জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগ সত্য নয়: খালেদা জিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i27205-জিয়া_চ্যারিটেবল_ট্রাস্ট_মামলায়_দুর্নীতির_অভিযোগ_সত্য_নয়_খালেদা_জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগ সত্য নয় বলে আদালতকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৬ ১৪:২৭ Asia/Dhaka
  • আদালত চত্বরে খালেদা জিয়া
    আদালত চত্বরে খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগ সত্য নয় বলে আদালতকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ (বৃহস্পতিবার) পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে আত্মপক্ষ সমর্থনে এ কথা বলেন তিনি। খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ৩২ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে পড়ে শোনান বিচারক। এরপর আদালত খালেদা জিয়ার কাছে জানতে চান এসব অভিযোগ সঠিক কি না? 

জবাবে খালেদা জিয়া বলেন, এসব অভিযোগ সত্য নয়। তার বিরুদ্ধে করা মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নিজেকে নির্দোষ দাবি করে প্রতিটি অভিযোগের বিষয়ে আদালতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়া। বক্তব্য পাঠ অসমাপ্ত থাকায় আগামী ৮ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করে  আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের ওপর শুনানিতে অংশ নিতে দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে পৌঁছান খালেদা জিয়া। দুপুর ২টা ৫০ মিনিটে আত্মপক্ষ সমর্থনে এ লিখিত বক্তব্য পড়ে শোনাতে শুরু করেছেন খালেদা। একই সঙ্গে জিয়া ‍অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও হাজিরা দেন তিনি।

গত ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা দুই সপ্তাহের সময় চান। পরে আদালত ২৪ নভেম্বর পর্যন্ত সময় দেন। কিন্তু ওই তারিখে তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করলে আদালত ১ ডিসেম্বর দিন ধার্য করেন।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১