মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই বললেই চলে: খালেদা জিয়া
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ তার ঈদের শুভেচ্ছা বাণীতে বলেছেন, “ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই বললেই চলে।”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
ঈদুল আজহার তাৎপর্য উল্লেখ করে বেগম জিয়া বলেন, “ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। কোরবানীর যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব।“
বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, “দেশে এখন ভয়ংকর নৈরাজ্য চলছে। মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। আইনের শাসন অনুপস্থিত থাকায় কোথাও কারও কোন জবাদিহিতা নেই। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যূতের তীব্র সংকট জনজীবনে দুর্বিসহ অবস্থার সৃষ্টি করেছে। ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই বললেই চলে। এ অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না।“
এরকম পরিস্থিতিতে বেগম জিয়া দেশের দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করার জন্য সকল বিত্তবান ও সামর্থবান ব্যক্তির প্রতি আহ্বান জানান।
বেগম জিয়া স্মরণ করিয়ে দেন, “ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে ঈদের আনন্দকে একসাথে ভাগ করে নিতে হবে এক কাতারে মিলে।“
“ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন” - বেগম জিয়া তার বাণীতে মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানান।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১