আওয়ামী লীগ চোরাপথে ক্ষমতায় যেতে চায়: খালেদা জিয়া
-
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী বিএনপি সমর্থক আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়া
ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘আজ্ঞাবহ’ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দিয়ে আগামী জাতীয় নির্বাচনে জয়ের পরিকল্পনা সাজিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাতে গুলশানের কার্যালয়ে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী বিএনপি সমর্থক আইনজীবীদের নিয়ে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন বেগম জিয়া।
তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি, জনগণের কল্যাণে বিশ্বাস করি, ন্যায়বিচারে বিশ্বাস করি, আমরা চাই- সুষ্ঠু নির্বাচন।। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। সব দলের অংশগ্রহণের গ্রহণযোগ্য নির্বাচন চাই। আর আওয়ামী লীগ চোরাপথে ক্ষমতায় যেতে চায়।
গত বুধ ও বৃহস্পতিবার দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ঘোষিত ফলাফলে বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেল থেকে খোরশেদ আলম সভাপতি ও আজিজুল ইসলাম খান বাচ্চু সাধারণ সম্পাদকসহ ২১টি পদে জয়ী হয়েছেন। মোট ২৭টি পদের মধ্যে কোষাধ্যক্ষসহ ৬টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সাদা প্যানেল।
এসময় বেগম জিয়া অভিযোগ করেন, উন্নয়নের নামে বৃহৎ বৃহৎ প্রকল্প করে উন্নয়ন ব্যয় বৃদ্ধি, ‘দুর্নীতি-লুটপাট, জমিদখল, টেন্ডারবাজি’ প্রভৃতি কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতাসীনরা দেশেকে অস্বস্তিকর পরিবেশের দিকে ঠেলে দিয়েছে ।
পুলিশকে দলীয়ভাবে ব্যবহারের অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসন বলেন, “পুলিশকে নির্দেশ দেয়া হয়, কীভাবে কী করবে তারা। আপনারা দেখেছেন, গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে পুলিশ কীভাবে আগুন ধরিয়ে গরিব মানুষের বাড়ি-ঘর পুড়িয়েছে। তাহলে বোঝা যায়, এই গাড়ি-ঘোড়ায় কারা আগুন দেয়? আমরা যখন আন্দোলন করেছি, তখনও কিন্তু পুলিশ দিয়ে তারা আগুন দিয়ে কিংবা বোমা মেরে দোষ আমাদের নামে চাপিয়েছে, আমাদের মিথ্যা অপবাদ দিয়েছে। কিন্তু ওই সব কাজ করেছে পুলিশ।”
গাইবান্ধায় মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় মহাজোটের শরিক জাতীয় পার্টির সাবেক সাংসদ আব্দুল কাদের খানের ‘সম্পৃক্ততার’ কথা উল্লেখ করে তিনি বলেন, “সরকারের শরিকরাই এসব করছে। তাদের শরিকদের মধ্যে এমনও আছে, যাদের ইতিহাস আছে অতীতে অনেক মানুষ খুন করার, হত্যা করার। জনগণ তাদের বিশ্বাস করে না, তারা কখনো নিজের এলাকা থেকে নির্বাচিত হতে পারে নাই। এবার আওয়ামী লীগের নৌকা নিয়ে জোর-জুলুম করে পুলিশের সাহায্য নিয়ে নির্বাচনে জিতেছে।
ঢাকা বারে নবনির্বাচিত রুহুল আমিন, কাজী আবদুল বারিক, সারওয়ার কায়সার, সৈয়দ নজরুল ইসলাম, আবদুল কালাম আযাদ ও আফানুর রহমান রহমানসহ আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া আলম, মোসলেহউদ্দিন, ইকবাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৭