বঙ্গবন্ধু ও আ. লীগকে নিয়ে কটূক্তি: খালেদার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়েছে।
আজ (বুধবার) সকালে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এই আবেদন করেন। বেলা ১১টায় শুনানি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে আদালত জানান।
মামলার আরজি থেকে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খালেদা জিয়া। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।
খালেদা জিয়া আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চলছে দুর্নীতি ও লুটপাট। দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে, ধর্মলঘুদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট ও হত্যা করছে। যেমন পুলিশ বাহিনী দিয়ে বিরোধীদলসহ ভালো ভালো লোককে গ্রেফতার করে গুম করছে এবং হত্যা করছে।
খালেদা জিয়া আরো বলেন, ‘উন্নয়নের নামে পদ্মা সেতু ও ফ্লাইওভারের কাজ বিলম্ব করে ব্যয়বহুল অর্থ দেখিয়ে লুটপাট করছে। যার বিরুদ্ধে আমি ছাত্রদলের নেতাকর্মীদের হুকুম দিচ্ছি তোমরা প্রতিটি গ্রামেগঞ্জে নেমে এই সরকারের বিরুদ্ধে সকল জনগণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে আমাদের পক্ষে ঝাঁপিয়ে নামার ব্যবস্থা কর।’
খালেদা জিয়ার এ বক্তব্য ২ জানুয়ারি বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
বাদী অভিযোগ করেন, ‘আসামির এ বক্তব্য স্বাধীন বাংলাদেশের নেতৃত্বদানকারী জাতির পিতার ইতিহাসকে লঙ্ঘিত করে যুব সমাজের কাছে বিতর্কিতভাবে হেয়পন্ন করে মানহানিকর অপরাধ করেছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে উন্নয়নের ধারাকে ব্যাহত করার উদ্দেশ্যে দেশের মধ্যে সাধারণ জনগণ ও যুব সমাজের মাঝে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে দেশ ও রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন।’
সরকারের পক্ষ থেকে তার বক্তব্য অলিখিতভাবে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। কিন্তু এ তিনি ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আদালতের কাছে প্রার্থনা করেন বাদী।
এর আগে গত বছরের ৩ নভেম্বর সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি ও হত্যার হুমকির অভিযোগে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলায় বাদী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন।#
পার্সটুডে/এআর/২৫