রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে আসা ত্রাণ হস্তান্তর
https://parstoday.ir/bn/news/bangladesh-i32966-রোহিঙ্গাদের_জন্য_মালয়েশিয়া_থেকে_আসা_ত্রাণ_হস্তান্তর
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ সাহায্য নিয়ে মালয়েশিয়া থেকে একটি জাহাজ আজ সকালে চট্রগ্রামে এসে পৌঁছেছে। মালয়েশিয়ার মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি বিদেশি ত্রাণ সংগঠনগুলো রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী এ জাহাজ পাঠিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৫:৫৮ Asia/Dhaka
  • রোহিঙ্গাদের জন্য মালেশিয়া  থেকে আসা ত্রাণ হস্তান্তর
    রোহিঙ্গাদের জন্য মালেশিয়া থেকে আসা ত্রাণ হস্তান্তর

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ সাহায্য নিয়ে মালয়েশিয়া থেকে একটি জাহাজ আজ সকালে চট্রগ্রামে এসে পৌঁছেছে। মালয়েশিয়ার মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি বিদেশি ত্রাণ সংগঠনগুলো রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী এ জাহাজ পাঠিয়েছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে মূলত খাদ্য সামগ্রীসহ  ৩৫ প্রকার নিত্য প্রয়োজনীয় উপকরণ  রয়েছে।  এর মধ্যে রয়েছে চাল,  ভোজ্য তেল, খাদ্যশষ্য, চিনি, চা , কফি, কম্বল, টুথপেষ্ট, চিকিৎসা সামগ্রী, ইত্যাদি।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রোহিঙ্গাদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করবে ।

আজ চট্রগ্রাম বন্দরে  ত্রাণ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশেকিন বিস্তি  মো: সাইফ, চট্রগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসক, নৌবাহিনীর রিয়ার এডমিরাল খোরশদে আলমসহ পররাষ্ট্রমন্ত্রণালয়, বন্দরকর্তৃপক্ষ ও কোষ্ট গার্ডের উর্ধতন  কর্মকর্তারা।

 আজ দুপুর নাগাদ বন্দরে এ ত্রাণ সামগ্রী  খালাস শুরু হয়ছে। পণ্যগুলো নামানোর পর আজ থেকেই  সড়কপথে কক্সবাজারে নেয়া হবে।

কক্সবাজারের টেকনাফে  আশ্রিত  ৫,৫০০ পরিবার ও উখিয়ায় আশ্রিত ৯,৫০০ পরিবার- মোট ১৫ হাজার পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হবে বলে জেলা প্রশাসক  জনাব আলী হোসেন  সাংবাদিকদের জানিয়েছেন।

রোহিঙ্গা মুসলমানদের জন্য খাবার ও অন্যান্য জরুরী ত্রাণ সামগ্রী নিয়ে  ‘নটিক্যাল আলিয়া’ নামের জাহাজটি গত ০৩ ফেব্রুয়ারি মালয়েশিয়া থেকে রওনা হয়ে ৯ ফেব্রুয়ারি ইয়াঙ্গুনে পৌঁছায়।  সেখানে উগ্র রাক্ষাইনরা জাহাজে ত্রাণ পাঠানোর বিরুদ্ধে বিক্ষোভ করে। এ অবস্থায় মিয়ানমারে ৫০০ টন ত্রাণ খালাস করে  বাকি ২ হাজার ২০০ টন ত্রাণ বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে নিয়ে আসে। তবে সেখানে পণ্য খালাস সম্ভব না হওয়ায় গভীর রাতে চট্টগ্রাম বন্দরে চলে আসে জাহাজটি।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৪