ইসি নিয়ে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করলেন আ. লীগের ৩ নেতা
-
ওবায়দুল কাদের ও মার্শিয়া বার্নিকাট
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির মাঠে অপ্রাসঙ্গিক হওয়ার ঝুঁকি নেবে না বিএনপি। এ কারণেই আগামী নির্বাচনে অংশ নেবে দলটি। ব্যর্থতার হতাশা থেকে নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি আবোল-তাবোল বকছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "বিএনপির মধ্যে নেগেটিভ বিষয় চলে এসেছে। মানি না, মানব না, এই একটি মানসিকতায় ভুগছে তারা। এটা থেকে তারা বের হতে পারছে না। দেখবেন তারা ঠিকই ইলেকশনে অংশ নেবে।"
তিনি আরও বলেন, "বিএনপি রাজনীতি করে। তাদেরও তো রাজনৈতিক কৌশল আছে। তারা গত নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছে। এর পরিণতিতে তাদের যতটা দুর্বল, সংকুচিত ও এলোমেলো করেছে; সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না। কাজেই তারা নির্বাচনে অংশ নেবে।"
'ইসি গঠনে ফেরেশতা পাঠালেও বিএনপি দলীয় গন্ধ খুঁজবে’
এদিকে, নির্বাচন কমিশন (ইসি) গঠনে আল্লাহপাক ফেরেশতা পাঠালেও বিএনপি তার মধ্যে দলীয় গন্ধ খুঁজবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, "সার্চ কমিটি বরণ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করেছে। এরপরও বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপি’র প্রতিক্রিয়া দেখলে মনে হয়, আল্লাহ পাক ফেরেশতা পাঠালেও তারা রাজনৈতিক গন্ধ খুঁজবে। আল্লাহ ইবলিস শয়তানকে খুশি করতে পারে নাই, বিএনপিকেও খুশি করতে পারবে না।"
আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, "বাতুলতা না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার অংশ না নিলে ফাঁসির মঞ্চে যাবেন। আমরা এমন হাঁটু ভাঙা বিএনপি দেখতে চাই না। সব কিছুতে কিন্তু খোঁজার চেষ্টা বন্ধ করেন।"
'বিএনপি নির্বাচন কমিশন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে'
অন্যদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, 'বিএনপি নির্বাচন কমিশন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।'
'এই নির্বাচন কমিশনের অধীনে কোন নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়' বিএনপির এমন মন্তব্যের জবাবে হানিফ এ কথা বলেন।
আজ (বৃহস্পতিবার) সকালে কুষ্টিয়া মুসলিম হাই স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য তিনি দাবি করেন, 'বর্তমান সরকারের সময় গঠিত দুটি নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। এটি কারো ইচ্ছার প্রতিফলন নয়, জনগণের ইচ্ছায় নির্বাচন কমিশন গঠন হয়েছে। এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টির কোন সুযোগ নেই, যৌক্তিকতাও নেই। যারা এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান, তাদের আসলে জনগণের রায়ের প্রতি কোনো আস্থা নেই।'
তিনি নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৯