‘আমরা আবার দুঃসময়ে পতিত হয়েছি, অপশক্তিকে প্রতিরোধ করতে হবে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i43954-আমরা_আবার_দুঃসময়ে_পতিত_হয়েছি_অপশক্তিকে_প্রতিরোধ_করতে_হবে’
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা আবার দুঃসময়ে পতিত হয়েছি। আমরা চক্রান্তের মুখে পড়েছি। বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার অর্জনকে পণ্ড করার জন্য একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে।’
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ১৮:৪৭ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা আবার দুঃসময়ে পতিত হয়েছি। আমরা চক্রান্তের মুখে পড়েছি। বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার অর্জনকে পণ্ড করার জন্য একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে।’

আজ (শুক্রবার) বিকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তারা জনগণকে পাশে না পেয়ে আবার গর্তে ঢুকে যায়। তারা ইস্যুর পর ইস্যু খোঁজে, কিন্তু তাদের সবই ইস্যুই মাঠে মারা যায়। শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এদের রাজনীতি পথে সংকটের দীর্ঘ ছায়া ফেলে।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিএনপি সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে মনে হয় ক্ষমতার সিংহ দরজার কাছাকাছি চলে এসেছে। তারা আবার গর্ত থেকে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই আজ আমাদের প্রস্তুত থাকতে হবে। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে এদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ অপশক্তিকে প্রতিরোধ করতে আমাদের মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির শাসনামল মানেই হলো লাশের সারি। লুটপাটের হাওয়া ভবনের অপর নাম হচ্ছে বিএনপি। তারা আবার ক্ষমতায় এলে দেশ ভয়ঙ্কর অমানিশায় পতিত হবে।’

শোক দিবসের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগস্ট মাসে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি। শোক পালন করি, চোখের পানি ফেলি। আমাদের আজ মনে রাখতে হবে— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ কোনও শোকের নাম নয়; তিনি আজ চেতনার নাম, এক শক্তির নাম। এ দিনে আমরা শপথ নেবো, বঙ্গবন্ধুর চেতনায় মানুষের মতো মানুষ হব। তার মতো কর্মী হবো, কর্মী থেকে নেতা হব। লড়াই করব, সংগ্রাম করব। ভোগ করব না, ত্যাগ করব।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য শেখ ফজলে নুর তাপস প্রমুখ।#

পার্সটুডে/এআর/১১