জঙ্গি তৎপরতা বৃদ্ধি: পরস্পরকে দোষারোপ করছেন আ. লীগ ও বিএনপি নেতারা
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশের রাজধানী ঢাকার আশকোনায় র্যাবের ব্যারাকে আত্মঘাতী জঙ্গি হামলা ও খিলগাঁওয়ে র্যাবের তল্লাশি চৌকিতে হামলার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দেড় বছর পর দেশে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের জন্য এই ধরনের হামলা অবশ্যই অন্তরায়।’
শনিবার দুপুরে রাজধানীতে যক্ষ্মা বিষয়ক সম্মেলনের অধিবেশেনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। জঙ্গি দমনে সবাইকে এগিতে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ এভাবে উপর্যুপরি নাশকতার কবলে পড়লে আপনি-আমি কেউই নিরাপদ নই।
'বিএনপি জঙ্গিদের লালন-পালন করে'
এলজিইআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি জঙ্গিবাদের হোতা। তারাই জঙ্গিদের লালন পালন করে বলে অভিযোগ করেছেন।
আজ দুপুরে মাদারীপুরের রাজৈর চত্বরে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তাতেই বিএনপির গাত্রদাহ শুরু হইছে। এতেই প্রমাণ করে বিএনপি জঙ্গিবাদের হোতা। তারাই জঙ্গিদের লালন পালন করে।
'জঙ্গিবাদকে জিইয়ে রেখেছে সরকার'
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সরকার জঙ্গিবাদকে জিইয়ে রেখেছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে তিনি বলেন, জঙ্গিবাদ দমনে সরকার আন্তরিক নন। কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে রাজী নন। তাই কিছুদিন পরপর জঙ্গিবাদ ইস্যু সৃষ্টি করে এবং তা দমনের নামে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে চায়, এই বলে যে, আমরা জঙ্গিবাদ নির্মূলে কাজ করছি।
এ সময় তিনি জঙ্গিবাদকে দানবীয় শক্তি আখ্যায়িত করে এটা দমনে জাতীয় ঐক্যের আহ্বান জানান।
' সরকারের পদক্ষেপে মানুষের বিশ্বাস নেই'
অপরদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার নিজেদের বৈধতা পাওয়ার জন্য জঙ্গিবাদকে ব্যবহার করছে। জঙ্গি দমনে সরকারের পদক্ষেপে মানুষের বিশ্বাস নেই। কয়েকদিন ধরে জঙ্গি হামলার যে ঘটনাগুলো ঘটছে এবং সরকারের যে অ্যাকশন এসবের ওপর জনগণের বিশ্বাস নেই।
শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী সমাজকল্যাণ দলের এক অনুষ্ঠানে আমীর খসরু বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে হেলাফেলা করবেন না। এখানে জাতীয় ঐক্যের বিষয় জড়িত। বিশ্বাসযোগ্যতার বিষয় আছে। বিরোধীদল বা ভিন্নমত দমনে এটাকে ব্যবহারের যে তৎপরতা চলছে এইভাবে জঙ্গিবাদ দমন করা যাবে না।’
শুক্রবার দুপুরে রাজধানী উত্তরার আশকোনায় প্রস্তাবিত র্যাব সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় এক সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার পর সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮