নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতি: বিএনপিসহ বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্য তেল, মাছ, শব্জিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতিতে দিশেহারা সাধারন ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে সবরকম চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৩/৪ টাকা। আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে তেলের দাম লিটার প্রতি ১২ টাকা বৃদ্ধি করা হয়েছে ১ মার্চ থেকে।
ভারত থেকে আমদানীকৃত ও দেশি পেঁয়াজের দাম দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে কেজিপ্রতি প্রকারভেদে ১০ টাকা। বাজারে সাধারন শব্জির দাম প্রকারভেদে কেজি প্রতি ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম বেড়েছে কেজি প্রতি দশ টাকা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যে এমন উর্ধ্বগতির হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতাগণ।
এ অবস্থায় ভোজা তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে শনিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এক অভিযান পরিচালনা করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত সয়াবিন তেলের অতিরিক্ত দাম নেয়ার দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে এক ডিলারের দোকান সিলগালা করে দিয়েছে। একইসঙ্গে দোকানের ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ এবং দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, অসাধু চক্রের কারসাজির পরিপ্রেক্ষিতে তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা তথ্য নিচ্ছি। আগামী দুই-তিন দিনের মধ্যে আমরা তা পাবো। অসাধুতা করলে কাউকে ছাড় দেয়া হবে না।
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ:
আজ শনিবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবী করছেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণের দাম কমান, মানুষের জীবনে স্বস্তি দিন; নিরাপত্তা দিন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে সব জিনিসের দাম বাড়ছে। শুধু দুটি জিনিসের দাম কমছে। একটা হচ্ছে মানুষের জীবনের দাম, অন্যটি হচ্ছে নারী ও শিশুর দাম। আজকে অবুঝ শিশুরা ধর্ষণের শিকার হন, মা-বোনকে তাঁর ইজ্জত হারাতে হচ্ছে। অথচ মৌলিক বিষয়, অভাবের কথা বলা বন্ধ করে দেওয়া হচ্ছে।’
সরকারের কাছে প্রশ্ন রেখে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের মানুষ তার অভাবের কথা প্রকাশ করতে পারবে না কেন?’ওদিকে, ঢাকার ধামরাইয়ে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বাবায়ক আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হলে বিক্ষোভকারীদের পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা সিমা সিনেমা হলের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান নেয়।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।