সাভারে রিজভীসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i104724-সাভারে_রিজভীসহ_অর্ধশতাধিক_নেতাকর্মীর_বিরুদ্ধে_মামলা
গতকাল সাভারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল বুধবার রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কাদের সৈকত বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৩, ২০২২ ১৬:২০ Asia/Dhaka
  • সাভারে  রিজভীসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গতকাল সাভারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল বুধবার রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কাদের সৈকত বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টুসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এ ছাড়া শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এদিকে, ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত আশুলিয়া থানা ছাত্রদল নেতা জালাল উদ্দীন ভূইয়া (২২), জাহিদ হোসেন (৩২) ও জাকির হোসেনকে(৪৮) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গতকাল বুধবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে জেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মহাসড়কের টহল পুলিশের ওপর আক্রমণ করেন। এসময় পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়।

এর আগে  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশে অন্তত ১১ জেলায় সংঘর্ষ ও বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। বিএনপির অভিযোগ, পুলিশের লাঠিপেটা এবং আওয়ামী লীগের হামলা ও দুই পক্ষের মধ্যে ধাওয়াধাওয়ির ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মীকে।

দলটির তথ্য মতে, ৬৮ সাংগঠনিক জেলায় গতকাল সমাবেশ হয়েছে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে না। তাদের দলের সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়ে ধনী থেকে ধনী হচ্ছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হলে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় দিতে হবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।