রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হবে: ঢাকায় ওআইসি মহাসচিব
-
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওআইসি মহাসচিব
বাংলাদেশ সফররত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওসাইমিন বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের মৌলিক মানবাধিকার লংঘিত হচ্ছে। এ বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে যাতে করে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে পারে।
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওআইসি মহাসচিব বলেন, রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকার লংঘিত হচ্ছে। তারা বাঁচার জন্য সংগ্রাম করছে। বাংলাদেশ সরকার আশ্রয় দিচ্ছে। তাদেরকে সাহায্য করছে। ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বাংলাদেশকে এক লাখ ডলার প্রদানের প্রতিশ্রুতি দেন।
ওআইসি মহাসচিব পরে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের নবনির্মিত ‘হালাল ডায়াগনস্টিক ল্যাবরেটরী’ উদ্বোধন করেন। বিভিন্ন ভোগ্যপণ্যের হালাল অবস্থান নিরূপণের জন্য হালাল সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এই হালাল ল্যাবরেটরী প্রতিষ্ঠা করেন।
এরআগে ওআইসি মহাসচিব শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সকাল সাড়ে ১১ টার দিকে বিমান যোগে কক্সবাজার এসে তিনি দুপুর সাড়ে ১২ টায় উখিয়ায় কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে যান। এরপর তিনি অনিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন।
উখিয়া ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার বর্ণনা শুনে দুঃখ প্রকাশ করেন ওআইসি মহাসচিব। এই সময় মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাসস্থান, চিকিৎসা ও খাবার সামগ্রী ব্যবস্থা করায় বাংলাদেশকে ধন্যবাদ জানান ড. ইউসুফ বিন আহমদ আল-ওসাইমিন।
ওআইসিভুক্ত রাষ্ট্রসহ বিশ্বের সকল দেশকে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করার আহ্বান জানান ওআইসি মহাসচিব। যেসব দেশ রোহিঙ্গা সমস্যার কথা এখনো জানে না তাদেরকে বাংলাদেশে এসে তাদের সঙ্গে কথা বলার আহ্বানও জানান তিনি।
কুতুপালং ক্যাম্পে পৌঁছে ওআইসি মহাসচিব আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে মিয়ানমারে নির্যাতনের শিকার ১৭ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। এরপর তিনি জেলা প্রশাসনসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।#
পার্সটুডে/এআর/৫