তীব্র উত্তেজনাপূর্ণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট পড়েছে অর্ধেক
https://parstoday.ir/bn/news/bangladesh-i120776-তীব্র_উত্তেজনাপূর্ণ_সুপ্রিম_কোর্ট_আইনজীবী_সমিতি_নির্বাচনে_ভোট_পড়েছে_অর্ধেক
তীব্র উত্তেজনা, হট্টগোল, ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি স্লোগানের মধ্য দিয়ে আজ (বৃহস্পতিবার) বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৬, ২০২৩ ১৫:০৪ Asia/Dhaka
  • তীব্র উত্তেজনাপূর্ণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট পড়েছে অর্ধেক

তীব্র উত্তেজনা, হট্টগোল, ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি স্লোগানের মধ্য দিয়ে আজ (বৃহস্পতিবার) বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির সদস্য আসাদুজ্জামান মনির জানান, সকাল ১০টার পর থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট চলে। এবারের নির্বাচনে ৮ হাজার ৬০২ জন ভোটারের মধ্যে দুইদিন ৪ হাজার ১৩৭ ভোট পড়েছে। সন্ধ্যার পর ভোট গণনা শুরু হতে পারে।

আজ ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগেও আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন। গতকাল হট্টগোল ও ধাক্কাধাক্কির কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টার পর ভোটগ্রহণ শুরু হয়। আজ দুপুর ১২টার দিকেও দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা জোরে জোরে স্লোগান দিতে থাকেন। একদল ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকে। অন্য পক্ষ আবার এর উত্তর দিতে থাকে।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় তুমুল উত্তেজনা শুরু হয়। পুলিশও মাঝে দাঁড়িয়ে সতর্ক অবস্থায় থাকে।

নির্বাচনে গতকাল বুধবারও দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে

এর আগে নির্বাচন পরিচালনাকে ঘিরে পুলিশের হামলাসহ গেল দিনের ঘটনার বর্ণনা আপিল বিভাগে তুলে ধরেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘এ কথাগুলো ভেতরে বসে শুনি। ১১ টায় আসেন, আমরা আপনাদের কথা শুনবো। এখন কোর্টের কাজ করি। ’

এদিকে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান ঘটনায় প্রধান বিচারপতির করণীয় কিছুই নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পর আজ (বৃহস্পতিবার( দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আমিন উদ্দিন বলেন, "প্রধান বিচারপতি বলেছেন আমি ওনাদের (বার কাউন্সিলের বর্তমানে সভপতি ও সম্পাদক প্রার্থী) বলেছি, এটা আইনজীবী সমিতির বিষয়, আমাদের নয়। প্রধান বিচারপতির এখানে করার কিছু নেই। আপনারা যারা বারের সিনিয়র আছেন তারা বিষয়টি আলাপ করে সমাধান করেন। পরিবেশ সবাই মিলে সঠিক রাখার চেষ্টা করেন।"

পরিবেশ সুষ্ঠু আছে কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, "দু’পক্ষকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সমানভাবে দায়িত্ব নিতে হবে। একপক্ষ ব্যালট ছিড়ে নিয়ে যাবে, আর অন্যপক্ষ বাধা দিলে পরিবেশ ঠিক থাকবে কি করে? বিএনপি তো প্রথম থেকেই নির্বাচন করতে চাচ্ছিল না।"

আইনজীবী সমিতির নির্বাচনের ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলা এবং নির্বাচনসংক্রান্ত আনুষঙ্গিক জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার অভিযোগে গতকাল সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান। মামলায় বিএনপিপন্থী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুসসহ ১২ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থান নেন। গত সোমবার এই উপকমিটির আহ্বায়ক মনসুরুল হক চৌধুরী পদত্যাগ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এর আগে দুই পক্ষ মিলেই মনসুরুল হক চৌধুরী আহ্বায়ক করার বিষয়ে একমত হয়েছিল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।