সরকারের জড়িয়ে পড়ার ভয়ে রমজান মাসেও ক্রসফায়ার দেয়া হচ্ছে: খালেদা
https://parstoday.ir/bn/news/bangladesh-i12400-সরকারের_জড়িয়ে_পড়ার_ভয়ে_রমজান_মাসেও_ক্রসফায়ার_দেয়া_হচ্ছে_খালেদা
গুপ্তহত্যায় সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়েই অপরাধীদের ক্রসফায়ার দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০১৬ ২১:২৪ Asia/Dhaka
  • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

গুপ্তহত্যায় সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়েই অপরাধীদের ক্রসফায়ার দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেছেন, “দুই-একটা অপরাধী ধরা পড়লেও তারা প্রকৃত অপরাধী কিনা জানি না। সেই অপরাধীকে দেখাও যায়, জেলে নিয়ে যায়, তারপর রিমান্ডে, রিমান্ড থেকে আর সে জেলখানায় ফেরত যায় না। তার বাবা-মার কাছেও ফেরত যায় না। সে সোজা চলে যায় ক্রসফায়ারে। কোনো আসামি রিমান্ড থেকে ক্রসফায়ারে কিভাবে যায়? এর উদ্দেশ্যটা কি? সে (অপরাধী) এমন কিছু তথ্য দিয়ে দেয়, যাতে সরকার জড়িয়ে পড়বে। তাই তাকে ক্রসফায়ারে দেয়া হয়। এই পবিত্র রমজান মাসেও এটা করা হচ্ছে।”

শনিবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতারে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, “কয়েক বছরেও সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার করা হয়নি। এর পেছেনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সাগর-রুনির সত্যিকারের হত্যাকারীদের ধরা হলে সত্য জিনিস বের হয়ে আসবে। সরকারের যে অপকর্ম-চুরি দুর্নীতির যে রেকর্ড ছিল তাদের কাছে। সেটা যে তাদের (সাগর-রুনি) ল্যাপটপে ছিল। সেই ল্যাপটপ চুরি করেছে আর কোনো জিনিস চুরি করে নি।”

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, “বাংলাদেশে আজ যিনি বসে আছেন, তিনি কি দেশের প্রধানমন্ত্রী? না তিনি অন্য কোনো মন্ত্রী হিসেবে আছেন কি না সেটা বলা মুশকিল। আজ দেশের মানুষ মনে করেন, তিনি প্রধানমন্ত্রী নন, নামে প্রধানমন্ত্রী। যেহেতু তিনি নির্দেশ পালন করেন, সেহেতু তাকে আর প্রধানমন্ত্রী বলা যায় না।”

খালেদা জিয়া আরো বলেন, “যারা আজ জোর করে ক্ষমতায় বসে আছে তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। আদালত নির্দেশ দিয়েছে কাউকে বিনা ওয়ারেন্টে ধরতে পারবে না, সাদা পোশাকধারী কোনো লোকজন রাতের বেলায় কাউকে গ্রেপ্তার করতে পারবে না। কিন্তু সে নির্দেশও মানা হচ্ছে না। এরা আজ দেশের আদালতের নির্দেশ পর্যন্ত মানে না। উল্টো আদালতকে তারা আদেশ দেয়, নির্দেশ দেয় যে তাদের কী করতে হবে, কী করতে হবে না। আজ এদেশে কারো কোনো নিরাপত্তা নেই। কারো কোনো কাজ করার অধিকার নেই।”

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন-বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ন্যাশানাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান পেশওয়ারী, ইসলামিক পার্টির আবু কাদের চৌধুরী, পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট গরীবে নেওয়াজ প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।#

পার্সটুডে/এআর/১৮