সাড়ে ৮ বছরে সাড়ে ৮ মিনিটও রাস্তায় থাকতে পারেনি বিএনপি: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i43522-সাড়ে_৮_বছরে_সাড়ে_৮_মিনিটও_রাস্তায়_থাকতে_পারেনি_বিএনপি_কাদের
বিএনপিকে ব্যর্থ দল হিসেবে অভিহিত করে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের পদে থাকার কোনো অধিকার নেই। গত সাড়ে আট বছরে তারা সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারেনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ০৭:২৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের (ফাইল ছবি)
    ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বিএনপিকে ব্যর্থ দল হিসেবে অভিহিত করে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের পদে থাকার কোনো অধিকার নেই। গত সাড়ে আট বছরে তারা সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারেনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীতে আজ (শনিবার) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের বক্তব্য শুধু সংবাদ সম্মেলনে সীমাবদ্ধ। দলীয় কর্মসূচি নেতাকর্মীদের কোন্দলে পণ্ড হয়। তারা তাদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই ব্যর্থতার দায় নিয়ে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, জনগণ বিএনপির কাছে কিছুই প্রত্যাশা করে না। তাই আগামীতেও তাদের প্রত্যাখ্যান করবে।

এর আগে গতকাল রাজধানীর বাংলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেছেন, ‘আট বছরে আট মিনিটের জন্যও রাজপথে যারা উত্তাপ আনতে পারেনি সেই বিএনপি আমাদের পদত্যাগ করতে বলে। বরং ব্যর্থতা নিয়ে তাদের টপ-টু-বটম পদত্যাগ করা উচিত।’

গতকাল শুক্রবার সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায়টিকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এই রায়ের পর বর্তমান সরকারের আর ক্ষমতায় থাকা উচিত নয়।

এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পদত্যাগের কথা বলেন। ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় সরকার হলো শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন।’#

পার্সটুডে/এআর/৫