খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে পরিণাম ভালো হবে না: বিএনপি
-
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনকে গ্রেফতারের আশঙ্কা করা হচ্ছে, এমন খবর শোনা যাচ্ছে। তাকে গ্রেফতার করা খুব সহজ হবে না। তার গ্রেফতার মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগ যদি মনে করে খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে দেশে শান্তি আসবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে মহানগর বিএনপির যৌথসভায় মির্জা আব্বাস এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আগামী ৩০ মে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ যৌথসভার আয়োজন করে বিএনপি।
মির্জা আব্বাস বলেন, সরকারের উচিত দেশের জনগণের সঙ্গে ভালো ব্যবহার করা এবং খালেদা জিয়ার সঙ্গে আলাপ-আলোচনা করা। দমন নিপীড়ন করে পৃথিবীর কোনো শাসক ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগ সরকারও পারবে না।
এক-এগারোর আগে ও পরের মতো এখন আবারও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, কোনো একটি স্বার্থান্বেষী মহল সেই ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি করছে। যার একটি ছায়া মহানগর বিএনপিতেও পড়তে দেখা যাচ্ছে। তাই লেগে থাকার জন্য নয়, যারা দলের প্রতি আন্তরিক তারাই আগামী দিনের কর্মসূচিতে অংশ নেবেন। একটি কথা মনে রাখবেন দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেয়া হচ্ছে, প্রতিদিন এমন খবর গণমাধ্যমে আসছে। কিন্তু পদ পেতে দলের নেতা-কর্মীদের তদবির থেমে নেই। সংকট মোকাবিলার জন্য কারও বাসায় আলোচনা হয় না। কাকে ওপরে নেয়া হবে, কাকে কী দেয়া হবে- এসব নিয়ে আলোচনা।
গয়েশ্বর বলেন, আন্দোলন করতে হলে পদ-পদবি দরকার হয় না। এক-এগারোর সময় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিবদের খুঁজে পাওয়া যায়নি। এমপি-মন্ত্রী কাউকে পাওয়া যায়নি, যাদের পাওয়া গেছে, তারা ছিলেন জেলখানায়। বাকিরা বিদেশে, যে যেভাবে পেরেছেন জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তখন তৃণমূলের কর্মীরাই সব মোকাবিলা করেছেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬