ক্রসফায়ার নয়, ফাহিমকে হত্যা করা হয়েছে: খালেদা জিয়ার দাবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i12835-ক্রসফায়ার_নয়_ফাহিমকে_হত্যা_করা_হয়েছে_খালেদা_জিয়ার_দাবি
মাদারিপুরে রিমান্ডে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ফয়জুল্লাহ ফাহিম প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “ফাহিমকে ক্রসফায়ার নয়, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যা করা মানে হাসিনা এর সঙ্গে জড়িত। কেননা হাসিনা হল হোম মিনিস্টার (বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল)। কাজেই আমরা বলতে চাই, এই নিরীহ হত্যার বিচার হওয়া দরকার।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৬ ২০:৩৯ Asia/Dhaka
  • ক্রসফায়ার নয়, ফাহিমকে হত্যা করা হয়েছে: খালেদা জিয়ার দাবি

মাদারিপুরে রিমান্ডে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ফয়জুল্লাহ ফাহিম প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “ফাহিমকে ক্রসফায়ার নয়, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যা করা মানে হাসিনা এর সঙ্গে জড়িত। কেননা হাসিনা হল হোম মিনিস্টার (বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল)। কাজেই আমরা বলতে চাই, এই নিরীহ হত্যার বিচার হওয়া দরকার।”

রাজধানীর গুলশানে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসন বলেন, “প্রধান বিচারপতি নিজেই দেখেছেন, ১৫ হাজার বন্দি রয়েছে। আজকে দেশের সাধারণ মানুষ অপরাধ করে না। অপরাধ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ। এখন গণগ্রেফতারের নামে চলছে পুলিশি নির্যাতন ও বাণিজ্য। একদিকে গুম খুন অন্যদিকে জেলখানায় দিনের পর দিন আটক রেখে শেষ করে দিচ্ছে।”

তিনি বলেন, “এখন সকলের জন্য সমান বিচার নয়। এখানে আওয়ামী লীগের জন্য একরকম আর বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের জন্য আরেক রকম বিচার। অপরাধী আওয়ামী লীগ হলে ছেড়ে দেয় আর বিএনপি নেতাকর্মী কিছু না করলেও তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়।”

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের মুখে বড় বড় কথা আর বুলি। মিথ্যা কথা ছাড়া যেমন সত্য কথা কোনো দিন বলে না তেমনি তারা একটার পর একটা অন্যায়, অপরাধ ও দেশবিরোধী কাজ করে।”

খালেদা জিয়া বলেন, “যত দিন যাচ্ছে দেশ তত খারাপের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ যখনেই ক্ষমতায় আসে তখন নতুন নতুন কিছু করে থাকে যা দেশের জন্য ক্ষতিকর। এ থেকে দেশকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।”

তিনি বলেন, “আজকে বিচার বিভাগকে শেষ করে দেওয়া হয়েছে। বিএনপি সেখানে ন্যায়বিচার পায় না। দেশে চলছে দুই ধরনের বিচার। আওয়ামী লীগের জন্য এক ধরনের আর বিএনপিসহ সাধারণ মানুষের জন্য আরেক ধরনের বিচার। আওয়ামী লীগের লোকেরা অপরাধ করলে কিছুদিন পর জামিন দেওয়া হয়। কিন্তু বিএনপির লোকেরা অপরাধ না করেও জেল খাটছে। জামিন পেলেও নতুন নতুন মামলায় আটক দেখানো হয়। এমনকি জেলগেট থেকে ফের গ্রেফতার করা হয়। বিএনপিসহ বিরোধীদলের লোকদের কারাগারে চিকিৎসা দেয়া হয় না। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণও করেছেন।”

খালেদা জিয়া বলেন, শেখ হাসিনাকে লুটেরাদের রাজা, রানি যাই বলেন না কেন তিনিই লুটেরাদের প্রধান।

তিনি বলেন, “অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ ব্যাংক লুটপাট হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট হয়, আগে কখনো শুনিনি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে নতুন নতুন অনেক কিছু দেখা যায়। তা থেকে দেশকে উদ্ধার করা সম্ভব হয় না। অথচ তাদের মুখে বড় বড় বুলি। তারা মিথ্যা ছাড়া কখনো সত্য কথা বলে না। একটার পর একটা দেশবিরোধী কাজ করে।”

এ সময় তিনি দাবি করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন―বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী প্রমুখ।

২০ দলীয় জোট শরিকদের মধ্যে ইফতার মাহফিলে যোগ দেন―বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশে ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) সালাহ উদ্দিন মতিন প্রকাশ, জাতীয় পার্টি (জাফর) আহসান হাবীব লিংকন প্রমুখ।#

পার্সটুডে/এআর/২৪