খালেদা জিয়ার প্রস্তাব জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়: আওয়ামী লীগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i26095-খালেদা_জিয়ার_প্রস্তাব_জাতির_সঙ্গে_তামাশা_ছাড়া_আর_কিছু_নয়_আওয়ামী_লীগ
বালাদেশের নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব দৃশ্যত নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি বলেছে, ইসি গঠনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসি গঠন নিয়ে বিএনপির দেয়া প্রস্তাবনার জবাবে শুক্রবার বিকালে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১৯, ২০১৬ ০২:৪৫ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

বালাদেশের নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব দৃশ্যত নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি বলেছে, ইসি গঠনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসি গঠন নিয়ে বিএনপির দেয়া প্রস্তাবনার জবাবে শুক্রবার বিকালে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

রাজধানী ঢাকার একটি হোটেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগ নিজেদের প্রতিক্রিয়া জানাতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া যে বক্তব্য প্রদান করেছেন, আমাদের মনে হয়েছে, এটা চর্বিতচর্বণ। ৪৫ মিনিটের অন্তঃসারশূন্য বক্তব্য প্রমাণ করেছে, তিনি জনগণের ওপর আস্থাশীল নন। তাঁর বক্তব্যে এমন কিছু প্রসঙ্গ এসেছে, যা ইতিমধ্যে আমাদের সংবিধান এবং নির্বাচন আইনে অন্তর্ভুক্ত রয়েছে। এটা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সংবিধান মোতাবেক চলতে চাই। এর আগে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করেছিলেন। সেই প্রক্রিয়াই আমাদের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। সেখান থেকে আমরা বিচ্যুত হচ্ছি না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইসি সংস্কারের ফর্মুলায় বাংলাদেশের জনগণের ওপর কিংবা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ-র‍্যাব, বিজিবির প্রতি তাঁর (খালেদা জিয়া) আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি আরও বলেন, জাতির কাছে খালেদা জিয়ার এই ধরনের প্রেসক্রিপশন দেওয়ার আগে তাঁকে ক্ষমা চাইতে হবে যুদ্ধাপরাধীদের রক্ষার নামে মানুষ হত্যা, আগুন দিয়ে মানুষ হত্যা, তাঁর ছেলে তারেকের মানি লন্ডারিং ও দুর্নীতি, নিজের ভুয়া জন্মতারিখ নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচারের জন্য।ওবায়দুল কাদের, 'যারা এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা আমাদের পবিত্র সাংবিধানিক এ প্রতিষ্ঠানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ধৃষ্টতা দেখাচ্ছেন।'

তিনি বলেন, 'খালেদা জিয়ার মিথ্যাচার নতুন নয়, ক্রমাগত ভুলের কারণে তার দল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ভাবে না, বিদেশের কোন দেশে কোন দল ক্ষমতায় আসে, তা নিয়ে ব্যস্ত থাকে।'আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'তিনি (খালেদা) জনগণের ওপর আস্থা রাখেন না। ভোটে তার বিশ্বাস নেই।'

তিনি বলেন, 'জাতির কাছে কোনো ধরনের প্রেসক্রিপশন দেয়ার আগে যুদ্ধাপরাদীদের রক্ষায় মানুষ হত্যার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। শোক দিবসে জন্মদিন পালনের জন্যও ক্ষমা চাইতে হবে।'ওবায়দুল কাদের বলেন, 'এখন যে তিনি (খালেদা) সুন্দর সুন্দর ভালো কথাগুলো বলছেন, এগুলো মাগুরা, ঢাকা-১০ এর উপ-নির্বাচনে কোথায় ছিল। নিজেরা যেটা প্রাকটিস করে না, সেটা অন্যকে বলাও ঠিক নয়।'#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯