ক্ষমতা ছেড়ে সুষ্ঠু নির্বাচন দিন: ঈদ শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া
-
ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন বেগম খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “সাঁড়াশি অভিযানের নামে ১৬ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে তিন হাজারের বেশি মানুষ বিএনপির নেতাকর্মী। পবিত্র এই ঈদের দিনটি তাদের জেলে কাটাতে হচ্ছে।”
সরকারদলীয় দু’একজন অপরাধীকে ধরা হলেও পরে আবার ছেড়ে দেয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
আজ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। বিএনপির প্রধান দাবি করেন, ক্ষমতা ছেড়ে সরকারকে জনগণের সরকার প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।
এর আগে প্রথমে খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্নি দেশের প্রায় ২৫ জন কূটনীতিক ও দাতাসংস্থার প্রতিনিধিরা। এর পরে বিশিষ্ট নাগরিকরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারপারসন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সোয়া ১২ টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ। শুভেচ্ছা বিনিময় শেষে বেগম খালেদা জিয়া প্রথমে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর এবং পরবর্তীতে বনানীতে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।#
পার্সটুডে/এআর/৭