‘আমরা আবার দুঃসময়ে পতিত হয়েছি, অপশক্তিকে প্রতিরোধ করতে হবে’
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা আবার দুঃসময়ে পতিত হয়েছি। আমরা চক্রান্তের মুখে পড়েছি। বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার অর্জনকে পণ্ড করার জন্য একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে।’
আজ (শুক্রবার) বিকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তারা জনগণকে পাশে না পেয়ে আবার গর্তে ঢুকে যায়। তারা ইস্যুর পর ইস্যু খোঁজে, কিন্তু তাদের সবই ইস্যুই মাঠে মারা যায়। শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এদের রাজনীতি পথে সংকটের দীর্ঘ ছায়া ফেলে।’
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিএনপি সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে মনে হয় ক্ষমতার সিংহ দরজার কাছাকাছি চলে এসেছে। তারা আবার গর্ত থেকে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই আজ আমাদের প্রস্তুত থাকতে হবে। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে এদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ অপশক্তিকে প্রতিরোধ করতে আমাদের মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির শাসনামল মানেই হলো লাশের সারি। লুটপাটের হাওয়া ভবনের অপর নাম হচ্ছে বিএনপি। তারা আবার ক্ষমতায় এলে দেশ ভয়ঙ্কর অমানিশায় পতিত হবে।’