খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে মন্ত্রীরা বিভ্রান্তি ছড়াচ্ছে: গয়েশ্বর চন্দ্র রায়
খালেদা জিয়ার রাজনীতি নির্ভর করবে আদালতের সিদ্ধান্তের ওপর: ওবায়দুল কাদের
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহসিন হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ওবায়দুল কাদের
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইলেকশন করবেন নাকি রাজনীতি করবেন তা নির্ভর করবে আদালতের সিদ্ধান্ত ওপর। খালেদা জিয়ার রাজনীতি আইনি প্রক্রিয়ায় চলবে। -এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহসিন হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে তিনি বলেন, সব জায়গায় রাজনীতি প্রযোজ্য নয়, প্রতিটি অনুষ্ঠানে রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়। ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন, তার দণ্ড শেষ হয়নি। তার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করে। শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। আর দেশের টাকা লুটপাট করায় জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
তবে, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা আগ বাড়িয়ে কথা বলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকারের মন্ত্রীদের এত দরদী হওয়ার দরকার নেই। বিএনপি তার নিঃশর্ত মুক্তি চায়। মুক্তি পাওয়ার পর তিনি বিদেশে চিকিৎসা করবেন নাকি দেশে চিকিৎসা করবেন, ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন নাকি ফকিরের কাছে চিকিৎসা নেবেন সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাঝেমধ্যে যেসব কথা বলছেন তাতে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন গয়েশ্বর।
সিলেটে অপর এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ ভাত খেতে না পারলে উন্নয়ন ধুয়ে খাবে না কী? বিদ্যুৎ বিভাগকে চুরির হাতিয়ার হিসেবে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, দুই মাসে তিন বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মানুষ দ্রব্যমূল্যে দিশাহারা। ১০ টাকায় চাল খাওয়ানের কথা বলে এখন ৭০ টাকায় মোটা চাল খাওয়াচ্ছে। ডিম, পোল্ট্রি মোরগের দাম নাগালের বাইরে।
শুক্রবার সকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।#
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১০