাজনীতি আছে, এক দেশ আরেক দেশকে দখল করে নেয়ার প্রবণতা আছে। সবচেয়ে বড় কথা হলো অর্থ দিয়ে এবং অস্ত্র দিয়ে অথবা দুটো দিয়েই যারা শক্তিশালী তারা চেষ্টা করে মানুষের মন দখল করে নেয়ার। অনেক সময় এ চেষ্টা সাময়িকভাবে প্রতিষ্ঠিত হলেও এটি স্থায়ী হয় না। কিন্তু গণমাধ্যম হিসেবে যে সত্যগুলি, তথ্যগুলি বা সংবাদগুলি মানুষের কাছে পরিবেশিত হয় এগুলি মানুষের মনে মগজে ধারণ করে এবং একসময় সত্যটা প্রতিষ্ঠিত হয়ে যায়। সেই সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সারা পৃথিবীর ছবি তুলে ধরার চেষ্টা করছে রেডিও তেহরান। যেহেতু আজকের পৃথিবীতে যারা শক্তির মহড়া করছে তারা চেষ্টা করছে কোন না কোনভাবে ভূ-রাজনীতিতে তাদের একটা বিশাল প্রভাব, বলয় সৃষ্টি করার। সেহেতু এই শক্তির বিপরীতে আমাদের চেষ্টা করা উচিত প্রকৃত সত্য জেনে নেয়ার। আমরা রেডিও তেহরানের কাছ থেকে এ তথ্যগুলি দেখছি এবং তারা বিভিন্ন সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো আছে সবগুলি থেকে নিরপেক্ষ হয়ে এই কাজটি করছে।

ড. মির শাহ আলম বলেন, একসময় মধ্যযুগীয় বর্বরতা ছিল যখন শক্তি দিয়ে মানুষ সারা পৃথিবী দখল করে ফেলত এবং এটি অনেক দিন স্থায়ী হতো, শতশত বছর বা অর্ধশত বছর, ৫০০ বছরের স্থায়ী হয়েছে এমন রাজত্বও আছে যারা শক্তি দিয়ে প্রতিষ্ঠিত থেকেছে। কিন্তু এখনকার সময়টা তেমন না, যে তীর-ধনুক-ভল্লম অথবা অস্ত্র দিয়ে মানুষের মন জয় করে ফেলবে। সুতরাং এই জয়ের বা স্থায়িত্ব অর্জনের মাধ্যম একটাই, সেটা হলো- সঠিক তথ্য মানুষের কাছে প্রচার করা। গণমাধ্যম হিসেবে রেডিও তেহরান সেই চেষ্টা করছে। সভ্য এই জগতে, সভ্য এই যুগে মানুষ যেখানে শিক্ষিত হচ্ছে, মানুষের চরিত্র উন্নত হচ্ছে, মানুষের আয়-উন্নতি বাড়ছে। সে ক্ষেত্রে মানুষ যাতে সত্যটা গ্রহণ করে সিদ্ধান্ত নেয়, আসলে তার পন্থাটা কোনটা হবে? রেডিও তেহরান এ বিষয়ে বেশ অগ্রণী ভূমিকা পালন করছে। আজকের প্রাচ্য এবং পাশ্চাত্য প্রত্যেকেরই নিজস্ব গণমাধ্যম আছে এবং সবাই চেষ্টা করছে তার পক্ষে গণমাধ্যমটি ব্যবহার করতে। সেই ক্ষেত্রে যেহেতু প্রাচ্য এবং পাশ্চাত্যের এসমস্ত মাধ্যমের চেয়ে রেডিও তেহরান অপেক্ষাকৃত কম শক্তিশালী এজন্য তারা চাচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে সত্য এবং নির্ভীক ভূমিকা পালন করতে যাতে সারা পৃথিবীর মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়।    

রেডিও তেহরানের ব্রুশিয়ার বিতরণ

প্রচারাভিযানের সময় সাদা পাথরে বেড়াতে আসা পর্যটক এবং কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি ও সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের নেতৃবৃন্দের সাথে সাউথ এশিয়া রেডিও ক্লাবের নেতৃবৃন্দ রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন, অনুষ্ঠান সূচি বিতরণ করেন। এছাড়া, রেডিও সেটে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে অনুষ্ঠান শুনতে উৎসাহিত করেন এবং রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে ডটকম ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানান।

কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি ও সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের নেতৃবৃন্দ জানান- তারা এখন থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে চেষ্টা করবেন এবং সেটি তাদের ফেসবুক গ্রুপেও শেয়ার করবেন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জের ফটোগ্রাফারদের মধ্যে মো: আলেক মিয়া, মো: নয়ন, আল মাহমুদ মুহিম, মো: মাসুদ রানা, মো: মেহরাব হোসাইন মিন্নাত ও ইকবাল হোসাইন। পর্যটকদের মধ্যে ছিলেন, মো: সাইফুল ইসলাম জীবন, মো: মামুনুর রশীদ, মো: হাসান, মো: শফি আহমেদ পায়েল, মো: জুয়েল, মো: সোহেল, মারুফ হাসন তনয়, সাদ্দাম হোসেন জিতু, মো: রকি প্রমুখ।

বলা বাহুল্য, ভোলাগঞ্জ কোয়ারির জিরো পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল। সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা, গন্তব্য ধলাই নদীর বুক, প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে। স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নদীর বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজারগুণ। সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝরনার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই। ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধলাই নদীর জিরো পয়েন্ট এলাকা স্থানীয়ভাবে ‘সাদা পাথর’ এলাকা হিসেবে পরিচিত। সম্প্রতি জায়গাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সেখানে ভিড় করেন। ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতিবছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর।#

 

বার্তা প্রেরক,

তাছলিমা আক্তার লিমা

ভাইস চেয়ারম্যান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।