রংপুরের কাউন্সিলর হিসেবে মনোনীত জয়, যোগ দেবেন আওয়ামী লীগের সম্মেলনে
https://parstoday.ir/bn/news/bangladesh-i22168-রংপুরের_কাউন্সিলর_হিসেবে_মনোনীত_জয়_যোগ_দেবেন_আওয়ামী_লীগের_সম্মেলনে
প্রথমবারের মতো আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তাকে রংপুর জেলার কাউন্সিলর মনোনীত করা হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ০৬, ২০১৬ ১৬:৫৫ Asia/Dhaka
  • সজীব ওয়াজেদ জয়
    সজীব ওয়াজেদ জয়

প্রথমবারের মতো আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তাকে রংপুর জেলার কাউন্সিলর মনোনীত করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২০তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দফতর উপ-পরিষদ রংপুর বিভাগের এক বৈঠকে এ তথ্য জানান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ।

তিনি বলেন, এরইমধ্যে রংপুর জেলা থেকে জয়কে কাউন্সিলর করে দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। রংপুরের সন্তান হিসেবেই তিনি এ কাউন্সিলে অংশ নেবেন।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রংপুর বিভাগের নয়টি সাংগঠনিক জেলা রয়েছে। গাইবান্ধা বাদে অন্যসব জেলা কাউন্সিলরদের তালিকা দিয়েছে। এগুলো নিয়ে আরো বসব। কেউ বাদ পড়েছে কি না, ইত্যাদি খুঁটিনাটি বিষয় আলোচনা হবে। এই কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত নয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এটা চূড়ান্ত হবে।

খালিদ মাহমুদ আরো বলেন, বার বার প্রধানমন্ত্রীর জীবনে হুমকি আসে। তার নিরাপত্তাসহ সম্মেলনে যেসব বিদেশি অতিথি আসবেন, তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৬