সার্চ কমিটি নিয়ে বিতর্ক করলে ক্ষতি বিএনপিরই হবে: তোফায়েল আহমেদ
-
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রেসিডেন্টের করা সার্চ কমিটি নিয়ে বিতর্ক করলে বিএনপিরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, "সার্চ কমিটিকে বিতর্কিত করলে ক্ষতিটা কিন্তু বিএনপিরই হবে। কারণ, পরে দেখা যাবে যেটাকে বিতর্কিত করেছে, তার অধীনেই নির্বাচনে গেছে। আমি মনে করি, বিএনপি যে প্রতিক্রিয়া তড়িৎ গতিতে দিয়েছে, এভাবে প্রতিক্রিয়া দেয়া ঠিক হয়নি। কারণ, রাষ্ট্রপতি যেটাই করবেন, সেটাকেই তারা বিরোধিতা করবেন।"
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটা কাজ করা যেতে পারত, বিএনপি সার্চ কমিটির একটা লিস্ট দিত, সেটা যদি প্রেসিডেন্ট করতেন, তাহলে হয়ত তারা খুশি হতো। কিন্তু সেটা তো বাস্তবসম্মত নয়। সবার সঙ্গে আলোচনা করেই প্রেসিডেন্ট ছয়জন নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে সার্চ কমিটি গঠন করেছেন বলেও জানান তোফায়েল আহমেদ।
এদিকে, ইসি পুনর্গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করায় প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রেসিডেন্ট কোনো রাজনৈতিক ব্যক্তিকে সুপারিশ করেননি বলেও জানান তিনি।
আজ (বৃহস্পতিবার) দুপুরে যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধুমেলায়, মধুসূদন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এবারের মেলায় কথাসাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং কবিতায় কবি নির্মলেন্দু গুণকে মধুসূদন পদক দেয়া হয়। যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে ২১ জানুয়ারি থেকে সাত দিনব্যাপী মধুমেলা চলছে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬