নাফ নদীতে নৌকাডুবি, আরও ৬ রোহিঙ্গা শিশু-নারীর সলিল সমাধি
https://parstoday.ir/bn/news/bangladesh-i45737-নাফ_নদীতে_নৌকাডুবি_আরও_৬_রোহিঙ্গা_শিশু_নারীর_সলিল_সমাধি
মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও ছয় রোহিঙ্গা মারা গেছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৭:০১ Asia/Dhaka
  • রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা বাংলাদেশে প্রবেশ করছে
    রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা বাংলাদেশে প্রবেশ করছে

মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও ছয় রোহিঙ্গা মারা গেছে। 

মঙ্গলবার রাত ও আজ (বুধবার) সকালে কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীর নাজির পাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় গতরাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ (বুধবার) সকাল ৭টার দিকে পুলিশ চারটি মৃতদেহ উদ্ধার করেছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য ১১ জন নিখোঁজ ছিল। রাতে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক ওঠায় নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে বেঁচে যাওয়া রোহিঙ্গারা জানান।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে গণহত্যা শুরুর পর প্রতিদিনই হাজার রোহিঙ্গা বিপদসংকুল নদী ও সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠায় সময় নৌকা ডুবে এখন পর্যন্ত ৯৯ জনের সলিল সমাধি ঘটেছে। এর মধ্যে নারী ও শিশুই মৃতদেহই বেশি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩