আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ ধ্বংসের অভিযোগ জনগন বিশ্বাস করে না : প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে যেসব অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের জনগণ এ ধরনের মিথ্যাচার বিশ্বাস করে না। বরং আওয়ামীলীগ দেশের উন্নয়নে কাজ করে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ যখন যাত্রা শুরু করে, ঠিক তখন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া হয়েছিল ১৯৭৫ সালে। বর্তমান আওয়ামীলীগ সরকার সেই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিচ্ছে বলে জানান শেখ হাসিনা।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি জেলায় ১০০টি মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন, তার হাতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকতো, তাহলে ১০ বছরের মধ্যেই বাংলাদেশ বিশ্বের কাছে দৃষ্টান্ত হিসেবে পরিণত হত। তবে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করেছে আওয়ামীলীগ।
প্রধানমন্ত্রী বলেন, এই মহাসড়কগুলো উন্নতমানের করা হলো। এর ফলে অর্থনৈতিকভাবে সব অঞ্চলের মানুষ লাভবান হবে। একই সাথে রেলপথ, নদীপথ, আকাশপথ, সবক্ষেত্রেই সরকার উন্নয়ন করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, সেতু বা সড়ক করে দেয়া হচ্ছে, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব, যথাযথভাবে ব্যবহার করা এবং পরিচ্ছন্নতার দিকে সংশ্লিষ্টদের দৃষ্টি দিতে হবে দেশের মানুষকেই। কারণ এগুলো দীর্ঘ দিন ভাল থাকলে তাতে দেশের উপকার বেশি হবে। #
পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।