৯৯৯-এ ফোন
ডা. মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর, পরে থানায় জিডি
-
ডা. মুরাদ হাসান
বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। আজ (বৃহস্পতিবার) ডা. জাহানারা প্রথমে ৯৯৯-এ ফোন করে নির্যাতনের অভিযোগ করেন। পরে রাজধানীর ধানমণ্ডি থানায় ডা. মুরাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
জিডিতে ডা. জাহানারা এহসান অভিযোগ করেন, “বিবাদী ডা. মুরাদ হাসান আমার স্বামী। তিনি বর্তমান সরকারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে আমাকে ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে এবং হত্যার হুমকি দিচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিকে আমাকে ও আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার উদ্যোগ গ্রহণ করলে আমি ৯৯৯ এ ফোন করি। এরপর ধানমণ্ডি থানা পুলিশ কল পেয়ে বাসায় পৌঁছালে তার আগেই সে বের হয়ে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদী আমার ও আমার সন্তানদের যে কোন ক্ষতি করতে পারে।”
এর আগে আজ বিকেলে ৯৯৯-এ ফোন করেন মুরাদের স্ত্রী। ফোন ধরেন একজন কনস্টেবল সমমর্যাদার অপারেটর। মুরাদের স্ত্রী তাকে বলেন, “আমি ডা. জাহানারা। ধানমন্ডি থেকে বলছি। আমার স্বামী ডা. মুরাদ, এমপি মুরাদ।“
এপাশ থেকে ‘আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি’ জানতে চাইলে মুরাদের স্ত্রী বলেন, “আমার স্বামী কয়েকদিন ধরেই আমার সঙ্গে খারাপ আচরণ করছেন। কথায় কথায় আমাকে হুমকি ধমকি দিচ্ছেন। শারীরিক নির্যাতনের শিকার আমি। আমাকে বাঁচান। ও বলেছে আমাকে মেরে ফেলবে। আমাকে ও আমার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার ওপর এখন হাত তুলতে চেয়েছিল। আমাকে আপনারা বাঁচান। আমাকে উদ্ধার করুন। প্লিজ পুলিশ পাঠান, এখনি পুলিশ পাঠান।”
৯৯৯ এর অপারেটর তখন মুরাদের স্ত্রীর কাছে তার বাসার ঠিকানা চান। তখন ঠিকানা দিলে ৯৯৯ থেকে ধানমন্ডি থানার ডিউটি অফিসারকে ফোন করা হয়। ডিউটি অফিসার তখন মুরাদের ধানমন্ডি ২৮ (পুরাতন) নম্বরের বাসায় পুলিশ পাঠায়।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, “ডা. মুরাদ হাসানের স্ত্রী সন্ধ্যায় ধানমণ্ডি থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ এনেছেন। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। দায়িত্বরত পুলিশ তাকে বাসায় গিয়ে পায়নি। তিনি কোথায় আছেন আমরা তা জানি না। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।“
উল্লেখ্য, বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফোনে ধর্ষণের হুমকি দেওয়ার অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। এরপর তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। বিতর্কের মুখে দেশ ত্যাগ করলেও কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকেই আড়ালে রয়েছেন ডা. মুরাদ হাসান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।