ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান খালেদা জিয়ার
https://parstoday.ir/bn/news/bangladesh-i26062-ঐকমত্যের_ভিত্তিতে_নির্বাচন_কমিশন_পুনর্গঠনের_আহ্বান_খালেদা_জিয়ার
বাংলাদেশে নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের কথাও বলেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৮, ২০১৬ ১৪:৫৬ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
    সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বাংলাদেশে নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের কথাও বলেন তিনি।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন। নতুন নির্বাচন কমিশন গঠন ও কাঠামো সম্পর্কে বিএনপির আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপনের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বর্তমান নির্বাচন কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, স্থানীয় নির্বাচনসহ গত কয়েক বছরের নির্বাচন জনগণের মনে আস্থাহীনতা সৃষ্টি করেছে। বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত। সেজন্য একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের কোনো বিকল্প নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও সৎ, সাহসী, অবাধ ও সুষ্ঠু স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন বলে মনে করেন তিনি।

খালেদা জিয়া বলেন, বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে না পেরে জনগণ ক্ষুব্ধ হয়েছে। তারা এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এমন একটি নির্বাচন চায়, যেখানে তারা নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে এবং যে নির্বাচনের ফলাফল কেউ বদলে দিতে পারবে না। সেজন্য একটি সৎ, দক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের কোনো বিকল্প নেই। সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

এ সময়, নির্বাচন কমিশন গঠন এবং প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রণয়ন বাঞ্ছনীয়। নিবন্ধিত রাজনৈতিক দল বা বিভিন্ন সময়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে বাছাই কমিটি গঠন করতে হবে। দুই রাজনৈতিক জোটের দুই মূল প্রতিনিধি, সহায়তাকারী আরো দুজন প্রতিনিধি বৈঠকে থাকবেন। এছাড়া মহাসচিব বা সাধারণ সম্পাদক পর্যায়ে বৈঠক করতে হবে।

সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, সাবেক বিচারপতি, সচিব ও শিক্ষাবিদের সমন্বয়ে ইসি সার্চ কমিটি গঠন করতে হবে। এর মাধ্যমে সৎ, যোগ্য, নৈতিকতা সম্পন্ন, বিতর্কিত নন, এমন কোনো দলনিরপেক্ষ সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের পরামর্শ দেন বেগম খালেদা জিয়া।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৮