সার্চ কমিটির বিষয়ে বিদেশিদের নাক গলানোর প্রয়োজন নেই: কাদের
-
বগুড়ার সমাবেশে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে আমরা তা বিশ্বাস করি না। সার্চ কমিটি গঠন হয়েছে। নিরপেক্ষ লোকরাই কমিটিতে আছেন। ওখানে আওয়ামী লীগের কেউ নেই। সার্চ কমিটির বিষয়ে বিদেশিদের নাক গলানোর প্রয়োজন নেই।’
আজ (শুক্রবার) বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের শুধু নালিশ আর নালিশ। ঘরে বসে মিটিং করে আর বিদেশিদের কাছে শুধু নালিশ করে।
বিএনপির প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কি মেরুদণ্ডহীন জাতি? ওই দিন চলে গেছে। এখন অনেকেই আমাদের সমীহ করে। কাজেই আমাদের রাষ্ট্রপতিই ঠিক করবেন—তিনি কার সঙ্গে বসবেন, কার সঙ্গে বসবেন না। এসব ব্যাপারে বিদেশিদের নাক গলানোর প্রয়োজন নেই। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।’
বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি রাষ্ট্রপতির কাছে গিয়ে সার্চ কমিটি নিয়ে আলাপ-আলোচনার কথা বলেছিল। এখন নিরপেক্ষ সদস্যদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এখন তারা (বিএনপি) বলে কেউ নিরপেক্ষ নন। আমি চ্যালেঞ্জ করছি, সার্চ কমিটির কেউ আওয়ামী লীগ করেন না।’
কাদের বলেন, বিএনপি যতক্ষণ না তার পক্ষের লোক পাবে, ততক্ষণ তারা চাইবে আজিজ মার্কা নির্বাচন কমিশন। বিএনপির প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ এখন তাদের দলের কেন্দ্রীয় কমিটির নেতা। সার্চ কমিটিতে আওয়ামী লীগের কোনো নেতা এসেছে? তারপরও তারা বিদেশিদের কাছে নালিশ করেছে। এখন আবার বলে, বিদেশিরা সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায়, সাড়া মেলেনি।
দলের কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেছেন, ‘কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। সামনে নির্বাচন, দু-বছর সময় হাতে উন্নয়ন যা বাকি রয়েছে তা করবো। জমিদারী ভাব দেখাবেন না। নেতার সাথে কর্মীর, কর্মীর সাথে জনতার সেতু তৈরি করতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। দলের মধ্যে দলবাজি করার জন্য খারাপ লোকদের আশ্রয় দেবেন না। দল ক্ষমতায় না থাকলে ওরা বসন্তের কোকিলের মতো উড়ে যাবে। জোর করে ভোট পাওয়া যাবে না, জনগণের চাহিদা মতো কাজ করতে হবে। জনগণের মনের ভাষা, চোখের ভাষা বুঝে কাজ করতে হবে।’
কর্মীসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দুদু, রিপন, আমানকে নিয়ে করলে সার্চ কমিটি মনোপুত হতো বিএনপির। ঘোষিত সার্চ কমিটি বন্ধ করতে পারবেন না।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল, বগুড়ার সাংসদ আবদুল মান্নান, হাবিবর রহমান প্রমুখ বক্তব্য দেন।
পার্সটুডে/এআর/২৭