বিএনপির মুখে গুম-খুনের কথা মানায় না: ওবায়দুল কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির মুখে গুম-খুনের কথা মানায় না। তাদের ইতিহাস ঘাটতে বেশি দূর যেতে হবে না। ২০০১ সালে তারা যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের শত শত নেতাকর্মী হত্যা করেছে। তাদের ফিরিয়ে দিতে পারবে। কাজেই কেঁচো খুঁড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে আসবে।‘
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আপনি গুম-খুনের কথা বলছেন। আপনি ব্যবসায়ী জামাল উদ্দিনকে ফিরিয়ে দিতে দিন, আমাদের আহসান উল্লাহ মাস্টারকে ফিরিয়ে দিন, আইভি রহমানকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবেন?’
গতকাল এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশকে গুম, খুন, অপহরণ, গুপ্তহত্যার লীলাভূমিতে পরিণত করেছে বর্তমান গণবিরোধী সরকার। অন্ধ, বন্ধ্যা দুঃশাসনের অচলায়তনে দেশকে বন্দি করে রেখেছে তারা। এরা বছরের পর বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যার শিকারে পরিণত করে গুমের হিড়িক বজায় রেখেছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার উচ্চাভিলাষ চরিতার্থ করতেই এরা দেশকে বিরোধী দলশূন্য করার মহাযজ্ঞে মেতে উঠেছে। সারাদেশে লুটপাটের কর্মসূচি শেষ না করা পর্যন্ত ক্ষমতাসীনরা গুম-খুনের নারকীয় উল্লাসে মেতে থাকবে। বাংলাদেশে চলছে এখন অন্তহীন শোক মিছিল।’
বিবৃতিতে তিনি কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের নিখোঁজ হওয়ার নিন্দা জানিয়ে বলেন, ‘দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তাঁর আর বাড়ি ফেরা হলো না। ওঁত পেতে থাকা গুপ্তবাহিনী তাঁকে কোথায় উঠিয়ে নিয়ে গেছে তা কেউ জানে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-রাষ্ট্রক্ষমতা জবর দখলকারীরাই কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুম করেছে।’
পার্সটুডে/এআর/৩১