ষোড়শ সংশোধনীকে ঘিরে বিএনপির স্বপ্ন ভণ্ডুল হয়েছে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i44744-ষোড়শ_সংশোধনীকে_ঘিরে_বিএনপির_স্বপ্ন_ভণ্ডুল_হয়েছে_ওবায়দুল_কাদের
বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ঘিরে বিএনপির স্বপ্ন ভণ্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্যর্থ হয়ে দলটি এখন আবোল-তাবোল বকছে বলেও মন্তব্য করেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২৪, ২০১৭ ১৩:২৫ Asia/Dhaka
  • আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ঘিরে বিএনপির স্বপ্ন ভণ্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্যর্থ হয়ে দলটি এখন আবোল-তাবোল বকছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর বনানী কবরস্থানে মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি।

২০০৪ সালের ২১ আগস্টের শান্তি সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তৃতার সময় আকস্মিক গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন আইভি রহমান। পরে, চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন। এ হামলার ঘটনায় আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী নিহত হন। এছাড়া এই হামলায় আরো ৪০০ জন আহত হয়।

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা ও ২১ আগস্ট  গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মতো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় এ সরকারের আমলেই হবে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

এদিকে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে দেশের বিরুদ্ধে যে কথা বলা হয়েছে, তা প্রত্যাহার না করলে দেশের মানুষ এগিয়ে আসবে।

আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব মহিলা লীগের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতিকে উদ্দেশ করে শিল্পমন্ত্রী বলেন, সংসদের বিরুদ্ধে কথা বলার আগে আপনার ভাবা উচিত ছিল, এই সংসদের মাধ্যমেই আপনার নিয়োগ। এই সংসদের রাষ্ট্রপতিই আপনাকে নিয়োগ দিয়েছেন। আজকে সেদিকে চিন্তা রেখে ভবিষ্যতে কথা বলবেন।

তিনি আরও বলেন, আজকে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যারা মাঠে নেমেছে, আপনি ইতিমধ্যে নিশ্চয়ই তাদের চিনতে পেরেছেন। তারা আপনার বন্ধু নয়, শত্রু।

শিল্পমন্ত্রী আরও বলেন, আজকে চিফ জাস্টিস যে পাকিস্তানপ্রেম দেখান, তা তো দেখাবেনই। কারণ, এরা পাকিস্তানি দালাল। এরা পাকিস্তানি চিন্তার সমর্থন করে, এরা পাকিস্তানি চিন্তার মানুষদের নিয়ে জোট গঠন করে। সুতরাং এদের বক্তব্যে আমরা আশ্চর্য হই না।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৪