দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরোধী বিএনপির নানা মিছিলে হামলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i104644-দ্রব্যমূল্যের_ঊর্ধ্বগতির_বিরোধী_বিএনপির_নানা_মিছিলে_হামলা
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি  আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন জেলায় হামলা এবং  আহত করার ঘটনা ঘটেছে। 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
মার্চ ০২, ২০২২ ১৬:২১ Asia/Dhaka
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরোধী বিএনপির নানা মিছিলে হামলা

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি  আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন জেলায় হামলা এবং  আহত করার ঘটনা ঘটেছে। 

বুধবার (০২ মার্চ) সকাল পটুয়াখালী‌তে দলীয়  কার্যালয়ের সামনে বিএন‌পির বিক্ষোভ সমাবেশে দফায় দফায় হামলার ঘটনা  ঘটেছে। এতে বিএনপির ৫ নেতা সহ  অন্তত: ৫০ জন আহত হয়েছেন। 

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। 

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ। এতে ১৫ জন নেতাকর্মী আহত হন।সেখান থেকে ৫ জনকে আটক করা হয়েছে। 

বুধবার (২ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক  জরুরি সংবাদ সম্মেলন ডেকে দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদ জানান। 

তিনি বলেছেন, ‘অবৈধ রাজনৈতিক শক্তির কারণে তারা জনগণের পদশব্দে আতঙ্কিত হয়। জনগণের সোচ্চার কণ্ঠেও তারা আতঙ্কিত হয়।আতঙ্কের কারণেই সরকার আজকে রাষ্ট্র শক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের চেতনায় সাজিয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লেলিয়ে দিচ্ছে। রক্ত ঝরাচ্ছে।’ 

বিএনপির এ নেতা বলেন, ‘আজকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন যারা গণতন্ত্র, নাগরিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষকে নির্দয়ভাবে দমন করছে। আজকে দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে ঠিক একই কায়দায় তাদের সন্ত্রাসী বাহিনী এবং তাদের চেতনায় লালিত পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে সরকার।’

এদিকে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তেল, গ্যাস ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে  বুধবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম আয়োজিত আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের  সভাপতি মোস্তফা মহসিন মন্টু দাবী করেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে হবে। এ জন্য সরকারকে সব কিছুতেই ভর্তুকি দিয়ে নিত্য-পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে রাখতে হবে। 

সরকারের উদ্দেশে মন্টু বলেন, আপনাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তবে আপনারা ভবিষ্যতে ভালো একটি জায়গায় থাকতে পারবেন। আপনাদের বিদায় ঘণ্টা বেজে গেছে, এরপরে কী হয় তা বলা মুশকিল। আপনারা মানুষের কথা বোঝার চেষ্টা করেন, দেওয়ালের কথা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের এমন কোনো গলি, এমন কোন রাস্তা পাবে না যেখানে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ নেই। ক্ষমতার জোরে পুলিশের জোরে, দেশে কোনো স্বৈরাচার টিকতে পারেনি। আপনারাও টিকতে পারবেন না। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতা থেকে পদত্যাগ করুন। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত রায় চৌধুরী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

জরুরি বৈঠকে  বাণিজ্যমন্ত্রী 

রমজান ও শবেবরাতকে সামনে রেখে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে চায় সরকার। এ জন্য ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুরের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে করণীয় নির্ধারণে আজ বুধবার জরুরি বৈঠকে  বসেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

এ ছাড়া স্বল্প আয়ের কোটি পরিবারকে রমজানের আগে এবং মাঝে দু’বার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যের খাদ্য সহায়তা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে যাতে অনিয়ম ও দুর্নীতি না হয়ে সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি নিত্য-পণ্যের বাজার মনিটরিং টিমও শক্তিশালী করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/ এআরকে/২