গুজব-গুঞ্জনে বাংলাদেশের বাতাস এখন ভারী: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i44706-গুজব_গুঞ্জনে_বাংলাদেশের_বাতাস_এখন_ভারী_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘অসুস্থ বানিয়ে’ তার পদ থেকে সরানোর গুজব ছড়াচ্ছে বিএনপি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৩, ২০১৭ ২১:১৪ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘অসুস্থ বানিয়ে’ তার পদ থেকে সরানোর গুজব ছড়াচ্ছে বিএনপি।

বুধবার রাতে শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির উদ্যোগে শোক দিবস উপলক্ষে ‘তুমি আছো বাংলার হৃদয় জুড়ে' শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ এখন গুজব-গুঞ্জনের কারখানা। গুজব-গুঞ্জনে বাংলাদেশের বাতাস এখন ভারী। সর্বশেষ গুজব হলো প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে সরিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। এটা স্রেফ গুজব, স্রেফ গুঞ্জন। এর প্রোডিউসার (উৎপাদক), ডিরেক্টর (পরিচালক) এবং ডিস্ট্রিবিউটর (বিপণনকারী) বিএনপি। এসব বিএনপি ম্যানুফ্যাকচারড (উৎপাদিত) গুজব।

একইদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাপ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “প্রধান বিচারপতিকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে তাঁকে আর রাখা যাবে না বলে কোনো উদ্যোগ আওয়ামী লীগ গ্রহণ করে কি না, সেই আলোচনা হচ্ছে।”

ন্যাপের আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

এ কথার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দিশেহারা হয়ে আবোল-তাবোল বকছে। গুজবের পর গুজব ছড়াচ্ছে। এসব বেরুচ্ছে বিএনপি ম্যানুফেকশ্চারিং কারখানা থেকে। এই গুজবের সঙ্গে আওয়ামী লীগের চিন্তার কোনো মিল নেই। আওয়ামী লীগ বিএনপি নয়, আমরা ষড়যন্ত্র চক্রান্ত করি না, চক্রান্তের শিকার হই।

ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ ঘোষণা নিয়ে বিএনপি নিরবতা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, "বিএনপি মেনেই নিয়েছে তখনকার মেজর জিয়ার ক্ষমতা দখল অবৈধ, তাই তারা সংশোধনীর পর্যবেক্ষণে কোথায় কোথায় আওয়ামী লীগের দুর্বলতা আছে সেটাকে ইস্যু বানিয়ে রাজনীতি করছে।

আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি কাজী রোজি, পান্না কায়সার, পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪