উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা অসাংবিধানিক ঘোষণা: আইন বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i121404-উপজেলা_পরিষদ_আইনের_৩৩_ধারা_অসাংবিধানিক_ঘোষণা_আইন_বিশেষজ্ঞদের_প্রতিক্রিয়া
বাংলাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপজেলা পরিষদের একচ্ছত্র ক্ষমতা হারালেন। হাইকোর্ট উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন। গেল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০২, ২০২৩ ১৪:০৬ Asia/Dhaka

বাংলাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপজেলা পরিষদের একচ্ছত্র ক্ষমতা হারালেন। হাইকোর্ট উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন। গেল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার হাসান এমএস আজিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। এ প্রসঙ্গে ব্যারিস্টার হাসান এমএস আজিম বলেন, ৩৩ ধারা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। কিন্তু হাইকোর্টের এই রায়ের পর উপজেলা প্রশাসন পরিচালনায় ইউএনও নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। 

এর আগে, উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে দু’টি রিট করেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ। এরা হলেন উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ ও চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার।

রায় প্রসঙ্গে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার বলেছেন, সাংবিধানিক দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত সাংবিধানিক নির্দেশনা, সরকারের প্রতিটি প্রশাসনিক গঠিত হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। সরকারের প্রতিটি প্রশাসনিক স্তর গঠিত হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। সরকারের একটি প্রশাসনিক নিম্নস্তর হচ্ছে নির্বাচিত উপজেলা পরিষদ। এই রায়ের ফলে উপজেলা পরিষদ কার্যকর ভূমিকা রাখার আর একধাপ বেগবান হলো।

তবে এই রায়ের কারণে কারো কোন ক্ষমতা হারানোর বিষয় নেই বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।#

পার্সটুডে/ বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২