মানবাধিকার ও রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য
'নয়াপল্টনে বিএনপি অফিসে অভিযান অগণতান্ত্রিক ও স্বৈরাচারী'
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ সালের জানুয়ারী মাসে অনুষ্ঠানের কথা ঘোষণা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে প্রধান বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি তাদের বিভাগীয় সমাবেশের মাধ্যমে যে রাজনৈতিক ওয়ার্ম আপ শুরু করেছিল তাতে আরো বেশি উত্তাপ যুক্ত করেছে রাজধানী ঢাকার বিভাগীয় সমাবেশ।
একদিকে বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে সরকারের সঙ্গে দেনদরবার আর এরই মধ্যে গেল ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিস এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে একজন নিহতের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আরো।
গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিএনপি ওই সমাবেশের আড়ালে হেফাজতের আদলে ঢাকা অবরোধ করতে চায়। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগাতার অবস্থান নিয়ে ঢাকা অচল করার চেষ্টা করতে পারে। এ কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
অন্যদিকে, রাজনৈতিক সূত্রগুলো বলছে, বিএনপি যে কোনো মূল্যে ঢাকার নয়াপল্টনে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায়। এমন পরিস্থিতিতে নয়াপল্টনে একটি বৃহৎ রাজনৈতিক দলের অফিসে এমন অভিযান ও দলটির মহাসচিবকে ঢুকতে না দেয়া কেন্দ্রীয় শীর্ষ নেতাদের গ্রেফতারের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো।
এ বিষয়ে আইন ও শালিশ কেন্দ্র আসকের নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো. নূর খান লিটন রেডিও তেহরানকে বলেন, বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে পুলিশের অবস্থান ছিল অতিমাত্রায় বাড়াবাড়ি। এটা কোন গণতান্ত্রিক সমাজে হতে পারে না। সভা সমাবেশ রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। এধরণেরর কার্যক্রমকে নিষ্পেষণ ও নিপীড়নের মাধ্যমে কোন দল ও মতবাদকে স্তব্ধ করে দেয়ার চক্রান্ত বলেই মনে করেন এ মানবাধিকার কর্মী। সরকারের ভূমিকারও সমালোচনা নূর খান লিটন।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রেডিও তেহরানকে বলেন, একটা প্রধান রাজনৈতিক দলের অফিসে এমন হামলা ও অভিযান সরকারের স্বৈরাচারী আচরণের বহি:প্রকাশ। ফ্যাসিজমের নিন্মস্তরে নামলে পড়েই কোন দল বা সরকার এমন আচরণ করতে পারে বলে মন্তব্য করেন রুহিন হোসেন প্রিন্স। ##
পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।