সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে খালেদা জিয়ার বক্তব্য, রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকজন জড়িত বলে তাদের ধরা হয় না। আওয়ামী লীগের আমলে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।
শনিবার রাতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি দলের সঙ্গে তার গুলশানস্থ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এসব অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, ‘বর্তমানে দেশে কোনো ধর্মের মানুষের নিরাপত্তা নেই। যত লোক হত্যা হয়েছে, একটাও কি ধরা পড়েছে? একটাও ধরা পড়েনি। তার কারণটা হলো, এরা সব তাদের দলীয় লোক।’
সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন, ‘আওয়ামী লীগ মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। তারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে না। তাই যদি হতো তাহলে সব ধর্মের মানুষকে হত্যা করত না। আওয়ামী লীগের আমলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।‘
বেগম জিয়ার অভিযোগকে যথার্থ দাবি করে বিরোধী জোটের শরীক ডেমোক্রাটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি রেডিও তেহরানকে বলেন, চরিত্রগতভাবেই আওয়ামীলীগ জনগণের ওপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, সাম্প্রতিক বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘটন না করাটা একটা রহস্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বাসদের এ নেতা বলেন, দেশে যে জুলুমের শাসন চলছে তা থেকে জনগণের কেই আজ নিরাপদ নয়। আর দেশব্যাপী যে খুন-খারাবি চলছে তার দায়িত্ব অবশ্যই সরকারের ওপর বর্তাবে।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারের ভূমিকার সমালোচনা করে খালেদা জিয়া বলেছেন, কোনো দল থাকবে না, তারা একলাই থাকবে—এটাই আওয়ামী লীগের নীতি। দেশে এখন গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, কথা বলার স্বাধীনতা নেই। ভিন্ন মত প্রকাশ করলেই মামলা, জেলে নিয়ে নির্যাতন শুরু হয়ে যায়।
বেগম জিয়া নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারেরও কঠোর সমালোচনা করেন। সিইসিকে বোবা আখ্যা দিয়ে তিনি বলেন, এখন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মনে করছেন, নির্বাচন করতে গেলে ট্যাংক লাগবে। এতদিনে তিনি বুঝেছেন ট্যাংক লাগবে। বিএনপি সে জন্যেই বলেছে, এই স্থানীয় সরকার নির্বাচন না হলেও জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তাহলে সেখানে সেনাবাহিনী ট্যাংক ব্যবহার করতে পারবে।
আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, মারামারিতে নয়, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। সরকারকে রাজনৈতিক দলসমূহের সাথে অলোচনায় বসে রাজনৈতিক সমস্যা সমাধানের পরামর্শ দেন বেগম জিয়া। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২