রাখাইনের অবস্থার উন্নতি ঘটিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: মিয়ানমারের প্রতি বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i30751-রাখাইনের_অবস্থার_উন্নতি_ঘটিয়ে_রোহিঙ্গাদের_ফিরিয়ে_নিন_মিয়ানমারের_প্রতি_বাংলাদেশ
সীমান্ত দিয়ে ঢুকে পড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আবারও দাবি জানিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে রাখাইন রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১২, ২০১৭ ১৪:০০ Asia/Dhaka
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

সীমান্ত দিয়ে ঢুকে পড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আবারও দাবি জানিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে রাখাইন রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা সফররত অং সান সুচির বিশেষ দূত, মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিয়াও থিনের সঙ্গে এক আলোচনায় এসব দাবি জানানো হয় বলে মন্ত্রী জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফিরিয়ে নিতে রাখাইন রাজ্যে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সেখানকার সংখ্যালঘু জনগোষ্ঠীর গণহারে বাংলাদেশে আসার প্রকৃত কারণ খুঁজে বের করে মূল সমস্যার সমাধানের জন্য মিয়ানমারকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

তিনি আরো জানান, গত ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমার থেকে প্রায় ৬৫ হাজার নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের আসা অব্যাহত আছে। এতে চট্টগ্রাম এলাকা, বিশেষ করে কক্সবাজারের স্থিতিশীলতা বিনষ্ট এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই নিবন্ধিত এসব নাগরিকের পাশাপাশি অনিবন্ধিত আরো ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলা হয়েছে।

বাংলাদেশের এসব দাবির প্রতি মিয়ানমার ইতিবাচক সাড়া দিয়েছে এমন দাবি করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের আগ্রহ দেখছি। তাদের আন্তরিকতায় আমরা আশাবাদী। মিয়ানমারের বিশেষ দূত এ ক্ষেত্রে বাংলাদেশে সহযোগিতা চেয়েছেন। এ সমস্যার সমাধান বাংলাদেশ ও মিয়ানমার এ দুই দেশকে একত্রে মিলেই করতে হবে বলে সম্মত হওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশি কিছু করার নেই। সেখানে গেলে সংকট আরো বেড়ে যেতে পারে। বিশেষ দূতের সফরে বাংলাদেশের সঙ্গে বর্ডার লিয়াজো অফিস ও নিরাপত্তা সহযোগিতা ইস্যুতে দু’টি সমঝোতা চুক্তি করতে মিয়ানমার সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র বিশেষ দূত হিসেবে কিয়াও থিন গত মঙ্গলবার বাংলাদেশ সফরে আসেন। বুধবার সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অং সান সু চির একটি চিঠি হস্তান্তর করেন তিনি। ওই চিঠিতে সু চি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিবিড় করার ইচ্ছা প্রকাশ করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন কিয়াও থিন।#

পার্সটুডে/এমএইচ/এআর/১২