জেলায় জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নিত্যপণ্যের দাম বৃদ্ধি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দায়ী করলেন মন্ত্রী
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাকাল ভোক্তা সাধারন। কোথাও কোথাও ভোজ্য তেল বাজার থেকে উধাও হয়ে গেছে। দোকানীরা দায়ী করছেন সরবরাহের সংকটকে। উৎপাদক বলছে তাদের উৎপাদন ও সরবরাহ পর্যায়ে কোনো সংকট নেই।
বাজারে এমন অরাজক পরিস্থিতি মোকাবেলায় জেলায় জেলায় অভিযানে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোজ্যতেলের উৎপাদক ও সরবরাহ পর্যায়ে তদন্তে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। এদিকে রমজানকে সামনে রেখে পরিস্থিতিত মোকাবেলায় আমদানিকৃত ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে পণ্যমূল্য বেড়েছে। এজন্য মানুষও কষ্ট পাচ্ছে। ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে যেসব পণ্যের ওপর ভ্যাট ছিল তা তুলে নেয়া হচ্ছে। জনগণকে স্বস্তি দিতেই সরকারের এমন সিদ্ধান্ত নিয়েছে।”
এ ছাড়া টিসিবির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬৯১ কোটি টাকার চিনি, সয়াবিন তেল, ছোলা ও মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়। যা ইউনিয়ন পর্যায়ে এক কোটি পরিবারের কাছে স্বল্পমূল্যে বিক্রয় করবে সংস্থাটি।
এর আগে সোমবার (৭ মার্চ) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন তিন মাসের জন্য ভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। এছাড়া ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে এনবিআরকে চিঠি দিয়েছে।
নিত্যপ্র্যোজনীয় দ্রব্যমুল্য নিয়ে একরকম নাকানি-চুবানি অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সরকারের মুখপাত্র ওবাইদুল কাদের হুঁশিয়ারী করে বলেছেন, বাজার মুল্য নিয়ে কারসাজী সহ্য করবেনা শেখ হাসিনা সরকার। এর আগে গতকাল ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সম্পর্কে এক প্রশ্নের জবাবে দলের যুগ্ম সাধারন সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কিছু অসাধু ব্যবসায়ীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।